অফিস থেকে বের হওয়ার সময় ম্যানেজার স্যার জিজ্ঞেস করলেন, ‘আপনার বোন এখন কেমন আছেন?’ কিছুক্ষণ চুপ করে থেকে ‘ভালো আছে টাইপ’ মাথা নাড়ালাম। যেখানেই যাই, ইনিয়েবিনিয়ে সবার একই প্রশ্ন। অনেকেই হয়তো সহানুভূতিশীল। কিন্তু আমার তো আর ভালো লাগে না। এই প্রশ্নটা যে আমার জন্য কত কষ্টের, তা কি কেউ বুঝবে না? দুঃখের কথা শুনতে মানুষের এত আগ্রহ কেন? রিকশায় বাড়ি ফিরছি। মাদারীপুর শহরটা কোনো দিন এত বিষণ্ন লাগেনি। কত কথা মনে পড়ছে! আপা বিয়ের পর চলে গেলেন অস্ট্রেলিয়ায়। যাওয়ার আগের দিন সারা বিকেলে রিকশায় দুই ভাইবোন ঘুরলাম। সন্ধ্যায় বাড়ির কাছাকাছি এসে আপা বললেন, ‘বাদল, আমি চলে গেলে তোর খুব অসুবিধা হবে, না রে?’ একবার ভেবেছিলাম হ্যাঁ-সূচক মাথা নাড়াই, আবার মনে হলো ‘না’। কিন্তু অসুবিধা যে হবে, সেটা আপার চেয়ে ভালো আর কে জানে। কিছুদিন পর টাইফয়েড হলো। মনে হচ্ছিল মরেই যাব। এর মধ্যে ‘সংসার উচ্ছন্নে যাচ্ছে টাইপ’ কারণ দেখিয়ে আব্বা হুট করে একটা বিয়েই করে ফেললেন। বুঝলাম, বিপদ একা আসেনি। সৎমায়ের কথা কী বলব। আব্বার সঙ্গেও আর কথা বলতে ইচ্ছে করত না। কদিন পর আপার চিঠি পেয়ে মনটা নরম হয়ে গেল। বাদল,কেমন আছিস রে? আমার জন্য তোর খারাপ লাগে না? প্রায়ই তোকে স্বপ্নে দেখে কাঁদি। দেখি, তুই খালি পানিতে যাচ্ছিস। আমার কাছে তুই বড় হইলি না রে...। আমরা ভালো আছি। ভালো থাকিস। ইতি—আপা। উত্তর দেওয়া দরকার। কিন্তু কী উত্তর দেব? ‘আমি ভালো আছি।’ এত বড় মিথ্যা বলব? ওর খারাপ লাগবে না? ভাবলাম, থাক, একদিন বলব আমি কেমন ছিলাম। দেখতে দেখতে তিন-চার বছর কেটে গেল। একটা এনজিওতে জয়েন করলাম। আপাদের একটা মেয়ে হলো—‘তমা’। একেবারে দেবশিশু। প্রথম প্রথম যখন কথা শেখে, তখন ফোনে আমাকে ডাকত ‘বা...’। আপা, আপার সংসার, বাচ্চাটাকে খুব দেখতে ইচ্ছে করত। আপা প্রায়ই ফোনে তাগাদা দিতেন, ‘আইইএলটিএসটা দে। আমি সব ব্যবস্থা করছি।’ পরীক্ষাটা দিই দিই করতে করতেই সবকিছু ওলট-পলট। একদিন সন্ধ্যায় তৃতীয় তলার জানালা থেকে পড়ে তমা মারা গেল। সন্তান হারিয়ে একজন মা কি সুস্থ থাকতে পারেন? খাওয়া-নাওয়া ছেড়ে দিলেন। ফিরে এলেন দেশে। মাস খানেকের মধ্যেই দুলাভাইয়ের ডেঙ্গু। এটা কি কোনো বড় অসুখ? কিন্তু তিনি শেষরক্ষা পেলেন না। মানুষের ভাগ্য কি এত খারাপ হয়? হয়তো হয়। এ যেন কলস ভরতে ঘাটে এসে চোখ ভরে গেল জলে। আপার পৃথিবীটা বদলে গেল, উদ্ভট সব কাণ্ড করছেন। একদিন দেখি, লেবুগাছের ঝোপের মধ্যে ওত পেতে আছেন। জিজ্ঞেস করলাম, ‘কী করছো, আপা?’‘চুপ, বাদলা, কথা বলিস না। দেখিস না পাখি ধরছি?’‘পাখি ধরছো?’ ‘হু। সুখপাখি...সুখ।’ আপা ঘরে, উঠানে ধান বোনার মতো করে প্রায়ই স্বপ্ন বোনেন। হাসেন, কাঁদেন, প্রদীপ জ্বেলে বসে থাকেন। এসব দেখে আমার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, হু-হু করে...। ঢাকায় ভালো একটা চাকরির প্রস্তাব পেয়েছিলাম। যাইনি। কারণ, আপা এখন অনেক কিছুই বুঝতে পারেন না, কিন্তু আমি তো বুঝি। সৎমায়ের সংসার, আপাকে যদি পাগলাগারদে পাঠিয়ে দেয়! রিকশাওয়ালার কথায় সংবিৎ ফিরে পেলাম। বাসায় ঢুকে জুতার ফিতার গিঁট খুলছি, আপা এসে বললেন, ‘একটু ধর তো।’‘কী ধরব?’ ‘একটু চেপে ধর, দেখছিস না বাঁধছি?’‘ও আচ্ছা।’ আপা শূন্যে গিঁটের ওপর গিঁট দিচ্ছেন। শূন্যেই আঙুল দিয়ে চেপে ধরার ভঙ্গি করলাম। তিনি মহা আগ্রহে পরের গিঁট দিচ্ছেন। জানতে চাইলাম, ‘কী বাঁধছো, আপা?’ ‘কেন? দেখিস না বুঝি?’‘না, কিছুই তো দেখছি না...।’ ‘আশা বাঁধছি...আশা। এই দেখ কতগুলো বেঁধেছি। হু, ডাবল গিট্টু দিয়েছি সব। ঢিলেঢালা করে বাঁধলে কি আর হবে, বল? এইটা তমার...আসিফের...এইটা মার, এইটা...। ওরা সবাই ফিরে আসবে...দেখিস।’ হাসিমুখে কথাগুলো বলতে বলতে আপা কেঁদে ফেললেন। আমিও চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। অনেক দিন পর আমরা দুটি ভাইবোন পরস্পরকে ধরে আবার কাঁদলাম। অনেকক্ষণ...। সিডনি, অস্ট্রেলিয়া থেকে [email protected]