আশা-নিরাশার দোলাচলে আদিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধন নিয়ে আশাবাদী হতে পারছে না আদিবাসীরা। আইনটি ২০০১ সালে জাতীয় সংসদে পাস হওয়ার পর তা সংশোধন নিয়ে দীর্ঘ ১৩ বছর আলোচনা হয়েছে। সর্বশেষ গত ২৮ জানুয়ারি রাঙামাটিতে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সংশোধনী সংসদে তোলার ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।
জনসংহতি সমিতি সূত্রে জানা গেছে, পার্বত্য চুক্তি বাস্তবায়ন বিষয়ে জানুয়ারি মাসে সরকারি পক্ষের সঙ্গে জনসংহতি সমিতির তিনটি বৈঠক হয়েছে। এই তিনটি বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল ভূমি কমিশন আইন সংশোধন। ৯ জানুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১–এর ১৩টি ধারা সংশোধনের সুপারিশমালা গ্রহণ করা হয়। সুপারিশমালায় স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান আনোয়ারুল হক চৌধুরী এবং পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। পরে ২০ জানুয়ারি পার্বত্য চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও সংসদ উপনেতা বেগম সাজেদা চৌধুরীর সভাপতিত্বে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে সুপারিশমালা চূড়ান্ত হয়।
জনসংহতি ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, আইনটি সংশোধন হলে কমিশনের চেয়ারম্যানের ক্ষমতা কমবে। কমিশনের অধিকাংশ সদস্যের ভোটেই সিদ্ধান্ত গৃহীত হবে। এ ছাড়া কমিশনের বৈঠকে সার্কেল চিফ নিজে না থাকলে তাঁর মনোনীত সদস্য থাকতে পারবেন। পুনর্বাসিত শরণার্থীদের ভূমিসংক্রান্ত বিরোধ পার্বত্য চট্টগ্রামের রীতি, আইন ও প্রচলিত পদ্ধতি অনুযায়ী করা হবে। বর্তমানে আইনের এই ধারায় থাকা ‘রীতি ও আইন’ শব্দ দুটির সঙ্গে ‘প্রচলিত পদ্ধতি’ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া বিদ্যমান আইনে কমিশনের সভায় কোরাম পূর্ণ করার বিষয়ে সংশোধনী আনা হয়েছে। কমিশনের কোনো বৈঠকে বিবেচিত বিষয় অনিষ্পন্ন থাকলে তা পরবর্তী যেকোনো বৈঠকে বিবেচনা ও নিষ্পত্তি করা যাবে। এ ক্ষেত্রে কমিশনের সব সদস্যকে নোটিশ প্রদানের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া প্রস্তাবিত সংশোধনীতে কমিশন কর্তৃক আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের স্বার্থে আবেদনকারীর আবেদন সংশোধন করতে পারার বিধান সংযুক্ত করা হয়েছে।
তবে সংসদে সংশোধনী পাস না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কথা বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জনসংহতি সমিতির নেতারা। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, ‘সরকার যদি আন্তরিকতা নিয়ে বিলটি সংশোধনের জন্য সংসদে পাস করে তা হলে খুব ভালো। আর আগের মতো সময়ক্ষেপণ করলে কোনো কাজই হবে না। গত ১৩ বছরে অনেকবার আশ্বাস পাওয়ার পর কোনো কিছু হয়নি। তাই যত দিন সংশোধনী আইনটি সংসদে পাস না হবে, তত দিন কিছু বলা যাবে না।’
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, ‘এবার যে সিদ্ধান্ত হয়েছে তা নতুন নয়। এর আগে ২০১২ সালেও একবার সংশোধনী আইনটি সংসদে উত্থাপনের কথা ছিল। কিন্তু কী কারণে তা হয়নি, আমরা বুঝতে পারি না। সে কারণে সংশোধন না হওয়া পর্যন্ত উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। তার পরও আমরা আশাবাদী থাকতে চাই, গত ১৩ বছর ধরে তাই আছি।’