১৯৯৭ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা বোর্ডে প্রথম স্থান অধিকার করার পর প্রতিক্রিয়ায় আশফাকুজ্জামান খান বলেছিলেন, নিজেকে একজন নামকরা কম্পিউটার প্রকৌশলী হিসেবে দেখতে চান। তিনি তাঁর কথা রেখেছেন। এই কীর্তিমান বাঙালি তরুণ নির্ধারিত সময়ের সাত মাস আগেই যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। এর আগে তিনি ওই বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম স্থান লাভ করেন। আশফাকুজ্জামানের গবেষণা তত্ত্বাবধায়ক অধ্যাপক মার্টিন সি হারব্রডের বক্তব্য থেকে জানা যায়, আশফাকের পিএইচডি প্রোগ্রামের সময়কাল ছিল ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের জানুয়ারি পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের সাত মাস আগেই চলতি বছরের ১৪ জুন তিনি পিএইচডি অভিসন্দর্ভের কাজ সম্পন্ন করেন। তিনি বর্তমানে ক্যালিফোর্নিয়ায় ফুলসামের ইনটেল করপোরেশনে একজন প্রকৌশলী হিসেবে কাজ করছেন।আশফাকের পারিবারিক সূত্র জানায়, সিলেট ক্যাডেট কলেজ থেকে ১৯৯৫ সালে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে কুমিল্লা বোর্ডে ১৮তম স্থান লাভ করেন। পরে ১৯৯৭ সালে উচ্চমাধ্যমিকে একই বোর্ডে প্রথম স্থান অর্জন করেন এবং ১৯৯৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। কিন্তু বুয়েটের শিক্ষা কার্যক্রম শেষ করার আগেই তিনি জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপান গমন করেন। লেখাপড়া করেন অসাকা ইউনিভার্সিটিতে (১৯৯৯ থেকে ২০০৬)।যুক্তরাষ্ট্রে গবেষণাকালীন তিনি বোস্টন ইউনিভার্সিটিতে গবেষণা সহকারীসহ ইন্টেল করপোরেশন এবং মাইক্রোসফট, প্যানাসনিকসহ বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।তিনি নিজের মেধার পরিচয় দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন। তাঁর একটা প্যাটেন্টসহ ১২টি গবেষণা প্রবন্ধ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এ ছাড়া কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরস্কার’ (১৯৯৫), ‘টোকিও ইউনিভার্সিটি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ (২০০৪), স্নাতক শ্রেণীতে প্রথম এবং স্নাতকোত্তর শ্রেণীতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ‘আউটস্ট্যান্ডিং রিসার্চ অ্যাওয়ার্ড’ (২০০৬) এবং ‘ডিনস ফেলোশিপ অ্যাওয়ার্ড’ (২০০৮)। পড়াশোনার পাশাপাশি আশফাক বিদেশে সমাজ ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি ২০০৪-০৫ সালে টোকিও ইউনিভার্সিটি ফরেন স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি টোকিও ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল এবং সিন্দুই ল্যাঙ্গুয়েজ অব দ্য আর্থ সংগঠিত করেন। জাপানের ভয়াবহ সুনামি আক্রান্ত লোকদের জন্য তহবিল সংগ্রহ করেন। তিনি জাপানের লোকাল পুলিশের দোভাষী এবং টোকিও ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের প্রেজেন্টার (জাপানি ও ইংরেজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।আশফাকের গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়লজুড় ইউনিয়নের খারমাপুর গ্রামে। বর্তমানে তাঁদের বাসা সিলেট নগরের কুমারপাড়া ঝরনারপাড় এলাকায়। তাঁর বাবা আফতাবুজ্জামান খান এবং মা দিলারা বেগম চৌধুরী। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। সাথিয়া আহমদ তাঁর সহধর্মিণী। সাথিয়াও আমেরিকায় একই বিষয়ে পড়াশোনা করছেন।আশফাক ভবিষ্যতে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশ অনেক সম্ভাবনাময় একটি দেশ। এ দেশের তরুণেরা ইচ্ছে করলে নিজেদের মেধা দিয়ে সারা বিশ্বে নিজের দেশকে পরিচিত করিয়ে দেওয়ার সুযোগ গ্রহণ করতে পারে। তবে এ লক্ষ্য বাস্তবায়ন করতে হলে প্রথমে তাকে পড়াশোনায় ভালো ফলাফল অর্জন করতে হবে।