আশাবাদী ও নৈরাশ্যবাদী
সিলভেস্টার গালামবোশক আর খ-এর ভেতরে অদ্ভুত কিছু সাদৃশ্য আছে। দুজন সমবয়সী, দুজনই একই বিষয়ে উচ্চশিক্ষাপ্রাপ্ত, দুজনের চেহারায় মিলও অবিশ্বাস্য। তবে তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বিপরীতমুখী। ক নৈরাশ্যবাদী আর খ আশাবাদী। নিজের ৩৫ বছর বয়সে মাথার টিকির অঞ্চলে টাক পড়তে দেখে হতাশায় ভেঙে পড়ল ক। আর খ সানন্দে লক্ষ করল, তার অভিজাত খুদে টাকের চারপাশটি চুল ঘিরে রেখেছে কী চমৎকার এক ফ্রেমের মতো! ওজন দুজনেরই ৫৫ কিলোগ্রাম। নিজের শীর্ণকায় শরীর নিয়ে দুঃখের অন্ত নেই ক-এর। খ কিন্তু মওকা পেলেই নিজের ছিপছিপে শরীর নিয়ে গর্ব করতে ছাড়ে না।এক বিষণ্ন দিনে ক গুনে দেখল, তার চার-চারটি দাঁত নেই! ওদিকে খ প্রফুল্লচিত্তে বলে বেড়াল, তার দাঁত নেই মাত্র চারটি। চাকরিতে প্রমোশনের নিষ্ফলা, দীর্ঘ প্রতীক্ষায় দিন কাটে ভগ্নহূদয় ক-এর। পক্ষান্তরে, এ নিয়ে দুশ্চিন্তার লেশমাত্র নেই খ-এর মাথায়। সে জানে, প্রমোশন মানেই অতিরিক্ত দায়িত্ব, সার্বক্ষণিক ঝঞ্ঝাট, বিড়ম্বনা আর উটকো ঝামেলা। বিয়ে করল তারা একই সঙ্গে। ক-এর স্ত্রীর বয়স ইতিমধ্যেই ৩০। আর খ-এর স্ত্রীর বয়স সবে ৩০।একদিন ভরসন্ধ্যায় বাড়ি ফিরছিল ক আর খ। হঠাৎ ঠিক তাদের সামনে ব্রেক কষল ধূসর রঙের ফোল্কসভাগেন। তবে শেষরক্ষা তাতে হলো না। গাড়িটি আঘাত করল দুজনকেই। সে মুহূর্তে ঈশ্বরের কাছে নিজের প্রাণ সঁপে দেওয়ার চিন্তা এল ক-এর মাথায়। আর খ ভাবছিল, সে মারা গেলে জীবনবিমার বেশ কিছু টাকা পাবে বউটা। তাদের জ্ঞান ফিরল হাসপাতালে। দুটো করে পাঁজরের হাড় ভেঙেছে দুজনেরই। হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল ক। তবে খ ছিল খোশমেজাজে—পাঁজরের অজস্র হাড় আস্ত আছে তার! তার চেয়ে বড় কথা, হাসপাতালের নার্সগুলোকে তার ভারি মনে ধরেছে। হ্রস্ব অ্যাপ্রোন পরা মেয়েগুলো কী একহারা! কী মনোলোভা! আহা!ক হাসপাতালে থাকল দীর্ঘ ১৪টা দিন! আর খ-মাত্র দুই সপ্তাহ!হাঁটতে কষ্ট হচ্ছিল দুজনেরই। তাই অ্যাম্বুলেন্সে করে তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হলো। সংকীর্ণ এক স্ট্রেচারে শুতে হলো বলে মেজাজটা খিঁচড়ে গেল ক-এর। আর জানালা দিয়ে তাকিয়ে রাস্তায় ট্যাক্সির জন্য লম্বা লাইন দেখে খ-এর মুখমণ্ডল ভরে উঠল তৃপ্তির হাসিতে। বুদাপেস্টে ট্যাক্সির জন্য লাইনে দাঁড়িয়ে অনন্তকাল অপেক্ষা করার চেয়ে অ্যাম্বুলেন্সে চেপে যাওয়াটা কত্ত বেশি সুখকর!