আশাবাদ বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্ম ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর। ২০০৪ সাল থেকে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন কেমব্রিজ (১৯৫৭) ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (১৯৬২) থেকে। ২০০৫ সালের ৮ জুলাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি এ বক্তব্য দেন।আজ আমি অত্যন্ত আনন্দিত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ঘিরে আমার রয়েছে দারুণ সব স্মৃতি। এখানে আমি অসাধারণ কিছু সময় কাটিয়েছি। বিশ্ববিদ্যালয় আমাকে যে সম্মান দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। জীবনে অনেক ডিগ্রি আমি পেয়েছি। কিন্তু ছাত্রাবস্থায় যে প্রতিষ্ঠানটি আমাকে মায়ের মতো আগলে রেখেছিল, সে প্রতিষ্ঠান থেকে ডিগ্রি পাওয়ার বিষয়ের সঙ্গে অন্য কিছুর তুলনা হতে পারে না। আমি আজ সম্মানিত বোধ করছি। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এই দিনটিকে সত্যিই আমি হূদয়ে ধারণ করি।প্রতিনিয়ত বদলে যাচ্ছে পৃথিবীটা। আমার ছাত্রাবস্থা থেকে এখন পর্যন্ত সময়ের সঙ্গে সঙ্গে হাজারো পরিবর্তন এসেছে চারপাশে। তবে কোনো কোনো সমস্যা এখনো আগের মতোই রয়ে গেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যেমন বদলেছে সমস্যার ধরন, তেমনি বদলেছে এর সমাধানের কৌশলও। গত কয়েক যুগে বদলে গেছে উন্নয়নশীল দেশগুলোর কাঠামো। তারা নতুন করে ফিরে পাচ্ছে আত্মবিশ্বাস। একজন ভারতীয় হিসেবে নতুন এই পৃথিবীটাকে নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। যেকোনো উদ্দেশ্য নিয়ে আমরা এখন এগিয়ে যেতে পারি নির্দ্বিধায়। এই নতুন ধরনের আশাব্যঞ্জক চিন্তাভাবনা দিনকে দিন বাড়িয়ে চলছে আমাদের আত্মবিশ্বাস। বাড়িয়ে চলছে কাজের গতি। এর সবটুকু কৃতিত্ব একদল শিক্ষিত যুব সম্প্রদায়ের। এরাই একটি দেশের সুনাগরিক বলে বিবেচিত হয়। একটি জাতিকে শক্তিশালী করে তোলার জন্য প্রয়োজন একদল মেধাবী ছাত্র। হাজারো তরুণ শিক্ষার্থী আত্মবিশ্বাস বাড়িয়ে নতুন এক ভারত গড়ে তোলার কাজে অবদান রাখছে।এ বিশ্ববিদ্যালয় থেকে গত শতাব্দীর পঞ্চাশের দশকে অর্থনীতি সম্পর্কে যে ধারণা আমরা পেয়েছিলাম, তাতে ছিল যুদ্ধ-পরবর্তী ও উপনিবেশ-পরবর্তী আশাবাদ। কিন্তু ষাট ও সত্তরের দশকে উন্নয়ন অর্থনীতির ভাবনাটাই গেছে বদলে। বিশ্ব বাণিজ্য থেকে উন্নয়নশীল দেশগুলো লাভবান হবে কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যায়।এখানে, এই অক্সফোর্ডে ১৯৩১ সালে মহাত্মা গান্ধী এসেছিলেন। সে সময় লন্ডনে গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার জন্যই মূলত তাঁর এই ইংল্যান্ড সফর। তারই অবকাশে অক্সফোর্ডের ব্যাল্লিওল কলেজের অধ্যাপক এ ডি লিন্ডসের বাড়িতে তিনি দুটি সাপ্তাহিক ছুটি কাটিয়েছিলেন। সে রকম এক সভায় মহাত্মাকে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনি ভারতকে ব্রিটিশ সাম্রাজ্য থেকে কতটা আলাদা করতে চাইছেন?’ খুবই সুস্পষ্ট ছিল মহাত্মার উত্তর, ‘সাম্রাজ্য থেকে পুরোপুরি আলাদা হতে চাই; তবে যদি আমি ভারতীয়দের লাভবান হিসেবে দেখতে চাই এবং দুঃখ-দুর্দশামুক্ত দেখতে চাই, তাহলে ব্রিটিশ জাতি থেকে একেবারেই আলাদা হতে চাই না।’ এরপর তিনি যোগ করেন, ‘সাম্রাজ্য হিসেবে ব্রিটিশ সাম্রাজ্য টিকে আছে স্রেফ ভারতের জন্যই। সাম্রাজ্য বিষয়টাকেই দূর করতে হবে, ব্রিটেনের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সম-অংশীদার হিসেবে, তাদের আনন্দ ও বেদনারও অংশীদার হব আমরা।’ মহাত্মার এই অসামান্য ভাবনার ভিত্তিতেই আমরা ব্রিটেনের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তুলেছি।১৯৯১ সালে যখন আমি ভারতের অর্থমন্ত্রী হিসেবে কাজ শুরু করলাম, তখন আমাদের সরকার ভারত-যুক্তরাজ্য পারস্পরিক সহযোগিতার ওপর সবচেয়ে জোর দিয়েছিলাম। আমার মনে এখন আর কোনো সন্দেহই নেই, ভারত ও যুক্তরাজ্যের মধ্যে চমৎকার অংশীদারির সম্পর্ক তৈরি হয়েছে এবং বৈশ্বিক ইস্যু নিয়ে দুই দেশের বেশির ভাগ ভাবনাতেই মতৈক্য রয়েছে।ইংরেজি ভাষা এবং আধুনিক স্কুল-ব্যবস্থাও কম গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখানকার মানুষ হয়তো চিনতে পারবে না আমাদের বলা ভাষা, কিন্তু আমি তাদের আশ্বস্ত করতে পারি, এটা ইংরেজি! পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মানুষ তাদের নিজেদের মতো করেই এই ইংরেজি ভাষা তৈরি করে নিয়েছে। আমরা যে ইংরেজিতে কথা বলি, সে ইংরেজিতে হয়তো যুক্তরাজ্যের রানি কথা বলেন না, আমরা হয়তো মূল ক্রিয়াকে ভেঙে উচ্চারণ করি, কোনো একটা বর্ণ ফেলে দিই, কিংবা অন্য কোনো বর্ণ যোগ করি, কিন্তু তাতে সবাই নিশ্চয়ই একমত হবেন যে এই ভারতীয় সৃজনশীল সবকিছুর মধ্য দিয়ে ইংরেজি ভাষাটাও উপকৃত হচ্ছে। আমরাই তো আপনাদের একজন আর কে নারায়ণ বা সালমান রুশদী উপহার দিয়েছি।জাতি, ধর্ম আর বর্ণের ভিত্তিতে কখনো পার্থক্য করা উচিত নয়। সব মানুষকে সমান দৃষ্টিতে দেখতে হবে। ছাত্র, শিক্ষক, দিনমজুর, পুলিশ থেকে শুরু করে দেশের সব পেশার মানুষ রাষ্ট্র থেকে সমান সুযোগ পাবে। ক্ষমতার অপব্যবহার থাকলে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। বিভিন্ন ধরনের মানুষ একসঙ্গে সুখে-শান্তিতে বসবাস করলেই সত্যিকারের গণতন্ত্রের স্বাদ পাওয়া যাবে। অস্তিত্ব থাকবে না রাহাজানি, হানাহানি আর হত্যার মতো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতাঞ্জলিতে বলেছিলেন,‘পশ্চিম আজি খুলিয়াছে দ্বারসেথা হতে সবে আনে উপহার,দিবে আর নিবে, মিলাবে মিলিবেযাবে না ফিরে—এই ভারতের মহামানবেরসাগরতীরে।’বিভিন্ন দেশের সংস্কৃতি আদান-প্রদানের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দারুণ একটি জায়গা। এখানকার মানুষগুলো মুক্তচিন্তার ধারক। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পায় ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। ভারতের মানুষের চালচলন, নীতি, জীবনযাপনের পদ্ধতি, সংস্কৃতি, ভাষা—এসব ব্যাপারে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার জন্য যেসব অধ্যাপক কাজ করেছেন, তাঁদের মধ্যে ড. এস রাধাকৃষ্ণান, যিনি পরবর্তী সময়ে ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ড. বিমল কৃষ্ণ মতিলালের কথা আমরা গর্ব করে বলতে পারি। আরেকজনের কথা না বললেই নয়, যিনি ভারতকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন। তিনি লর্ড কার্জন। জওহরলাল নেহরু বলেছিলেন, ‘সকল ভাইসরয়ের কথা ভোলা গেলেও কার্জনের কাজের জন্য তাকে কেউ ভুলতে পারবে না। কারণ, সুন্দর এই দেশ ভারতের সৌন্দর্য বৃদ্ধি এবং উন্নতির জন্য তিনি কাজ করেছেন।’সুযোগ পেলেই আমি আবার ফিরে আসতে চাই এ বিশ্ববিদ্যালয়ে। মহান কিছু মানুষের সঙ্গে সময় কাটিয়েছি আমি এখানে। তাদের সঙ্গে কথা বলেছি নিজের স্বপ্নগুলো নিয়ে। জানতে পেরেছি মানবতাবোধ সম্পর্কে। নিজের কথাগুলো অল্প সময়ে শিক্ষার্থীদের বলতে পেরে ভালো লাগছে। এ সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। জীবন এবং সমাজকে বদলে দেওয়ার জন্য সবারই যেন সমান অবদান থাকে। একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে একসঙ্গে কাজ করা উচিত সবার।সূত্র: www.hindu.com/ thehindu/nic/0046/pmspeech.htmইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ