আলোয় রাঙা দিনগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওই মুহূর্তে অনেকেই হাসছিল, বিশেষ করে যারা ফরম পূরণ করার সময় একই ভুল করেছিল। চারদিকে তাড়াহুড়ো। এর মধ্যেই বারবার একই ভুল হচ্ছে। ইমিগ্রেশন ফরমে বাংলাদেশি কিছু ছাত্রছাত্রী ভুল করে বিদেশিদের জন্য বরাদ্দ করা স্থানে তথ্য লিখে ফেলেছে। ফলাফল, একই কাজ আবার করো।অক্টোবরের ১৫ তারিখ। ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সেদিন এ দলটি আশপাশের সবারই মনোযোগ আকর্ষণ করছিল। সদস্যসংখ্যা ২৬ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের রিজিওনাল মাস্টার্স ইন জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ২৬ জন ছাত্রছাত্রীর সঙ্গে রয়েছেন তাঁদের কয়েকজন শিক্ষক। গন্তব্য নেপাল। উদ্দেশ্য স্নাতকোত্তর পর্যায়ের গবেষণা প্রকল্প উপস্থাপন এবং আলোচনাবিষয়ক সম্মেলনে অংশগ্রহণ করা।নেপালের কাঠমান্ডুতে চোখের পলকে ছয়টি দিন কেটে গেল। প্রথম তিন দিন প্রেজেন্টেশন নিয়ে দৌড়ের ওপর ছিলাম সবাই। প্রতিদিন ভোর পাঁচটায় ওঠা, তৈরি হওয়া, তাড়াহুড়ো করে নাশতা খাওয়া, এরপর সম্মেলন স্থানের উদ্দেশে রওনা দেওয়া। দুপুরে সম্মেলন শেষ করে এসে নিজেদের মাঝে আড্ডা হই-হুল্লোড়। সন্ধ্যা থেকেই সব নিশ্চুপ। গবেষণা প্রকল্পের ওপর সবাই হুমড়ি খেয়ে পড়ে কাজ করছে। তখন আমাদের দেখলে কে বলবে ছাত্রছাত্রীর একটি বিশাল দল এই হোটেলে আছে। বাংলাদেশের পাশাপাশি নেপাল ও নিকারাগুয়ার উড়ুগুয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই কনফারেন্সে অংশ নেন। পরের তিন দিন গেল শ্রেণীকক্ষে অধ্যয়ন করে। কলেজ অব জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন বিশ্ববিদ্যালয়ের অধীনে নেপালের ইতিহাস এবং মিডিয়ার অবস্থানের পুরো ছবি চমৎকারভাবে তুলে ধরেছিলেন দিপাক জাং হামাল।নেপালে আমাদের পরের ছয়টা দিন শুধুই আনন্দ আর ঘুরে বেড়ানোর প্রকল্প। পুরো বিষয়টিতেই সাহায্য করেছে রিজিওনাল মাস্টার্সে পড়া আমাদের নেপালি বন্ধুরা। বিশেষ করে প্রকাশ কেসি, সতীশ কৈরালা ও সুনিতা নেমাফুকি।প্রথম দেখাতেই মুগ্ধ করল ভক্তপুরের ঐতিহাসিক স্থাপত্য ও নিদর্শন। ভক্তপুরকে ডানা হয় ভক্তদের শহর, সংস্কৃতির শহর প্রভৃতি নামে। তথ্য অনুযায়ী এটা কাঠমান্ডুর তিনটি রাজকীয় শহরের মধ্যে একটি। দেখার কোনো শেষ নেই। শুধুই শুরু। চারদিকে অপূর্ব কারুকাজ আর মনভোলানো প্রাচীন স্থাপত্য। শুরু হলো আমাদের মধ্যে ছবি তোলার হিড়িক। কোনটা রেখে কোনটার সামনে দাঁড়াব। যেখানেই ক্যামেরা তাক করা হচ্ছে, সেখানেই সবাই দল বেঁধে দাঁড়িয়ে যাচ্ছি। এর মাঝেই সন্ধ্যা নেমে এল। প্রথম দিনের বেড়ানো আপাতত এখানেই স্থগিত করা হলো।বাংলাদেশি ছাত্রছাত্রীদের প্রত্যেকের দেখার মতো অবস্থা! কেউ দম নিতে পারছে না। ৩৬০টি সিঁড়ি বেয়ে ওঠার পর দাঁড়ানোর মতো অবস্থা কারোরই নেই। অবস্থান শম্ভুনাথ মন্দির। উচ্চতা চার হাজার ৫০০ ফুটের ওপরে। নেপালি বন্ধুদের দেখে এখন রীতিমতো হিংসাই হচ্ছে। তারা ওপরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। তবে ওপরে ওঠার পর সব কষ্ট দূর হয়ে গেল। রাতের অন্ধকারে পুরো কাঠমান্ডু শহর দেখা যাচ্ছে। ছড়িয়ে-ছিটিয়ে থাকা আলোর চমৎকার খেলা মন কেড়ে নেয়। পুরো পরিবেশ পূর্ণতা পেল যখন সঙ্গে যুক্ত হলো নাজমা সুলতানা লিলি আর সুবর্ণা মোস্তফার কণ্ঠের রবীন্দ্রসংগীত।রিভার রাফটিং। খরস্রোতা নদীর ওপরে নৌকা বাওয়া। এত দিন শুধু ছবিতে দেখে আসা। আজ নিজেরাই করব। ভয়ের থেকে উত্তেজনায় লাফাচ্ছি সবাই। দু-একজনের মুখে অবশ্য হাসি নেই। তবে তারা মজাটা থেকে নিজেকে বঞ্চিতও করতে চাচ্ছে না। ত্রিশূল নদীর ২৭ কিলোমিটার আরএমপি বিভাগের ২৬ জন আনন্দে, উত্তেজনায় উল্লাস করতে করতে পার হলাম। নদীর দুই পাশের মনোমুগ্ধকর দৃশ্য ঢেউ নিয়ে দুশ্চিন্তা করার সুযোগই দিল না।পোখারায় পৌঁছালাম রাতের বেলায়। প্রত্যেকেই বিধ্বস্ত। তবে সব ক্লান্তি দূর করে দিল ভোরে সারাংকোট থেকে দেখা অন্নপূর্ণার দৃশ্য। ভোরের প্রথম আলো অন্নপূর্ণার চূড়ায় প্রতিফলিত হওয়ার দৃশ্যটি অতুলনীয়। এ এক অদ্ভুত সৌন্দর্য, যা ভাষায় প্রকাশ করা যায় না। শুধুই অনুভব করা যায়। তবে জীবনের অন্যতম অভিজ্ঞতা নেওয়া হলো প্যারাগ্লাইডিং করার মাধ্যমে। প্যারাসুটের মাধ্যমে আকাশে ওড়া। অনভিজ্ঞদের জন্য পেছনে অবশ্যই একজন করে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি থাকবেন। বাতাসের চাপের কারণে কারও কারও মাথা ঘুরেছে ওপরে থাকতেই। বাকিরা আকাশের বিস্তীর্ণ নীলের সঙ্গে একাকার হয়ে যাওয়ার আনন্দ পেয়েছেন পুরোদমেই। পোখারায় বাকি মজাটুকু নেওয়া হলো বাদুড়ের অন্ধকার গুহায় তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে, ডেভিস ফলের ঝরনা দেখে এবং ফেওয়া লেকে বোট চালিয়ে। পোখারার পরের যাত্রাস্থল ছিল চিতওয়ান। সেখানে সময় কেটেছে হাতির পিঠে চড়ে বনের সৌন্দর্য দেখার মধ্য দিয়ে। কাঠমান্ডুতে শেষের দিনটি কাটল থামেলে কেনাকাটা করে। দোকানিদের আতিথেয়তা দেখে মুগ্ধ হতে হয়। বাংলাদেশ থেকে এসেছি শুনলেই শুভেচ্ছা জানাচ্ছিল। আমরাও ইচ্ছেমতো দাম কমানোর জন্য বায়না করছিলাম। নেপালে ১২টি দিন চোখের পলকে চলে গিয়েছে। দেশে ফিরেও আমাদের মন কটা দিনের জন্য ওখানেই আটকে ছিল। [email protected]