আল্লায় সুখী রাখছে আমারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার থানার কাছে বংশী নদীতে নৌকাভ্রমণের লোভ এড়ানো গেল না। তখন সন্ধ্যা। ঈদের পরপরই রাস্তাঘাট ফাঁকা। ঢাকা থেকে সোজা চলে যাওয়া গেল সাভারে। নদীর জলে চাঁদের আলো অদ্ভুত রহস্যময়তা তৈরি করে। জলের সঙ্গে সঙ্গে কাঁপে চাঁদ, কাঁপে তারা। একটু একটু শীত লাগে।নৌকা থেকে নেমে আমরা হাঁটতে থাকি। ঢাকার ফুটপাতে হাঁটার বিড়ম্বনার কথা ভুলে যেতে হয়। যে যেমন খুশি আয়েশের সঙ্গে হাঁটতে পারে এখানে। আর চায়ের তেষ্টা পেলে যেকোনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে পান করা যায় দু-এক কাপ। আমরাও তেমন একটি মোড়ের কাছে এসে চা খাই। দোকানিকে ভালো লাগে। গরুর দুধের চা খেতেও ভালো। আমরা এবার কথা বলি।নাম কী?‘মো. ইব্রাহিম খান।’আপনার বয়স কত?‘আটচল্লিশ।’এই কাজই করেন?‘চা বেচি তিরিশ বছর।’সাভারের এই জায়গায় তিরিশ বছর ধরে চা বিক্রি করেন? বাড়ি কি সাভারেই?‘না। বাড়ি বরগুনা।’এখানে চলে আসলেন কেন?‘এইখানে আমার ফাদার চাকরি করত।’বাবার সঙ্গে এখানে এসে আর ফিরে যাননি?‘না। এইখানে আইসা দোকান নিলাম। দোকান নিয়া চায়ের ব্যবসা শুরু করলাম। তারপর দোকান করতে করতেই চাকরি নিলাম।’কোথায় চাকরি নিলেন?‘ডাক বিভাগে।’তারপর? চাকরি ছেড়ে দিলেন?‘না, চাকরিও আছে।’মানে? চা বিক্রি করেন আবার চাকরিও করেন। সময় পান কীভাবে?‘চাকরি করি নাইটে। দিনের বেলায় দোকানে বসি।’কী চাকরি সেটা?‘গার্ডের চাকরি।’তাহলে ঘুমান কখন?‘ঘুমাই সকালে। বেলা করে উঠি। বাসায় ফ্যামিলিসহ সবাই আছে।’বাচ্চা?‘তিন ছেলে এক মেয়ে।’ওরা কী করে?‘বড় ছেলে সোলায়মান বাবু এসএসসি দিয়া থান কাপড়ের ব্যবসা করে। মাঝারি ছেলে মো. ফয়সাল কলেজে পড়ে। ও থানায় রাইটারের কাজ করে। দারোগার মামলা লেখে। ছোট ছেলে ইমরান খান ইমন সেভেন পর্যন্ত পইড়া লেখাপড়া বন্ধ করছে। মেয়ে হইল ছোট ছেলের দশ বৎসর পরে। ওর নাম ইভা। ইভার এখন ছয় বৎসর চলে।’আপনি যে সারা দিন দোকান করেন, সারা রাত ডাক বিভাগ পাহারা দেন, বাড়িতে যান কখন?‘এই ধরেন, মাঝে মাঝে পোলাপান বসায় রাখি বাড়ি যাই। ’খাওয়াদাওয়া করেন কোথায়?‘বাসায়। মাঝে মাঝে এইখানে পাঠায় দেয়।’চা কয় কাপ বিক্রি হয়?‘আমার দশ কেজি দুধের চা বিক্রি হয়। দেশি গাইয়ের দুধ। অরিজিনাল দেশি গাই। এই পাকা রাস্তার মাথায় যাইয়া ডাকবাংলোর পরে গরু পালে মজনু। মজনুর গাইয়ের দুধ দিয়া চা বানাই। এই দেখেন কী ঘন দুধ!’—বলে দুধের হাঁড়িটি দেখান। সেখানে অল্প আঁচে সরে ছেয়ে যাওয়া দুধ দেখা যায়।দিনে লাভ হয় কত?‘এই ধরেন চাইর-পাঁচশো টাকা থাকে।’এইখানে বাড়ি করছেন?‘না, এইখানে করি নাই। বাড়িতে মানে বরগুনায় করছি। বিয়া করছি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। ওইখানেও ছয় বিঘা জমি রাখছি সাফকবলা।’আপনি সুখী?‘অনেক সুখী। আল্লায় সুখী রাখছে আমারে।’