আশা জাগিয়েছে কানকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর উপকূলীয় পর্যটনকেন্দ্র কানকুন শহরে বসেছিল জলবায়ু পরিবর্তন বিষয়ক ষোড়শ’ বৈশ্বিক সম্মেলন। ‘কনফারেন্স অব দ্য পার্টিস বা সংক্ষেপে ‘কপ’ নামে পরিচিতি পাওয়া এ সম্মেলনে যোগ দিয়েছিলেন বিশ্বের প্রায় সবকটি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা। লক্ষ্য ছিল, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় একটি সমন্বিত পদক্ষেপ নেওয়া। ১২ দিনের এ সম্মেলন শেষ হয়েছে ১১ ডিসেম্বর। সম্মেলনের লক্ষ্য কতটা পূরণ হয়েছে তা নিয়ে বিতর্কটা হয়তো আরো কিছুদিন চলবে। তবে মোটা দাগে বেশিরভাগ পর্যবেক্ষক স্বীকার করেছেন কোপেনহেগেনের ‘কপ ১৫’ এর মতো ব্যর্থ হয়নি এবারের জাতিসংঘ জলবায়ু সম্মেলন। শেষ দিনে আয়োজক মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপে ক্যালদেরন বলেন, এই সম্মেলন বিশ্বনেতাদের একটি নবদিগন্তের আভাস দেখিয়েছে। আয়োজকের বিনয় আর সাফল্যের দাবির বিষয়টি মাথায় রেখেও বলা যায়, খুব একটা বাড়িয়ে বলেননি প্রেসিডেন্ট ক্যালদেরন। ২০০৭ সালে ইন্দোনেশিয়ার বালি সম্মেলনের পর, ২০০৮ সালে পোল্যান্ডের পোজনান সম্মেলন নিয়ে নতুন কোনো আশার সঞ্চার হয়নি। কারণ তত দিনে পরের বছরের কোপেনহেগেন সম্মেলন নিয়ে অনেক বেশি কিছু পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সে প্রত্যাশা তো পূরণ হয়ইনি, বরং ব্যর্থতার মধ্য দিয়ে ফুটে ওঠে উন্নত বিশ্ব ও উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলোর মধ্যকার তীব্র মতপার্থক্য। তাই মেক্সিকোর কানকুনে গিয়ে খুব বেশি কিছু পাওয়ার আশা ছিল না কারোরই।৩০ নভেম্বর সম্মেলন শুরুর পর থেকে পরিবেশবাদীরা সম্মেলনস্থলের সামনে টানা বিক্ষোভ চালিয়ে যান। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের গুরুত্ব বোঝাতে তাঁরা নানা ধরনের প্রতিবাদী কর্মসূচির আয়োজন করেন। জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় বিশ্বব্যাংককে যুক্ত না করার দাবি জানিয়েছে বিশ্বের ২৫০টি পরিবেশবাদী উন্নয়ন সংস্থা।এবারের সম্মেলনের আলোচনার একটি বড় দিক ছিল ক্ষতিপূরণ তহবিল ব্যবস্থাপনা নিয়ে মতবিরোধ। তৃতীয় দিনে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ জলবায়ু তহবিলের জন্য ২০১২ সাল পর্যন্ত তিন হাজার কোটি ডলার ও ২০১৩ সাল থেকে ১০ হাজার কোটি ডলার দ্রুত ছাড় করার দাবি জানানো হয়। এই দাবির বিরোধিতা করে উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, চীন ও দক্ষিণ আফ্রিকা। তারা বলেছিল, কোপেনহেগেন তহবিল নিয়ে কোনো আলোচনা দরকার নেই, শিল্পোন্নত রাষ্ট্রগুলোর মোট জাতীয় উৎপাদনের দেড় শতাংশ জলবায়ু তহবিল হিসেবে দিতে হবে। নতুন এই প্রস্তাবের কারণে সমঝোতা-প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়। জলবায়ু পরিবর্তনের কারণে নিজেকে বেশি বিপন্ন হিসেবে প্রমাণের জন্য সম্মেলনে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয় স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে। এ নিয়ে স্বল্পোন্নত দেশগুলোর জোট জি-৭৭ এবং চীনের মধ্যে মতবিরোধ চরমে পৌঁছায়। অবশ্য পরে মতপার্থক্যগুলো কমে এবং একাধিক বিষয়ে সমঝোতায় পৌঁছানোর পথ পরিষ্কার হতে থাকে। এর ধারাবাহিকতায় সম্মেলনের শেষ দিনে দুই পৃষ্ঠার খসড়া চুক্তিতে সম্মতি জানায় জাপান, যুক্তরাষ্ট্র ও চীনের মতো বড় শক্তিধর দেশ। কানকুন সম্মেলনে যে বিষয়গুলোয় বিশ্বনেতারা একমত হয়েছেন, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্ষতিগ্রস্ত দেশের জন্য প্রাথমিকভাবে তিন হাজার কোটি ডলারের একটি জলবায়ু পরিবর্তনবিষয়ক তহবিল গঠন এবং ২০২০ সাল নাগাদ ওই তহবিলের পরিমাণ ১০ হাজার কোটি ডলারে উন্নীত করা; বনায়ন-সংক্রান্ত চুক্তি যার আওতায় বনভূমি উজাড় হওয়া দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে; সবগুলো দেশ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে কাজ করবে; স্বল্পোন্নত দেশগুলোকে স্বল্প-মাত্রায় কার্বন-নিঃসরণ হবে এমন প্রযুক্তি সরবরাহ করা হবে; কার্বনজাত গ্যাস নিঃসরণ কমাতে যুক্তরাষ্ট্র, চীনসহ বেশি নিঃসরণকারী দেশগুলো কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তা পর্যবেক্ষণ করা হবে ইত্যাদি।এবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনে বিশ্বের ১৯০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেন। বেশির ভাগ দেশ সম্মেলনের অর্জনের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করলেও এর তীব্র বিরোধিতা করে বলিভিয়া।সন্তুষ্টি প্রকাশ করে জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান ক্রিস্টিয়ানা ফিগুয়ের্স বলেন, ‘কানকুন সম্মেলনে কাজ হয়েছে।’ সম্মেলনের সভাপতি মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিয়া অ্যাস্পিনোসা ক্ষুব্ধ বলিভিয়াকে আশ্বস্ত করে বলেন, তাঁদের আপত্তিও গণ্য করা হবে। সমঝোতার বিরোধিতা করে বলিভিয়া বলেছে, এই চুক্তির ফলে পরিবেশ দূষণের মাধ্যমে ‘গণহত্যা চালানোর প্রস্তাব’ অনুমোদিত হলো। বলিভিয়া তথা অনেক পরিবেশবাদীর ক্ষোভের অন্যতম কারণ, সমঝোতায় কার্বন-নিঃসরণ কমানো প্রয়োজন বলে উল্লেখ করা হলেও এর লক্ষ্য অর্জনে দেশগুলো কীভাবে কাজ করবে, তার দিকনির্দেশনা দেওয়া হয়নি।বলা হচ্ছে কানকুন সম্মেলনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো, কিয়োটো প্রটোকলের মেয়াদ বাড়ানোর ব্যাপারে অচলাবস্থা কাটাতে না পারা। কিওটোর ধারাবাহিকতায় আইনী বাধ্যবাধকতাসম্পন্ন নতুন চুক্তির আহ্বান জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু চীন ও যুক্তরাষ্ট্র এ ধরনের বাধ্যবাধকতা মেনে চলতে অস্বীকৃতি জানিয়েছে। জাপান বলেছে, সবচেয়ে বেশি কার্বন-নিঃসরণকারী দেশ চীন ও যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে কোনো সমঝোতা সম্ভব নয়। ১৯৯৭ সালে জাপানের কিওটোতে আইনী বাধ্যবাধকতাযুক্ত কিওটো প্রটোকল চুক্তি স্বাক্ষরিত হয়।মতৈক্যের ওপর গুরুত্ব দিয়ে ১১ ডিসেম্বর সম্মেলনের শেষ দিনে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘বিশ্বের প্রতি আমাদের অঙ্গীকার অবশ্যই পালন করতে হবে। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় পরবর্তী সম্মেলনে মিলিত হওয়ার আগে আমাদের বেশ কঠিন পথ পাড়ি দিতে হবে।’