আলোয় ঘুমালে ক্যানসারের ওষুধের কার্যক্ষমতা কমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুমের সময় ঘর একেবারে অন্ধকার না হলে স্তন ক্যানসারের ওষুধের কার্যক্ষমতা কমে যায় বলে দাবি করেছেন গবেষকেরা। ছবিটি প্রতীকী।
ঘুমের সময় ঘর একেবারে অন্ধকার না হলে স্তন ক্যানসারের ওষুধের কার্যক্ষমতা কমে যায় বলে দাবি করেছেন গবেষকেরা। ছবিটি প্রতীকী।

মৃদু আলোর বাতি জ্বালিয়ে ঘুমানোর অভ্যাস অনেকেরই আছে। একেবারে ঘুটঘুটে অন্ধকারে ঘুমাতে অস্বস্তি লাগে কারও কারও। কেউ আবার বই পড়তে পড়তে কিংবা স্মার্টফোনে অনলাইনের অলিগলিতে চোখ বুলিয়ে ঘুমাতে যেতে অভ্যস্ত। তবে ঘুমের সময় ঘর একেবারে অন্ধকার না হলে স্তন ক্যানসারের ওষুধের কার্যক্ষমতা কমে যায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ক্যানসার রিসার্চ সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, ঘুমের সময় মৃদু আলো স্তন ক্যানসারের জনপ্রিয় ওষুধ ট্যামোক্সিফেনের কাজে বাধা দেয়। ঘুম নিয়ন্ত্রণকারী হরমোন ম্যালাটোনিনের পর্যাপ্ত উপস্থিতি ছাড়া ক্যানসারের এই ওষুধের কার্যক্ষমতা কমে যায়। এই ম্যালাটোনিন সাধারণত সন্ধ্যার পর থেকে কাজ করতে শুরু করে এবং রাত বাড়তে থাকার সঙ্গে সঙ্গে এই হরমোনের নিঃসরণ বাড়ে।

আলোর উপস্থিতি বেশি থাকলে ঘুমে সহায়ক এই হরমোন নিঃসরণ কম হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, রাতের বেলায় হালকা আলোতেও শরীরে সারকাডিয়ান ক্লক বা দেহ-ঘড়ির কার্যক্রমে সমস্যা দেখা দেয়। বিশেষত টিভি বা কম্পিউটারের মনিটর বা মোবাইল ফোনের উজ্জ্বল নীল আলো এসব ক্ষেত্রে বেশি ক্ষতিকর।


যুক্তরাষ্ট্রের টিউলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের বিশেষজ্ঞরা মানুষের শরীরে ট্যামোক্সিফেনের কার্যক্রমের ওপর এই গবেষণা চালান। গবেষণায় ঘুমের সঙ্গে সংশ্লিষ্ট হরমোন ম্যালাটোনিন এবং ক্যানসারের ওষুধ ট্যামোক্সিফেনের এই সম্পর্ক ধরা পড়ে। তবে বিষয়টি মানুষের শরীরে নয় বরং পরীক্ষা করা হয়েছে ইঁদুরের ওপরে। ফলে এখনই এ বিষয়ে চূড়ান্ত কিছু বলতে পারছেন না গবেষকেরা।


ইঁদুরের শরীরে ট্যামোক্সিফেনের কার্যক্রমের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, পুরোপুরি অন্ধকার ঘরে প্রাণীটির শরীরের ম্যালাটোনিনের মাত্রা স্বাভাবিক থাকে এবং ক্যানসারের ওষুধ ট্যামোক্সিফেন ঠিকঠাক কাজ করছে। আর সামান্য আলোতে দেখা গেছে উল্টো চিত্র।


গবেষক দলের সদস্য স্টিভেন হিল বিবিসিকে বলেন, ‘যারা ক্যানসারে আক্রান্ত এবং ট্যামোক্সিফেন-জাতীয় ওষুধ খাচ্ছেন তাদের ম্যালাটোনিন সেবন করতে বলছি না (ঘুমে সহায়ক ওষুধ হিসেবে ম্যালাটোনিন বাজারে পাওয়া যায়)। কারণ আমাদের হাতে এখনো ওই রকম কোনো তথ্য-উপাত্ত নেই। কিন্তু সবাইকে অন্ধকার ঘরে ঘুমানোর পরামর্শ দিচ্ছি। প্রয়োজনে চোখের ওপর পট্টি বেঁধেও ঘুমাতে পারেন। কারণ ঘুমানোর আগেই সাধারণত ট্যামোক্সিফেন ওষুধ খাওয়া হয় আর ম্যালাটোনিন যে ট্যামোক্সিফেনের কাজে ভূমিকা রাখে সেটি প্রমাণিত।’


এর আগে অনেক গবেষণায়ই দেখা গেছে, ম্যালাটোনিন ক্যানসার রোগের উন্নত চিকিত্সায় সাহায্য করতে পারে। এ হরমোনটি ক্যানসার সেলগুলোকে নিষ্ক্রিয় করতেও সাহায্য করে। খুব শিগগির এ বিষয়ে গবেষণা চালানো হবে এবং স্তন ক্যানসার রোধে এটি ভূমিকা রাখবে বলেই বিশ্বাস করেন গবেষক স্টিভেন হিল।