রামগড়ে আদিবাসী-বাঙালি সংঘর্ষের পর নিখোঁজ আশীষ চাকমার (১৮) অন্ত্যেষ্টিক্রিয়া করেছে তাঁর পরিবার। এক মাস ধরে অনেক খোঁজাখুঁজির পর তিনি মারা গেছেন বলে ধরে নিয়েছে তাঁর পরিবার। তিনি বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামের দেবপ্রিয় চাকমার ছেলে। এ নিয়ে তাঁর বাবা খাগড়াছড়ি জজ আদালতে ২৯ জনকে আসামি করে মামলা করেছেন। উল্লেখ্য, গত ১৭ এপ্রিল খাগড়াছড়ির রামগড়ে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গিয়ে আদিবাসী-বাঙালির মধ্যে সংঘর্ষে প্রাণ হারান তিন বাঙালি শ্রমিক। আহত হন অন্তত ১০ জন।মামলা সূত্রে জানা গেছে, আশীষ চাকমা চট্টগ্রামের শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। ঘটনার দিন প্রথম পর্বের (সেমিস্টার) পরীক্ষা দেন আশীষ, পরে বাড়ির উদ্দেশে দীঘিনালাগামী শান্তি পরিবহনের গাড়িতে ওঠেন (চট্টমেট্রো-ব ১১০২৬৩)। আশীষের বাবা জানান, ‘বিকেল সাড়ে তিনটার দিকে ছেলেটি আমাকে ফোন করেছিল। মুঠোফোনে জানায়, সে জালিয়াপাড়া এলাকায় গণ্ডগোলের মধ্যে পড়েছে। মুঠোফোনে চির্যাকার-চেঁচামেচি শোনা যায়। এরপর থেকে আশীষের আর কোনো খোঁজ পাইনি।’দেবপ্রিয় চাকমা এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। পরে ৪ মে ২৯ জন বাঙালির নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন দেবপ্রিয় চাকমা। আশীষের মা রুনুপ্রভা চাকমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে কোনো দোষ করেনি। সে চট্টগ্রাম থেকে পরীক্ষা দিয়ে বাড়ি আসছিল। তাকে কেন খুন করা হলো? লাশটাও পাওয়া গেল না। আমার ছেলে কি আর ফিরে আসবে না, আমাকে মা বলে ডাকবে না?’রুনুপ্রভা চাকমা বলেন, ‘চট্টগ্রাম থেকে সে আমাকে মুঠোফোনে বলেছে, মা, আমি বাড়ি আসছি। আমার পরীক্ষা শেষ। তারপর থেকে ছেলের জবান পাইনি।’দেবপ্রিয় চাকমা বলেন, ‘রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের অনেক জায়গায় খোঁজ নিয়েছি ছেলের। আমাদের ধারণা, সে আর বেঁচে নেই। তাকে মেরে ফেলা হয়েছে।’বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তরায়ণ চাকমা বলেন, ‘কোথাও খোঁজ না পেয়ে আশীষের অন্ত্যেষ্টিক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’