আশা-নিরাশার দোলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শুরু থেকে শেয়ারবাজার নিয়ে অনেকটাই আশাবাদী ছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু গত সপ্তাহের শেষ দিন থেকে দরপতন শুরু হয়ে চলতি সপ্তাহেও এর রেশ থাকায় হতাশ হয়েছেন তাঁরা। বাজার-বিশ্লেষকেরা মনে করেন, নিরবচ্ছিন্নভাবে দুই সপ্তাহ স্থিতিশীলতা ধরে রাখা গেলে বাজার দাঁড়িয়ে যেত। বাজার বিশ্লেষণে দেখা যায়, নতুন বছরে শেয়ারবাজারে প্রথম বড় ধরনের দরপতন হয়েছে গত সোমবার। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিইসি) সার্বিক মূল্যসূচক কমেছে ৪১৯ পয়েন্ট এবং লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৮ শতাংশের দাম কমেছে। অপরদিকে, মঙ্গলবার সিইসিতে সার্বিক মূল্যসূচক কমে দাঁড়ায় ২৭৮ পয়েন্টে এবং লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৯০ শতাংশেরই দাম কমে যায়।গত বৃহস্পতিবার লেনদেন ও সূচক কমে যাওয়ার বিষয়টিকে বাজার সংশোধন হিসেবে দেখেছেন অনেকে। রোববার থেকে ক্রমাগত দরপতনে সে ধারণা পাল্টে যায়। মনোবল ভেঙে যায় বিনিয়োগকারীদের। তাঁরা মনে করেন, বাজার এখনো গুটিকতক মানুষের হাতে জিম্মি। তাঁদের ইচ্ছা-অনিচ্ছাই প্রতিফলিত হচ্ছে এখানে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব হবে না। অপরদিকে, বাজার-বিশ্লেষকেরা এখনো আশাবাদী। তাঁদের মতে, দেশের অর্থনীতি ও মুদ্রানীতি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। এরই প্রভাব পড়েছে শেয়ারবাজারে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে এসব গুজব যাতে ডালপালা গজাতে না পারে সেদিকেই এখন নজরদারি বাড়ানো দরকার। এখনো শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরেনি এ কথা স্বীকার করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সহসভাপতি তারেক কামাল বলেন, ‘দীর্ঘদিনের নড়বড়ে এ ভিতটাকে শক্ত করতে কিছুটা সময় লাগবে। তবে আমরা আশাবাদী। বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে আনার কাজ দ্রুত গতিতেই চলছে।’তারেক কামাল আরও জানান, শেয়ারবাজারের অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার কাজও চলছে। এই লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে ডিমিউচুয়েলাইজেশনের কাজ। অর্থমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে। তিনি চলতি মাসে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে এর একটি চূড়ান্ত রূপ দেবেন।জানা গেছে, পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে বিশেষ স্কিম কমিটি। গত ২৭ নভেম্বর সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে বিশেষ তহবিল প্রণয়নের লক্ষ্যে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। পরবর্তীকালে কমিটির কাজের সুবিধার্থে একজন সদস্য বাড়ানো হয়। বর্তমানে এ কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন আইসিবির (ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়কুজ্জামান। বৃহস্পতিবার এই কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটি গত ১৮ ডিসেম্বর ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের চিহ্নিত করতে সব মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের কাছে মার্জিন ও নন মার্জিন হিসাবের তথ্য চেয়ে চিঠি দিয়েছে। গতকাল বুধবার নগরের আগ্রাবাদের একটি ব্রোকারেজ হাউজে কথা হয় মো. কামাল হোসেন নামে এক বিনিয়োগকারী সঙ্গে। তিনি ২০০৭ সাল থেকে শেয়ারব্যবসার সঙ্গে জড়িত। কামাল ক্ষোভের সঙ্গে জানালেন, ‘আমার পুঁজি যা হারিয়েছি তা আর ফেরত পাওয়ার আশা করি না। কিন্তু কষ্ট লাগে এই ভেবে যে, বাজারটা এখনো গুটিকয়েক মানুষের হাতে জিম্মি। এদের কাছে প্রচুর টাকা। তাঁরা ইচ্ছেমতো শেয়ার কেনাবেচা করে আমাদের বেকায়দায় ফেলে। এভাবে বাজার ঠিক হবে না। আমি মনে করি, প্রধানমন্ত্রী যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন সে বিষয়ে নজরদারি নেই বলে বাজার ঠিক হচ্ছে না।’ ব্রোকারেজ হাউজ বি-রিচের মানবসম্পদ ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান মনিজা রহমান বাজারকে তার নিজ গতিতে চলতে দেওয়ার পক্ষে মতামত দেন। একই সঙ্গে তিনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। এদিকে, বাজারের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বিনিয়োগকারীরা আরও কিছু দাবি তোলেন। তাদের এসব দাবির মধ্যে রয়েছে, মুদ্রানীতির কোনো প্রভাব যেন শেয়ারবাজারে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে, বাজারে সরকারি শেয়ার আনার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, উদ্যোক্তা পরিচালকদের দুই থেকে ৩০ শতাংশ শেয়ার থাকার বিষয়টি নিশ্চিত করা, কোম্পানির নীরিক্ষা প্রতিবেদনে স্বচ্ছতা নিশ্চিত করা, সিদ্ধান্ত বাস্তবায়নে এসইসি কর্তৃপক্ষ কারও দ্বারা প্রভাবিত না হওয়া।