আশাজাগানিয়া আরও এক ধাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের মেলায় একটি স্টলে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ছবিটি গত শুক্রবার বিকেলে তোলা l জুয়েল শীল
নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের মেলায় একটি স্টলে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ছবিটি গত শুক্রবার বিকেলে তোলা l জুয়েল শীল

ঢাকা থেকে নিজের বুটিকের পোশাক, বিছানার চাদরসহ নানা পণ্য নিয়ে চট্টগ্রামে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের মেলায় অংশ নিয়েছেন সাকি বুলবুল। নিজেকে তিনি ক্ষুদ্র উদ্যোক্তা বলেই পরিচয় দেন। লাভ নয়, মেলার মাধ্যমে নিজের পণ্যের পরিচিতি করানো তাঁর কাছে মুখ্য। এ কারণে পরপর ছয়বার নারী উদ্যোক্তাদের মেলায় অংশ নেওয়া হয়ে গেল তাঁর। সাকির মতো প্রায় ১০০ নারী উদ্যোক্তা এবারের মেলায় অংশ নিয়েছেন।
নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে নবমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের মেলা। চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজক। গত ২৫ অক্টোবর শুরু হওয়া এ মেলার পর্দা নামছে আগামীকাল ৩০ নভেম্বর।
আয়োজকেরা জানান, মেলায় গত বছর অংশ নেন ৬০ থেকে ৭০ জন উদ্যোক্তা। এবার তা বেড়েছে। এটাকে আশাজাগানিয়া আরও একটি ধাপ পার হওয়া হিসেবে দেখছেন তাঁরা।
মেলা কমিটির চেয়ারম্যান ও উইমেন চেম্বারের পরিচালক রেখা আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দেশে একমাত্র চট্টগ্রাম উইমেন চেম্বারই ধারাবাহিকভাবে মাসব্যাপী মেলার আয়োজন করে আসছে। এটি নারী উদ্যোক্তাদের জন্য অনেক বড় অর্জন। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় আমরা নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই, এ মেলা তার প্রমাণ। নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে এবার ৪০ জনকে বিনা মূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।’
আয়োজকেরা জানান, এবারের মেলায় বিভিন্ন ধরনের পণ্যের সাড়ে তিন শ স্টল রয়েছে। নারী উদ্যোক্তা ছাড়াও সব ধরনের ব্যবসায়ী মেলায় অংশ নিয়েছেন। এ ছাড়া ‘মেলার মধ্যে মেলা’ শিরোনামে পাঁচ দিনব্যাপী আলাদা ব্যাংকিং-ম্যাচ মেকিং ও আইটি (তথ্যপ্রযুক্তি) ফেয়ারের আয়োজন করা হয়।
রেখা আলম চৌধুরী বলেন, ‘ব্যাংকিং-ম্যাচ মেকিং মেলার মাধ্যমে আমরা নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়ার প্রক্রিয়াকে সহজ করতে চেয়েছি। ব্যাংকগুলোর কাছ থেকে কীভাবে ঋণ পেতে পারেন সে ব্যাপারে ধারণা পেয়েছেন মেয়েরা। আর আইটি মেলাটা খুবই সফল হয়েছে। অনলাইনে ব্যবসায় আগ্রহী নারীর সংখ্যা এখন অনেক।’ তিনি বলেন, শুরুর দিকে মেলায় জনসমাগম কিছুটা কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে।
মেলায় ঘুরে বিভিন্ন স্টলের বিক্রেতাদের সঙ্গে কথা বলেও একই কথা জানা গেল। গত শুক্রবার ছুটির দিনে গিয়ে দেখা গেল, দর্শনার্থীদের বেশ িভড়। অবশ্য িভড় থাকলেও বিক্রি নিয়ে বিক্রেতারা সন্তুষ্ট নন। ‘রূপের হাট’ স্টলে বিক্রি হচ্ছে সেলাই ও সেলাইবিহীন নানা নকশার সালোয়ার-কামিজ। সাড়ে তিন শ থেকে দুই হাজার টাকার মধ্যে পোশাক বিক্রি করছেন তাঁরা। স্টলের বিক্রেতা মো. জাফর বলেন, মেলায় তাঁরা প্রায় ২০ লাখ টাকার মালামাল এনেছেন। তবে প্রত্যাশিত বিক্রি হয়নি।
মেলায় নিত্যপ্রয়োজনীয় টুকিটাকি থেকে শুরু করে ঘরের আসবাবপত্রের স্টলও রয়েছে। তরুণীদের ভিড় বেশি গয়না, রূপসজ্জার উপকরণের দোকানে। আর গৃহিণীদের আগ্রহ গৃহস্থালি পণ্য ও গৃহসজ্জা নানা উপকরণ কেনার দিকে। সালোয়ার-কামিজ, শাড়ি কিংবা শালের দোকানেও ভিড়ের কমতি ছিল না। ছোট-মাঝারি উদ্যোক্তারা ছাড়াও মেলায় অংশ নিয়েছে আরএফএল, ইটালিয়ানো, কিষোয়ান, হ্যামকোর মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোও। ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে প্রায় সব দোকানেই ছাড় রয়েছে। আরএফএল স্টলের দায়িত্বে থাকা মো সাইদুজ্জামান জানান, মেলাতে তাঁদের প্রতিটি পণ্যেই ৫ শতাংশ করে ছাড় দেওয়া হচ্ছে। আর ইটালিয়ানোর পণ্যতে ছাড় রয়েছে ১০ শতাংশ।
এদিকে ‘একটি কিনলে ১০টি ফ্রি’ বিশেষ অফারের সাইনবোর্ডও দেখা গেল কয়েকটি ক্রোকারিজ ও গৃহস্থালি পণ্য বিক্রির দোকানে। এ রকম একটি দোকানে বিশেষ অফারটি খুঁটিয়ে দেখছিলেন নগরের সিরাজউদ্দৌলা সড়কের বাসিন্দা আনোয়ারা বেগম। কিনবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সাড়ে ২০ হাজার টাকা দিয়ে বৈদ্যুতিক চুলা কিনলে সঙ্গে নাকি মাইক্রোওয়েভ, পানির জার, ননস্টিক তৈজসপত্রসহ ১০ ধরনের পণ্য ফ্রি দেবে। কিন্তু এত টাকা দিয়ে কিনব কি না, বুঝতে পারছি না।’
মেলায় ‘ফরেন জোন’ নামের একটি বিশাল প্যাভিলিয়নের মধ্যে দেখা গেল বেশ কয়েকটি আলাদা আলাদা স্টল। প্রধানত ভারত, পাকিস্তান থেকে আনা সালোয়ার-কামিজ, শাল ও ইরান থেকে আনা বিভিন্ন ধরনের তৈজসপত্র বিক্রি হচ্ছে সেখানে। ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা পোশাক নিয়ে এ রকম একটি স্টল নিয়েছেন ঢাকার ব্যবসায়ী রেজাউল করিম। তিনি বলেন, ‘মেলায় আসা বেশির ভাগই দেখছি দর্শনার্থী। অনেকেই দরদাম করছেন, কিন্তু কিনছেন কম।’
মা-বাবার হাত ধরে মেলায় আসা শিশুদের জন্য রয়েছে খুদে শিশু পার্ক। আনন্দ নিয়ে সেখানে খেলছে শিশুরা।