মিরসরাই উপজেলার বারইয়ারহাটের বাজারে প্রতিমাসে অর্ধকোটি টাকার বাঁশ বিক্রি হয়। ব্যবসায়ীদের আশঙ্কা ভারতের সঙ্গে ফেনী নদীর পানি বণ্টন চুক্তি হলে এ অঞ্চলের কৃষিনির্ভর অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে। এতে কৃষি উৎপাদন হ্রাস পাওয়ার পাশাপাশি বাঁশ ব্যবসাও হুমকির মুখে পড়বে।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত বাঁশ ফেনী নদী দিয়ে মিরসরাইয়ে আনা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এখানে বাঁশ কিনতে আসেন। কিন্তু নদীর পানি কমে গেলে এই এলাকায় বাঁশ আনা অসম্ভব হয়ে পড়বে। ফলে বন্ধ হয়ে যাবে ঐতিহ্যবাহী এ ব্যবসা।ফেনী নদীতে ভারত বাঁধ দিতে পারে এমন আশঙ্কা উপজেলার সুশীল সমাজেরও। গত সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন চুক্তি হওয়ার কথা ছিল। এই ধরনের চুক্তি না করার দাবিতে গত ৫ সেপ্টেম্বর মিরসরাইতে মানববন্ধন করেছে মিরসরাই পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরাম নামের একটি সংগঠন। গত ১০ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত এক সাক্ষাৎকারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছিলেন, ‘ফেনী নদীর পানি বণ্টন চুক্তি চূড়ান্ত।’মিরসরাই পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরামের সভাপতি জামসেদ আলম বলেন, ‘আমরা শুনেছি ফেনী নদীর পানি বণ্টন চুক্তি হবে। কিন্তু চুক্তিতে কী আছে তা আমরা জানি না। আমাদের আশঙ্কা—চুক্তি হলে ভারত নদীর পানি নিয়ে যাবে। ফলে ফেনী নদীতে পানির প্রবাহ কমে যাবে। মুহুরী সেচ প্রকল্পে বিরূপ প্রভাব দেখা দেবে। এতে এ অঞ্চলের কৃষি হুমকির মুখে পড়বে। পাশাপাশি লাভজনক বাঁশ ব্যবসাও বন্ধ হয়ে যাবে।’ বারইয়ারহাট বাঁশ ব্যবসায়ী সমিতির সভাপতি মনির আহাম্মদ সওদাগর বলেন, এখানে ছোট-বড় মিলিয়ে প্রায় ৪০ থেকে ৪৫ জন বাঁশ ব্যবসায়ী আছেন। এ ছাড়া এ ব্যবসার সঙ্গে পাঁচ শতাধিক শ্রমিকের ভাগ্য জড়িত। এই ব্যবসায় প্রতিমাসে লেনদেন হয় প্রায় অর্ধকোটি টাকা। ফেনী নদীতে বাঁধ দেওয়া হলে এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। সরকারও বছরে কোটি টাকা রাজস্ব হারাবে। বারইয়ারহাট পৌরসভার কাউন্সিলর রসুল আহাম্মদ বলেন, এমনিতেই বর্তমানে বাঁশ ব্যবসা তেমন একটা ভালো যাচ্ছে না। তার ওপর যদি কোনো বিপর্যয় নেমে আসে তাহলে পথে বসা ছাড়া উপায় থাকবে না। অনেকের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে।