লোহাগাড়ার চার ইউনিয়ন—চুনতি, পুুটিবিলা, বড় হাতিয়া ও কলাউজান। এই চার ইউনিয়নের অন্তত তিন হাজার হেক্টর জমি এক ফসলি। শুধু আমনের চাষ হয়। সেচের অভাবে অন্য মৌসুমে পতিতই থাকে জমি। এবার আশায় বুক বাঁধছেন চাষিরা। সেচের ব্যবস্থা হচ্ছে এসব এলাকার জমিতে। নির্মিত হচ্ছে দুটি রাবার ড্যাম ও দুটি জলকপাট (স্লুইস গেট)। ফলে বোরোসহ সবজির আবাদ হবে এসব এক ফসলি জমিতে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্র জানায়, লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের হাঙ্গর খাল ও চুনতি ইউনিয়নের চাম্বি খালে দুটি রাবার ড্যাম নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা।
এ ছাড়া কলাউজানের করম আলী ছড়া ও বড়হাতিয়ার কুলপাগলী ছড়ায় নির্মাণ করা হবে দুটি জলকপাট। এতে ব্যয় হবে সাড়ে চার কোটি টাকা। আগামী জানুয়ারি মাসে এ প্রকল্পের কাজ শুরু হবে। গত নভেম্বর মাসে দরপত্র প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। দুটি রাবার ড্যামকে ঘিরে স্থানীয় কৃষকদের নিয়ে গঠিত হয়েছে সমবায় সমিতি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, সেচসুবিধা পেলে এসব জমিতে বোরোর আবাদ হবে। এতে প্রায় ছয় থেকে সাত হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে। এ ছাড়া বিভিন্ন সবজির চাষও করা যাবে।
চাষিরা জানান, ২০০১ সালে লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে টংকাবতী খালে রাবার ড্যাম নির্মিত হওয়ার পর এ অঞ্চলে কৃষিসহ আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। চরম্বায় চাষাবাদযোগ্য জমির পরিমাণ ৩৯২ হেক্টর থেকে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার হেক্টরে। পাশাপাশি একরপ্রতি সেচ খরচ কমে যাওয়ায় উপকৃত হচ্ছেন তাঁরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, লোহাগাড়ায় বছরে ৪৭ হাজার মেট্রিক টন চালের চাহিদা রয়েছে। কিন্তু উৎপাদিত হয় প্রায় ৪২ হাজার মেট্রিক টন। এ রাবার ড্যাম ও জলকপাট নির্মিত হলে এলাকার চাল উৎপাদনের চাহিদা পূরণ হবে।
রাবার ড্যাম ঘিরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চুনতি চাম্বি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ও পদুয়া হাঙ্গর খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি নামে চাষিদের দুটি সংগঠন গঠিত হয়েছে।
চুনতি চাম্বি খালপানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাহবুবর রহমান জানান, রাবার ড্যামকে ঘিরে স্থানীয় তিন শতাধিক কৃষক নিয়ে সমিতি গঠন করা হয়েছে। ইতিমধ্যে সমিতি থেকে কৃষকদের মধ্যে ১৯ লাখ টাকা ঋণ বিতরণ ও প্রায় চার লাখ টাকা সঞ্চয় হয়েছে। ভবিষ্যতে স্থানীয় কৃষকদের দারিদ্র্য বিমোচনে রাবার ড্যাম এলাকায় মাছ চাষের ব্যবস্থাও করা হবে।
পদুয়া হাঙ্গর খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি সভাপতি মো. শহীদুল ইসলাম জানান, এ প্রকল্প ঘিরে প্রায় আট শতাধিক কৃষককে নিয়ে সমিতি গঠন করা হয়েছে। সমিতি থেকে কৃষকদের ১০ লাখ ঋণ দেওয়া হয়েছে। সঞ্চয় রয়েছে ১০ লাখ টাকা।
এ ব্যাপারে এলজিইডির আওতাধীন অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের পরিচালক মো. শহীদুল হক বলেন, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লোহাগাড়ায় রাবার ড্যাম ও স্নুইস গেট নির্মাণ কাজ শুরু হবে। পরবর্তী জুন মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান বলেন, লোহাগাড়ায় আরও দুটি রাবার ড্যাম স্থাপিত হলে এলাকার খাদ্য নিরাপত্তা বাড়বে ও ঘাটতি হ্রাস পাবে।