আশা জাগাচ্ছে খাগড়াছড়ির বারি মাল্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীঘিনালার বসু ফ্রুটস ভ্যালিতে মাল্টার পরিচর্যা করছেন বাগানের মালিক তুষার কান্তি বসু l প্রথম আলো
দীঘিনালার বসু ফ্রুটস ভ্যালিতে মাল্টার পরিচর্যা করছেন বাগানের মালিক তুষার কান্তি বসু l প্রথম আলো

গত বছর রোগাক্রান্ত হয়ে খাগড়াছড়ির দীঘিনালার ফল বাগান বসু ফ্রুট ভ্যালির সব কমলাগাছ মারা গেছে। তবে এ বছর ২০০ মাল্টাগাছে ফল আসায় কমলার ক্ষতি কাটিয়ে ওঠা যাবে বলে ভাবছেন এই বাগানের মালিক ও কর্মকর্তারা। মাল্টাকে কমলার বিকল্প হিসেবেই দেখছেন তাঁরা।
খাগড়াছড়ি জেলায় বারি মাল্টার সফল আবাদ হচ্ছে কয়েক বছর ধরে। কমলাগাছের মতো সহজে রোগাক্রান্ত হয় না লেবু–জাতীয় এই ফল। কৃষি কর্মকর্তাদের মতে, খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত এই মাল্টাই হতে পারে জেলায় কমলার বিকল্প।
খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বিজ্ঞানীরা জানান, ২০০৩ সালে এই গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিকেরা মাল্টার নতুন জাত বারি মাল্টা–১ উদ্ভাবন করেন। এরপর জেলার বিভিন্ন উপজেলায়ও মাল্টার আবাদ হচ্ছে। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, জেলার বিভিন্ন উপজেলায় ৯০ হেক্টর পাহাড়ি জমিতে মাল্টার চাষ হয়েছে। এর মধ্যে ৫৮ দশমিক ৫ শতাংশ গাছে মাল্টার ফলন এসেছে। গত বছর জেলায় ৫৫৩ মেট্রিক টন মাল্টা উৎপাদন হয়েছে। এ ছাড়া খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের ৬০০ মাল্টাগাছের প্রতিটিতেই ফলন এসেছে।
খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, ‘আমাদের উদ্ভাবিত বারি মাল্টা-১ জাতটি এখন সারা দেশেই জনপ্রিয়তা লাভ করেছে। বড় গাছে ৪০ থেকে ৫০ কেজি ও ছোট গাছে ৩০ কেজি ফলন হয়। বৃষ্টিবহুল আর্দ্র ও উঁচু পাহাড়ি এলাকার মাটিতে মাল্টার ফলন ভালো হয়। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকার আবহাওয়া ও জলবায়ু মাল্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী।’
পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মহব্বত উল্লাহ বলেন, সাধারণত কমলাগাছে যেসব রোগ হয়, মাল্টাগাছে তা হয় না। তা ছাড়া বারি মাল্টা সারা বছরই ফলে। তাই কমলার বিকল্প হিসেবে এটি চাষ করা যেতে পারে।
গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিকেরা জানান, বারি মাল্টা পাকলেও হালকা সবুজ থাকে। পুষ্ট ফলের গড় ওজন ১৫০ গ্রাম, মিষ্টতা টিএসএস ৮ দশমিক ৫ শতাংশ, যা কমলার চেয়ে সামান্য কম। রোপণের তিন থেকে চার বছরেই মাল্টার ফলন হয়। তবে ছয় বছর বয়সে মাল্টাগাছ পুরোপুরি পরিপক্ব হলে ফলনও বেড়ে যায়।
জেলার দীঘিনালা উপজেলায়ও পরীক্ষামূলক মাল্টার চাষ হয়েছে। দীঘিনালার অনাথ আশ্রম এলাকার বসু ফ্রুটস ভ্যালিতে ২০০৪ সালে পরীক্ষামূলকভাবে ৩০টি মাল্টার চারা রোপণ করা হয়েছিল। ছয় বছর পর ২০১০ সালে গাছগুলো পরিপক্ব হয়। প্রতিটিতে ফলন এসেছে ২০ কেজির বেশি। এই সাফল্য দেখে ফলবাগান কর্তৃপক্ষ ২০১২ সালে আরও ৩০০ চারা রোপণ করে। চলতি বছর প্রায় ২০০ মাল্টাগাছে ফলন এসেছে বলে জানান এই বাগানের মালিক তুষার কান্তি বসু।
সম্প্রতি বসু ফ্রুট ভ্যালিতে গিয়ে দেখা যায়, মাল্টাগাছের সবুজ পাতার আড়ালে রোদে ঝিলিক দিচ্ছে মাল্টা ফল।
বসু ফ্রুটস ভ্যালির মালিক তুষার কান্তি বসু বলেন, ‘২০১৪ সালে আমাদের বাগানের সব কমলাগাছ রোগে মারা গেছে। কিন্তু মাল্টাগাছে এখনো কোনো রোগ ধরা পড়েনি। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে মাল্টা চাষ করে সফল হয়েছি। গত বছর ৩০টি মাল্টাগাছ থেকে প্রতি কেজি ১২০ টাকা দামে ৬০০ কেজি মাল্টা বিক্রি করেছি। চলতি বছর ২০০ গাছে ফল ধরতে শুরু করেছে। এ বছর এক টনেরও বেশি মাল্টা বিক্রি করার আশা আছে।’
দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. শাহীনুর ইসলাম বলেন, কমলাগাছ রোগাক্রান্ত হয় বেশি। কিন্তু মাল্টাগাছে তেমন রোগ দেখা যায় না। জেলার বিভিন্ন এলাকায় বারি মাল্টা-১ চাষ করে সফলতা পেয়েছেন চাষিরা। তাই বলা যায়, পাহাড়ে মাল্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।