আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসার মোড়ে দাঁড়িয়ে আছি। সাইফুল ট্রেনে আসছে। মহানগর গোধূলি দেরি করায় পৌঁছাতে প্রায় মাঝরাত পেরিয়ে যাচ্ছে। রাতের শহর ভীষণ নিস্তব্ধ। কখনো কখনো নিস্তব্ধতা অনেক ভয়ংকর হয়। আমি সেই ভয়ংকর নিস্তব্ধতা মোটামুটি উপভোগ করছি। মোড়ের এটিএম বুথের নিরাপত্তারক্ষী বৃদ্ধ লোকটি হাঁটতে হাঁটতে আমার কাছে এলেন, ‘কয়টা বাজে, বাবা?’ আমি মুঠোফোনে সময় দেখলাম, ‘চাচা, এখন তো রাত দেড়টা বাজে।’ চাচা আঙুল গুনে হিসাব কষেন, ‘তার মানে, একটা বাজার পর আরও আধা ঘণ্টা হইছে। এখনো তো অনেক রাত বাকি।’আমি বুঝতে পারি বৃদ্ধ খুব হতাশ হন। তবে এত হতাশার কারণ বুঝতে পারি না। আমরা যারা নিশাচর, অকারণেই রাত জাগি, তাদের জন্য এখন সবে সন্ধ্যা। বৃদ্ধকে জিজ্ঞেস করি, ‘আপনি কয়টায় কাজে এসেছেন?’বৃদ্ধ সময় মনে করতে পারেন না। বলেন, ‘সন্ধ্যায়, সাতটার দিকে হইব।’আমার কৌতূহল জাগে, ‘আপনার ডিউটি শেষ হবে কয়টায়?’ বৃদ্ধ আগ্রহ নিয়ে জবাব দেন, ‘সকালবেলা, মানে সেই সাতটার দিকে।’সাইফুল আসতে দেরি করছে। আমারও কিছু করার নেই। বৃদ্ধের সঙ্গে কথা বলি, ‘এত রাতে কেউ টাকা তুলতে আসে?’ ‘বেশি রাত হলে আসে না, বাবা।’‘তাহলে আপনি এই সারাটা রাত একলা একলা কী করেন?’ ‘হাঁটাহাঁটি করি। মানুষ দেখলে কথা বলি।’আমার কৌতূহল বাড়ে, ‘আপনি ঘুমান না?’ চাচা মাথা নাড়েন, ‘না বাবা, ঘুমাই না। ঘুমাইয়া পড়ব, এই ভয়ে বেশিক্ষণ বসেও থাকি না।’আমি খুব অবাক হই, ‘কেউ আসে না, আপনি তো চাইলে ঘুমাতে পারেন। ঘুমান না কেন?’ বৃদ্ধের চোখ জ্বলজ্বল করে, ‘আমি তো অন্য কোনো চাকরি করি না। দিনের বেলায় ঘুমাইতে পারি। আর এইটা তো আমার ডিউটি। ডিউটির সময় ফাঁকি দেওয়া ঠিক না।’আমি কী বলব বুঝতে পারি না। বৃদ্ধের কথা শুনে আমার ভীষণ ভালো লাগতে থাকে। কেউ কেউ যখন দিনের বেলাতেই অনেক গুরুত্বপূর্ণ কাজের সময়ও ঘুমিয়ে থাকে, ফাঁকি দেয়, সেখানে এই বৃদ্ধ লোক এই নির্জন মধ্যরাতেও তাঁর ডিউটির সময় ঘুমিয়ে পড়ার ভয়ে বেশিক্ষণ বসে থাকেন না। আমার মনে হতে থাকে, দেশে এই লোকগুলোর সংখ্যাই হয়তো অনেক বেশি। আর একদিন যখন দেশের প্রতিটি মানুষ এই বৃদ্ধের মতো চিন্তা করবে, সেদিন আমার এই প্রিয় দেশকে নিশ্চয় কেউ পেছনে ফেলতে পারবে না। জুয়েল দেব আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়