আশায় ছাই দিল বেরসিক পুলিশ
শওকত আলীর সাধ ও স্বপ্ন ছিল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত ২৯ মে তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করার কথা ছিল। কিন্তু সে আশায় ছাই দিল বেরসিক পুলিশ। আগের দিন শনিবার রাতে মদপান ও বিক্রির দায়ে তাঁকে গ্রেপ্তার করে উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাদ ছাল্লাল দুই মাসের সাজা দিয়ে হাজতে পাঠান শওকত আলীকে।ঘটনাটি ঘটে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। শওকত আলী কালিয়াইশ মীরনগর এলাকার মৃত হাকিম বক্সের ছেলে।ভ্রাম্যমাণ আদালতের রায় শুনে শওকত আলী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য নির্বাচনে আমার সম্ভাব্য প্রতিপক্ষ সুকৌশলে মদের আসরে বসিয়ে পুলিশে খবর দেয়।’ এ ছাড়া অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত উপজেলার মৈশামুড়ার সাহেব মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩৮), বাঁশখালী উপজেলার কালীপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন (৪০) ও সাতকানিয়া উপজেলার ছদাহা সাতগড়িয়াপাড়ার আবদুর রশিদের ছেলে আবদুর রহমানকে (৩৬) মদপান ও বিক্রির দায়ে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে হাজতে পাঠিয়েছেন।