আশরিফার 'নীড় শতরঞ্জি পণ্য'

রংপুরের নারী উদ্যোক্তা আশরিফা খাতুন। ছয় বছর আগে তাঁর একটি তাঁত ছিল। এখন সেই তাঁতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩টি। সেখানে অনেক নারীর কর্মসংস্থান হয়েছে। তাঁরাও স্বাবলম্বী হয়ে উঠেছেন।
আশরিফা খাতুন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে হস্তজাতশিল্পের ওপর প্রশিক্ষণ নেন ২০০৮ সালে। আর তখন থেকেই তাঁর চিন্তা, হস্তজাতশিল্পের ওপর একটি কারখানা গড়ে তুলবেন। যেখানে হতদরিদ্র পরিবারের নারীদের কর্মমুখী করে তুলবেন। সেই ইচ্ছের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ায় টাকা। এরপর ধার-দেনা করে একটি তাঁত কেনেন। সেই যন্ত্রে প্রথম নিজেই কাজ করেন। এরপর সেখানে দুজন নারী শ্রমিককে নিয়োজিত করেন।
এরপর তাঁত বাড়তে থাকে। সেই সঙ্গে নারী শ্রমিকের সংখ্যাও বাড়ে। এখন তাঁর নিয়মিত নারী শ্রমিক রয়েছেন ৩০ জন। তাঁর নিজের তাঁতে কাজ ছাড়াও অন্য নারীদেরও কর্মমুখী করে গড়ে তুলতে কাজ করছেন। এতে তাঁর চেষ্টার কমতি নেই। গ্রামের নারীদের হস্তজাতশিল্পের নানা কাজ শিখিয়ে পারদর্শী ও স্বাবলম্বী করে তোলার পেছনে এখনো অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রংপুরের নিসবেতগঞ্জের আশরিফা।
‘নীড় শতরঞ্জি পণ্য’ প্রতিষ্ঠান তৈরি করে সেখানে নারীদের দিয়ে নানা ধরনের হস্তজাত পণ্য তৈরি করা হচ্ছে। এসব পণ্য হলো শতরঞ্জি, পাপস, টেবিল ম্যাট, ওয়াল ম্যাট ও ভ্যানিটি ব্যাগ। এসব পণ্য চলে যাচ্ছে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায়। তাঁর উৎপাদিত শতরঞ্জিপণ্য ক্রেতাদের আকৃষ্ট করে তোলে। পণ্যের চাহিদাও বাড়তে থাকে। এতে করে তাঁর উৎসাহ-উদ্দীপনা আরও বেড়ে যায়।
গ্রামের যে নারীরা একসময় নিজ বাড়িসহ অন্যের বাসায় গৃহস্থালির কাজ করতেন, সেই নারীদের আশরিফা নিজ হাতে প্রশিক্ষণ দিয়ে এই কাজে যুক্ত করেন। গত ছয় বছরের মধ্যে নিসবেতগঞ্জসহ এর আশপাশ এলাকায় শতাধিক নারীকে হস্তজাতশিল্পের কাজও শিখিয়েছেন।

রংপুর শহর থেকে পশ্চিমে মাত্র ছয় কিলোমিটার দূরে নিসবেতগঞ্জ এলাকায় তাঁর কারখানা। কারখানার পাশাপাশি সেখানে তাঁর নিজ উদ্যোগে গড়ে ওঠা ‘নীড় শতরঞ্জি পণ্য’ নামের একটি শোরুমও দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা পাইকারি মালামালও কিনতে এখানে ছুটে আসেন। পাইকারি বিক্রি ছাড়াও শোরুম থেকে প্রতিদিন ৭ থেকে ১০ হাজার শতরঞ্জি বিক্রি হয়ে থাকে।
মৌসুমি খাতুন দুই বছর ধরে এখানে কাজ করছেন। তিনি বলেন, ‘আগে বাড়িতে বসিয়া ছিলাম। এখানে কাজ করে প্রতিদিন এখন আয়-রোজগার হচ্ছে।’ এমনি করে আশরিফা খাতুনের কারখানায় কাজ করে স্বাবলম্বী হয়ে ওঠার গল্প শোনালেন কল্পনা রানী, সাথি রানী, আমেনা বেগম, গোলাপি বেগমসহ অনেকে।
নীড় শতরঞ্জি পণ্য প্রতিষ্ঠানের মালিক উদ্যোক্তা আশরিফা খাতুন প্রথম আলোকে বলেন, ‘ছোটবেলা থেকেই এই কাজে আমার অনেক শখ ছিল। অনেক কষ্ট করেছি। গ্রামের বাড়িতেই মহিলাদের হস্তজাতশিল্পের কাজ শিখিয়েছি। তাঁরা এখন স্বাবলম্বী হয়ে উঠেছেন। আয় করছেন। তাঁদের পরিবারে সচ্ছলতা এসেছে।’ তিনি আরও বলেন, এ বছরই ফ্রান্স ও চীন থেকে ৫০ লাখ টাকার পণ্যের অর্ডার পেয়েছেন শতরঞ্জিসহ অন্যান্য হস্তজাতপণ্যের।