‘আমরা তো অল্পে খুশি, কী হবে দুঃখ করে/ আমাদের দিন চলে যায় সাধারণ ভাত-কাপড়ে...।’ জয় গোস্বামীর এ লাইনগুলো অনেকেরই নিত্যদিনের জপমালা। যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদের কি আর সুখ-স্বপ্ন-আশা থাকতে পারে? না থাকারই কথা। কেননা, পেটে খেলেই পিঠে সয়। পেটে ভাত জোটে না যার, তার আবার শিক্ষা, মানুষ হয়ে ওঠা! তবু কেউ কেউ প্রতিকূলতা ডিঙিয়ে হয়ে ওঠে অনন্য।এ রকম পাঁচ মেধাবী শিক্ষার্থী—শামীমা আকতার, রনি দাশ, কামরুল ইসলাম, খাদিজা আখতার ও দিবা রানী কর্মকার পেল মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী শিক্ষাবৃত্তি। এদের মধ্যে শামীমা, রনি ও কামরুল সরকারি বৃন্দাবন কলেজের ও হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। সবাই পড়ছে একাদশ শ্রেণীতে।শামীমা আকতার তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলে, ‘আমরা ভাইবোন পাঁচজন। সবাই পড়ালেখা করছি। বাবা কৃষক এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই এত বড় সংসার চালানো বাবার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমন দুঃসময়ে এই শিক্ষাবৃত্তি আমাকে আশার আলো দেখাল।’রনি দাশের বাবা দোকানের কর্মচারী। সংসার চালাতে তাঁরও ত্রাহি অবস্থা। কিন্তু ছেলে যে মাধ্যমিকে জিপিএ-৫ পেয়েছে। তাকে তো পড়ালেখা করাতেই হবে। তাই কষ্টেসৃষ্টে ছেলের পড়ালেখার খরচ চালাচ্ছিলেন। এ সময় তাঁর পাশে সহায় হয়ে দাঁড়াল মানিক চৌধুরী শিক্ষাবৃত্তি।খাদিজা আখতারের পরিবারটাও বড়। ছয় ভাইবোন আর মাকে নিয়ে সংসার চালাতে বাবার চেখে সরষে ফুল। তাই মানিক চৌধুরী শিক্ষাবৃত্তিটা খাদিজার পরিবারে যেন আশীর্বাদ হয়েই নেমে এসেছে।দিবা রানী কর্মকারের অবস্থাও প্রায় খাদিজা আখতারের অনুরূপ। পরিবারে আটজন সদস্য। বাবা শ্রমজীবী। দিবা পড়ছে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে। ‘এই শিক্ষাবৃত্তি আমার শিক্ষার পথকে সুগম করল নিঃসন্দেহে।’ বলছিল দিবা রানী।কামরুল ইসলামের বাবা একজন নিম্নপদস্থ সরকারি কর্মচারী। তিনিও সংসার চালাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খান। তাই বলার অপেক্ষা রাখে না, এই শিক্ষাবৃত্তি কামরুলের পরিবারেও হাসি ফুটিয়েছে।২১ জানুয়ারি হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে হয়ে গেল এই বৃত্তি প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক নিখিল চন্দ্র ভট্টাচার্য। হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভাষাসৈনিক অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই, সরকারি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, উপাধ্যক্ষ নজমুল হক, সহকারী অধ্যাপক আমীর উদ্দিন, ব্যবসায়ী অনুপ কুমার দেব, অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দ দাশ, চেতনায় একাত্তরের (হবিগঞ্জ) আহ্ববায়ক অ্যাডভোকেট সাইদুর রহমান, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষক ইষুভূষণ দাশ রায়, মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর ছেলে রাজন চৌধুরী ও মেয়ে কেয়া চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলপনা কর্মকার।এ বৃত্তি প্রদানের প্রাসঙ্গিকতা তুলে ধরে কেয়া চৌধুরী বলেন, ‘হবিগঞ্জের কলেজ পর্যায়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে। প্রতি বছর জানুয়ারিতে এ বৃত্তি প্রদানের পরিকল্পনা আমাদের রয়েছে।’