আলোয় ভুবন ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যৈষ্ঠের খররোদ পাশে ফেলে এদিক-ওদিক ছুটছেন সবাই। উৎসবের আমেজ সবখানে। নানামুখী ব্যস্ততা। কেউ অনুষ্ঠান আয়োজন নিয়ে, কেউ নিজেদের প্রস্তুতি নিয়ে। এরই মধ্যে দু-চারজনের খণ্ড আড্ডাও জমেছে বেশ। আবার কেউ মুঠোফোনে কান পেতে আছেন সবাইকে আড়াল করে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে চলছে তারুণ্য উৎসব। এটি তারই চিত্র। ১২-১৪ মে চুয়েটসহ ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল চুয়েট ক্যাম্পাসে।চট্টগ্রাম শহর থেকে প্রায় ২৭ মাইল দূরের এই ক্যাম্পাস তাই ছুটির দিনেও ছিল সরব। চারপাশে অফুরন্ত সবুজে ঘেরা ক্যাম্পাস মাতিয়ে রাখে তরুণের দল। চুয়েট মিলনায়তনের সামনে বসে আছেন একদল শিক্ষার্থী। উৎসবের দ্বিতীয় দিন। ভেতরে চলছে প্রকল্প প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন চুয়েটের তড়িৎ কৌশল বিভাগের প্রধান পরিতোষ কুমার সাধু খান।কথা হয় চুয়েট মেকানিক্যাল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বনির সঙ্গে। পুরো নাম বনিয়াতুল মুছাইয়াদা। বললেন, ‘আমি এবারই প্রথম উৎসব উপভোগের সুযোগ পেলাম। অসম্ভব ভালো লাগছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা আর উৎসবের নানা আয়োজন নিয়ে ব্যস্ততায় কাটছে সময়। সকাল নয়টা থেকে রাত ১২টা—টানা ছোটাছুটি চলছে।’নীলফামারীর মেয়ে বনি ছোটবেলা থেকেই নাচ-গানের সঙ্গে যুক্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসংগীতের সঙ্গে নাচ করেন তিনি।বুয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুবরামী মৌটুসী প্রকল্প নিয়ে এসেছেন ঢাকা থেকে। তিনি বলেন, ‘চুয়েট ক্যাম্পাসটি চমৎকার। চারপাশে সবুজ জড়িয়ে আছে। বেশ নিরিবিলি পরিবেশ।’‘বেজে ওঠো ফড়িংয়ের রঙে, দোয়েলের জীবনে...দুর্জয় তারুণ্যে দুর্নীতি প্রতিরোধে’ স্লোগানে ১২ মে বৃহস্পতিবার থেকে শুরু হয় ‘টিআইবি-প্রথম আলো তারুণ্য উৎসব’। তিন দিনের এই উৎসবের উদ্বোধন করেন চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য সাইফুল ইসলাম। এর আয়োজন করে চুয়েট ডিবেটিং সোসাইটি (ডিএস)।উৎসবে ছিল দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, প্রকল্প প্রদর্শনী, আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী প্রভৃতি।যুক্তির লড়াইচারদিকে ছোট-বড় অনেক পাহাড় আর সবুজের সমারোহ। পাহাড় আর সবুজের পাশেই একটি মুক্তমঞ্চে বসেছে সংসদ অধিবেশন। সংসদীয় আলোচনার বিষয় ‘দুর্নীতি কীভাবে রোধ করা যায়’। দুই দলের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সাংসদেরা আলোচনা করেন যুক্তি ও জ্ঞানের তীব্রতা দিয়ে। এভাবেই একসময় স্পিকার এ সংসদীয় বিতর্কের সমাপনী ঘোষণা করেন। এটি আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের দৃশ্য।এতে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাড়াও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসা ১২টি বিশ্ববিদ্যালয়ের ১৬টি দল অংশগ্রহণ করে।প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুডো এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চুয়েট-স্বরবর্ণ দল। চাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুডো দল। সরকারি দল হিসেবে সংসদে জাফর সাদিক, ইজাজুর রহমান ও জাকারিয়া পলাশ বিতর্ক করেন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিরোধী দলের তন্ময় চৌধুরী।বিজয়ী দলের প্রধানমন্ত্রী এবং নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাফর সাদিক বলেন, ‘ঢাকার বাইরে এটা আমার প্রথম চ্যাম্পিয়ন ট্রফি। আর তাই চ্যাম্পিয়ন হওয়ায় আমি অনেক খুশি।’বিজয়ী দলের অপর সদস্য সরকার ও রাজনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইজাজুর রহমান বলেন, এ জয়টা একটা অসাধারণ মুহূর্ত। আর এ জয়ের পেছনে দলের ঐক্য অনেক বেশি কাজ করেছে।দল হারলেও চুয়েটের চতুর্থ বর্ষের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী তন্ময় চৌধুরী শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, ‘চার বছরের বিশ্ববিদ্যালয়জীবনে এটা ছিল আমার শেষ বিতর্ক। দল জিতলে অনেক ভালো লাগত।’স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতাপ্রতিযোগিতায় চুয়েট, বুয়েট, কুয়েটসহ ১০টি বিশ্ববিদ্যালয়ের নির্মিত ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয় উৎসবে। উৎসবের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। এতে প্রথম হয় বুয়েটের নির্মিত তিরোধান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিপ্রেক্ষিত এবং তৃতীয় বুয়েটের ডেথ নোট।প্রকল্প প্রদর্শনীপ্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতায় সাতটি বিশ্ববিদ্যালয়ের ২২টি উদ্ভাবনী প্রকল্প ছিল। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো: বুয়েট, চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এআইইউবি), সাউদার্ন বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)।প্রতিযোগিতায় সফটওয়্যার বিভাগে ‘লোকাল বেসড ইনফরমেশন’ প্রকল্পটির জন্য প্রথম হয় বুয়েট এবং ‘ভয়েস কন্ট্রোল্ড রোবোটিক আর্ম’ প্রকল্পটির জন্য দ্বিতীয় হয় চুয়েট। হার্ডওয়্যার বিভাগে প্রথম হয় ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), দ্বিতীয় হয় সাউদার্ন বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় হয় চুয়েট।বৈঠকসমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, সচেতন নাগরিক কমিটির সদস্য মুশতারী শফি, টিআইবির নির্বাহী কর্মকর্তা ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য সাইফুল ইসলাম।চুয়েট সম্মেলনকক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন টিআইবির নির্বাহী কর্মকর্তা ইফতেখারুজ্জামান। বিষয় ছিল, ‘বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্রসংগঠনগুলোর একসঙ্গে কাজ করার প্রতিবন্ধকতা এবং তা উত্তরণের উপায়’। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোর সদস্যরা অংশ নেন।পরে চুয়েটসহ ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল নাচ, গান, মূকাভিনয়, আবৃত্তি, নাটক ও কনসার্ট।