আলয়ের আলো
‘আলোয় আলোকিত হোক, আর আলো-আঁধারির খেলা হোক—ঘরে আলোর ব্যবহারটা হওয়া চাই মনের মতো। আলোর পরিবর্তনের কারণে কাজের একঘেয়ে ভাব দূর হয়। কখনো আবার আলোর মৃদু ভাব কিংবা উজ্জ্বল আভা দূর করে দেয় মানসিক অবসাদ। তাই স্থান, সময় আর রুচির ওপর ভিত্তি করে আলো হওয়া উচিত ভিন্ন। আবার কোন ঘর কেমন, আর কে থাকছে সেই ঘরে—সেটাও মনে রাখা দরকার। অর্থাৎ ব্যক্তির রুচি আর কাজের সঙ্গে মিল রেখে ঘরে আলো লাগানো যেতে পারে।’ এমনটাই বলেন ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের ডিজাইনার ও স্থপতি সাইদা ফজিলাতুন নাজ।সাইদা ফজিলাতুন নাজ বলেন, বসার ঘর, শোবার ঘর, শিশুর ঘর কিংবা খাবার ঘরের কেবিনেটের লাইটগুলো হবে অবস্থা অনুযায়ী আলাদা। আজকাল অধিকাংশ বাসা ফ্ল্যাট কিংবা অ্যাপার্টমেন্ট ধাঁচের। তাই ঢোকার মুখে দরজার ওপরে লাগানো যেতে পারে ছোট বেশ কিছু স্পটলাইট। নিছক আলোর জন্যই নয়, দেখার সৌন্দর্যের দিকেও লক্ষ রাখাটা জরুরি। বসার ঘরে আলোর নানাবিধ ব্যবস্থা রাখাই ভালো। কয়েকটা ব্র্যাকেটওয়ালা লাইটের সঙ্গে কোনায় ছোট ছোট স্পটলাইট লাগানো যেতে পারে। কেউ চাইলে কৃত্রিম একটা সিলিং তৈরি করে এর ওপরে টিউবলাইট লাগিয়ে দিতে পারেন। এতে টিউবলাইটটা দেখা যাবে না, কিন্তু আলো ঠিকই পাওয়া যাবে। আবার আসবাবের মাঝে ছোট ছোট লাইট বসিয়ে দিতে পারেন। এতে আসবাব থেকে বিচ্ছুরিত আলোয় আলোকিত হবে চারপাশ। বসার ঘরে মৃদু আলো চাইলে এই কায়দা করে নিতে পারেন অনায়াসে। অনেকে পেইন্টিংয়ের ওপরে লাইট লাগিয়ে থাকেন। এতে পেইন্টিং মনোযোগ কাড়ে সহজেই। এ ছাড়া শোপিস রাখার তাকের মধ্যে ছোট লাইট বসিয়ে দেওয়া যেতে পারে। খাবার ঘরের কেবিনেট কিংবা তৈজসপত্র রাখার শোকেসের ভেতর ছোট ছোট আলো বসিয়ে দেওয়া যায়। খাবার টেবিলের ঠিক মাঝখানে একটু ঝোলানো বড় আকারের শেডের মাঝে আলো লাগালে এর প্রক্ষেপণটা খাবারে হয়। কেবল হলুদই নয়, সাদা কিংবা লাল রঙের লাইটও ব্যবহার করা যায় এখানে। তবে লক্ষ রাখতে হবে, খাবার টেবিলের আলো যেন পোকামাকড়কে আকৃষ্ট করে এমন না হয়।শোবার ঘরের আসবাবগুলো সাধারণত একটু অ্যান্টিক রঙের হয়, তাই এই ঘরের ধাতব ব্র্যাকেটওয়ালা আলো লাগালে ভালো লাগে। আলো বসানো ড্রেসিং টেবিল কিনতে পাওয়া যায়। অথবা কেনার পর আলো বসানোর ব্যবস্থা করে নিতে পারেন। শোবার ঘরে বসে কিছু লিখতে চাইলে পরিবেশটা তেমন হওয়া চাই। তাই টেবিলের কোনায় শেডওয়ালা আলো বসিয়ে নিতে পারেন।ছোট্টমণির ঘরের আলো হওয়া চাই মনের মতো। তাদের জন্য প্রজাপতি, কার্টুন আর নানা প্রাণীর আকারের আলো কিনতে পাওয়া যায়। কিশোর-কিশোরীদের ঘরে কিছুটা ভিন্নতা আনতে লাগাতে পারেন জ্যামিতিক আকারের আলো।বারান্দায় সবুজের সান্নিধ্যের মধ্যে লাইট লাগাতে চাইলে বাঁশের খাঁচা কিংবা বেতের ঝাঁপির মাঝে আলো লাগানো যেতে পারে। পাশে থাকবে সবুজের আবেশ। কোথায় পাবেনঢাকার গুলশান-২-এ ইলেকট্রিক-সামগ্রীর দোকান নিউ আকমা ইলেকট্রিক স্টোরের ম্যানেজার খোরশেদ আলম জানান, এখন অ্যান্টিক ব্র্যাকেটের লাইট আর স্পটলাইট বেশি চলছে। আর শিশুদের ঘরের জন্য কার্টুনের আকারের লাইট তো চলেই। অ্যান্টিক রঙের ব্র্যাকেটের লাইট কেনা যাবে ২০০০-২৫০০, স্পটলাইট বা এলইডি কেনা যাবে ৮০০-২০০০, ধাতবের আবরণের এলইডি লাইট কেনা যাবে ২০০০-১২০০০ টাকায়। শিশুদের জন্য কার্টুনের আকারের লাইট কেনা যাবে ৫০০-২০০০ টাকায়। ঢাকার গুলশান-২, পুরানা পল্টন, পুরান ঢাকার নবাবপুর থেকে কেনা যাবে এই লাইটগুলো।