আফসিদ তখন তৃতীয় শ্রেণীতে পড়ে। ঢাকার মহাখালীতে বাড়ির সামনেই ক্ষুধায় কাতর এক পাগলকে দেখল সে। পথের ওপর যন্ত্রণায় ভোগা অসহায় মানুষটিকে দেখে বড্ড কষ্ট হলো ছোট্ট আফসিদের। দৌড়ে গেল সে বাড়ি। মাকে না জানিয়েই লুকিয়ে নিজের পাতের খাবারটুকু এনে তুলে দিল পাগলটির হাতে। কাজটি করতে পেরে অন্য রকম এক শান্তি অনুভব করছিল বালক আফসিদ। যে তৃপ্তি নিয়ে উপোস থাকা পাগলটি খাচ্ছিল তার চেয়েও বেশি তৃপ্তি এসে ভিড় করেছিল বালকটির মনে। বুঝল, যে কাজটি সে করেছে তাকে ভালো কাজ বলে। ভালো কাজ যে আত্মার ক্ষুধা মেটায়! কাজটির জন্য মায়ের বকুনি খেতে হয়েছিল সেদিন। কিন্তু ভালো কাজ করার যে তাড়না প্রবেশ করেছিল তাঁর ভেতর তা আর ফুরোয়নি কখনো। সময়ের সঙ্গে সঙ্গে গায়ে-গতরে এবং মননের দিক দিয়েও বড় হয়ে উঠলেন আফসিদ। এবার বাড়ানো প্রয়োজন কাজের পরিধি। সাহায্য করতে হবে অসহায় মানুষদের। ২০১০-এর দিকে কুড়িগ্রামের শীতার্ত মানুষদের কষ্ট দেখে বিচলিত হয়ে উঠলেন তরুণ আফসিদ। কিছু একটা করার জন্য প্রয়োজন অর্থ। তার ওপর স্বেচ্ছাশ্রমের ব্যাপারে তাঁর অনেক বন্ধুই অনাগ্রহী। সবকিছু মিলিয়ে হতাশ হয়ে পড়েছিলেন। এমন সময়ই কথা হয় দেশের বাইরে থাকা তাঁর খালার সঙ্গে। খালা সাহায্যের জন্য পাঠান ৫০ হাজার টাকা। সাহস ফিরে পান আফসিদ। তাঁর মতো অনেকেই যে অসহায় মানুষদের সাহায্যে কাজ করতে চান, এটা ভেবে নিজেকে আর একা মনে হয় না তাঁর। অল্প কয়েকজন বন্ধু নিয়ে তাঁরা সেবার জোগাড় করেন এক লাখ ২৫ হাজার টাকা। এ টাকায় কেনা হয় শীতবস্ত্র। বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী আফসিদ এখন পাঠাগার স্থাপনের কাজ করছেন।শাইখ ইমতিয়াজের পরিকল্পনা এবং উপস্থাপনায় চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘শেলটেক ক্যাম্পাস হিরো’তে এসে ভালো কাজের জন্য নিজের স্বপ্ন, পরিকল্পনা এবং এর বাস্তবায়নের জন্য নিজের ভাবনাগুলোকে তুলে ধরেছেন তিনি পুরো দেশের মানুষের সামনে।আফসিদের মতো ভালো কাজ করার প্রত্যয় নিয়ে এমন আটজন প্রতিযোগী লড়াই করছেন ‘ক্যাম্পাস হিরো’ অনুষ্ঠানোর চূড়ান্ত পর্যায়ে। শুরুতে চ্যানেল আইয়ের আহ্বানে সাড়া দিয়ে প্রায় সাত হাজার প্রতিযোগী নিবন্ধন করেছিলেন এ অনুষ্ঠানে। তাদের মধ্য থেকে ১৬ জনকে বাছাই করে শুরু হয় ‘ক্যাম্পাস হিরো’। এ পর্যন্ত ‘ক্যাম্পাস হিরো’ প্রচারিত হয়েছে ১৮টি পর্ব। এ অনুষ্ঠানে স্বপ্নবাজ তরুণদের ভাবনাগুলোকে যাচাই করেন বিচারকেরা। তাঁদের কাজ, কাজের পেছনে যুক্তি এবং সামনে এগিয়ে যাওয়ার উপায়গুলো নিয়ে করা হয় আলোচনা। যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হয় সেরা প্রতিযোগীকে। অনন্যা রুমার প্রযোজনায় হওয়া এ অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন কথাসাহিত্যিক, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। এছাড়াও থাকেন একজন করে অতিথি বিচারক।‘হারিয়ে দাও, ছাড়িয়ে দাও, ভালো কাজে—এ চিন্তা নিয়ে আসা তরুণদের গল্পগুলো আমাদের আশা জাগায়। তবে শুধু সমাজের সমস্যাগুলো চিহ্নিত করলেই হবে না। খুঁজতে হবে এর প্রতিকারের পথও। সামাজিক আন্দোলন ছড়িয়ে দিতে হবে সব জায়গায়’— বলছিলেন অনুষ্ঠানের বিচারক সৈয়দ মনজুরুল ইসলাম।এ অনুষ্ঠানেরই এক প্রতিযোগী জ্যোতি পড়ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। তাঁর কাজের বিষয় অনাথ ও এতিম শিশুদের সহায়তা প্রদান। রাঙামাটির মনঘর শিশু সদনের অসহায় শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। চেষ্টা করছেন তাদের হাতে বিনা মূল্যে বই, খাতা তুলে দেওয়ার। পরিবার থেকেও এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেওয়া হচ্ছে তাঁকে। পড়াশোনার বাইরের সময়টা আড্ডায় না কাটিয়ে এসব কাজে ব্যয় করছেন তিনি।এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীমের কাজটাও কিছুটা একই রকম। শিশুশিক্ষায় সচেতনতা বৃদ্ধিই তাঁর মূল লক্ষ্য। পাবনার এক পাড়াগায় কেটেছে তাঁর শৈশব। সে সুবাদে দারিদ্র্যের সঙ্গে ভালোই পরিচয় আছে তাঁর। তবে তিনি মনে করেন পড়াশোনায় পিছিয়ে পড়া অথবা শিক্ষালাভের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার প্রধান কারণ শুধু দারিদ্র্র্য নয়, সচেতনতার অভাবই এ ক্ষেত্রে প্রধান অন্তরায়। নিজ এলাকায় বন্ধুরা এবং কয়েকজন ছোট ভাইকে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন শামীম। ‘ক্যাম্পাস হিরো’তে আসার পর পাচ্ছেন দারুণ সাড়া।স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ (জেআরএন) বিভাগের শিক্ষার্থী ইমন গ্রামাঞ্চলের দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছেন। নিজ এলাকা জামালপুরে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি এ সামাজিক আন্দোলন। তাঁর নিজের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে প্রতিবছর বেকারদের জন্য ব্যবস্থা করা হয় কর্মসংস্থানের। রিকশা কিনে দেওয়া হয় নিঃস্ব চালকদের। ‘প্রথম দিকে কাজ করতে ঝামেলা হতো খুব। পরিবারের কারও উৎসাহ পেতাম না এ ব্যাপারে। তবে সমমনা কিছু মানুষ সঙ্গে পেয়ে কাজের ব্যাপারে আত্মবিশ্বাস বেড়ে যায় আমার আর চ্যানেল আইয়ের ক্যাম্পাস হিরো এ বিশ্বাস বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ’, বলছিলেন ইমন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরাঙ্গ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এনামুল এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আফিকুল—এঁরা সবাই এ অনুষ্ঠানে এসেছেন নিজেদের ভালো কাজ করার স্বপ্নগুলোকে নিয়ে। তাঁদের কেউ সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধাদের সামাজিক স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের জন্য কাজ করছেন, আবার কেউ বা শিক্ষার প্রতি সচেতনতা এবং দিকনির্দেশনা নিয়ে ভাবছেন। শিগগিরই আমরা পেয়ে যাব এ অনুষ্ঠানের ক্যাম্পাস হিরোকে। তবে সন্দেহ নেই এঁরা সবাই করছেন ভালো কাজ। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে তাঁরা সবাই হয়ে উঠেছেন এক-একজন হিরো। চ্যানেল আইয়ের এ দারুণ উদ্যোগে সাড়া দেওয়া তরুণদের দেখে উৎসাহ পাবেন অনেকেই। এগিয়ে আসবেন দেশ গড়ার জন্য। তরুণেরা এক হলেই বদলে দেওয়া যায় দেশ। প্রয়োজন সদিচ্ছা, শিক্ষা, সাহস, বিশ্বাস আর দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা।চ্যানেল আইতে ‘ক্যাম্পাস হিরো’ প্রচারিত হয় প্রতি শুক্রবার সন্ধ্যা ছয় টায়।