আশা-জাগানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা, কুপিতে তেল নেই। কুপিটা নিভে যাচ্ছে। এ কথা শুনে দীর্ঘনিঃশ্বাস ফেলতেন মা। ছুটে যেতেন পাশের চাচিদের ঘরে। একটু কেরোসিন আনার জন্য। নিরাশ হয়ে ফিরে এসে বলতেন, ‘বাবা, আইজকা শুইয়া পড়, কাইলকে দেহি তেল কিনে আনন যায় কি না।’ মায়ের এই আশার বাণী শুনে সেদিনের মতো পড়া বন্ধ করে ঘুমিয়ে পড়তাম। সামনে এসএসসি পরীক্ষা। পড়াশোনার অনেক চাপ থাকা সত্ত্বেও তেল কিনতে না পেরে অনেক রাত পর্যন্ত পড়া সম্ভব হতো না। কিন্তু কখনো মাকে এ নিয়ে কিছু বলতাম না। আব্বার অফিস বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমাদের পরিবারে নেমে আসে দুর্যোগ। আব্বা বড় ভাইকে নিয়ে ঢাকায় থাকতেন। মা তখন আমাদের ছোট দুই ভাইকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। বাবার সামান্য আয় দিয়ে আমাদের কোনো রকমে খেয়ে না-খেয়ে সংসার চলত। তার সঙ্গে আবার পড়াশোনার খরচ। এত কিছুর মাঝেও মাকে কখনো ভেঙে পড়তে দেখিনি। উল্টো আমাদের সাহস জোগাতেন। বলতেন, ‘বাবা, চিন্তা করিস না, মানুষের সব সময় এক রকম যায় না। আল্লাহ মানুষ মারে না, একভাবে না একভাবে বাঁচাইয়া রাখে।’ মা কখনো তার কোনো আত্মীয়স্বজনের কাছে সাহায্যের জন্য যেতেন না। আমাদের পড়াশোনার জন্যও কোনো প্রকার সহযোগিতার জন্য কারও কাছে যেতেন না। বাবার পাঠানো সামান্য টাকা দিয়ে পড়ার খরচ ও বাড়ির নারকেল, সুপারি বিক্রি করে কোনো রকমে দিনাতিপাত করতাম আমরা। এ নিয়ে আব্বার বিরুদ্ধে কোনো অভিযোগ করতেন না। শুধু বলতেন, ‘তোর আব্বায় তো আর ইচ্ছা কইরা আমাগো এত কষ্টে রাখছে না রে বাবা। লোকটা কী করবো, অফিস বন্ধ হইয়া যাওয়ায় তো আমাগো এই অবস্থা।’ আজ এত বছর পরও মায়ের সেই সংগ্রামের কথা মনে পড়ে। আলমগীর হোসেনরামগঞ্জ, লক্ষ্মীপুর