সবিস্তার ঘটনা শুনে আমি মিঠুর করুণ মুখের দিকে তাকিয়ে বললাম, ‘তুই এত ভেঙে পড়ছিস কেন? দেখিস, একদিন তোরও হবে। এখনো তো অনেক সময় বাকি আছে।’
: কচুটা হবে। আসলে আমার কপালটাই এমন। কী যে পোড়া কপাল নিয়ে জন্মেছি! সবার হয় এক রকম আর আমার অন্য রকম। কিছু হলে এতদিনে ঠিকই হতো।
: আরে ধুর ছাতা, খালি শোকগীতি। বললামই তো, এটা নিয়ে এত টেনশন না করে নিজের কাজগুলা ঠিকঠাক মতো করে যা। এই আমি বলছি, তোরও হবে। কত হ্যাবলা-ক্যাবলার পর্যন্ত হয়ে যাচ্ছে। সাদ্দামের মতো পাবলিকের যদি হতে পারে, তাইলে তোর হবে না কেন!
: দোস্ত, থাক, আর মোটিভেশনাল স্পিচ দিতে হবে না। আমি তো জানি, কী হাতি-ঘোড়া আমার হবে। চেনা-পরিচিত কারও কাছে মুখে দেখানোর জো নেই। কেউ জিজ্ঞেস করলে যখন ‘না’ বলি তখন এমনভাবে তাকায় যেন আমি ভিনগ্রহের কেউ! আসলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না।
: দেখ, এখনই হাল ছেড়ে দিস না। তা ছাড়া এটা তো পুরোপুরি তোর হাতে না। ভাগ্যও তো থাকা লাগে। তোর মতোই আমাদের পাশের বাসার শিহাবও হাহুতাশ করত। অথচ গত সপ্তাহে ওরও হয়ে গেছে। ভাগ্য কার কখন খুলে যায় কে বলতে পারে!
: আর ভাগ্য। ফেলোশিপের বেলায় কী হলো দেখলি না? ছয়জন একসঙ্গে অ্যাপ্লাই করলাম। তোরা পাঁচজন ঠিকই পেলি, বাদ গেলাম কেবল আমি। বান্দরবান ট্যুরের সময় আমার জন্যই শুধু টিকিট পাওয়া গেল না। লাস্ট সেমিস্টারে সবাই কেমন কেমন করে পার হয়ে গেলেও আমি একাই রিটেক খেলাম। আর এখন তো নিজেই দেখছিস। তোরা কী সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দিলি, আমিই কেবল...। আচ্ছা বল তো, আমার সঙ্গেই কেন সব সময় এমন হতে হবে? হোয়াই অলওয়েজ মি?
আমি আর অযথা ‘হোয়াই অলওয়েজ হিম’-এর উত্তর দেওয়ার চেষ্টা করলাম না। মিঠুর বদন যেমন বিরস ছিল তেমনই রইল। আমার জ্বালাময়ী মোটিভেশনাল স্পিচে কাজ না হওয়ায় আমিও ব্যাপক হতাশ হয়ে গেলাম!
ঠিক তিন দিন পর ইনবক্সে মিঠুর মেসেজ পেলাম, ‘দোস্ত, তোর কথাই ঠিক। আজ সকাল থেকেই আমার গিরায় গিরায় ব্যথা। গায়ে হালকা লাল লাল র্যাশও হয়েছে। আর জ্বর তো আছেই। অবশেষে আমিও...!: P’
সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলাম আমি, ‘চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার জন্য তোকে অভিনন্দন, দোস্ত!:)’