খুব অল্প খরচে আমরা ঘুরে ফেললাম শিলংয়ের আশপাশ। কিন্তু দুঃখ ছিল বৃষ্টি নিয়ে। সকালে একটু বৃষ্টি হলেও বিকেল বা দুপুর ছিল ম্যাটমেটে রোদে ভরা। তবে আশা ছিল, চেরাপুঞ্জিতে নিশ্চয় হতাশ হব না। হাজার হোক, জলবায়ুর হিসাব তা-ই বলে।বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকার মধ্যে আছে মেঘালয়ের চেরাপুঞ্জি। মেঘালয়ের রাজধানী শিলং থেকে মাত্র ৬০ কিলোমিটার। যেতে ঘণ্টা দুয়েক লাগে। এখানে সারা বছরই বৃষ্টি হয়। তবে মাউসিনরাম গ্রামটা বেশি বিখ্যাত বৃষ্টির জন্য। এখানে বৃষ্টির কোনো অভাব নেই। যতক্ষণ বৃষ্টি থাকে না, ততক্ষণ মেঘে ঢাকা। চেরাপুঞ্জিতে বছরের আগস্ট মাসে ৩১ দিনের মধ্যে গড়ে ২২ দিন বৃষ্টি হয়। সেখানে প্রায় প্রতিদিনই বজ্রপাত ও ঝড় হওয়ার আশঙ্কা তো থাকেই—এটা বইয়ের কথা। বড় বড় আবহাওয়া গবেষণাকেন্দ্রেরও। কিন্তু বাস্তব কি আসলে তা-ই! যে বৃষ্টি আর মেঘের লোভে এই চেরাপুঞ্জিতে আসা, তা কি মরীচিকা?খুব সকালে মেঘালয় ট্যুরিজমের বাসে চেপে রওনা হলাম চেরাপুঞ্জির উদ্দেশে। চেরাপুঞ্জিকে ঘিরে রয়েছে এক বিশাল ভ্যালি। সবুজ সেই ভ্যালিতে যখন আপনি পৌঁছাবেন, তখন তা স্বর্গের কাছাকাছি মনে হবে। দুই সবুজ পাহাড়ের মাঝে সাদা মেঘ পরি হয়ে আপনাকে স্বাগত জানাবে। কোনো ঝরনা নেই। তবে সব সময়ই কোথাও হারিয়ে যাওয়া জলপ্রপাত কানে নূপুরের নিক্কন তুলবে। ভালো লাগতে বাধ্য। যেকোনো পর্যটকই এখানে এসে কিছুক্ষণ অবাক হয়ে যান। প্রায় সাড়ে চার হাজার ফুট উঁচু থেকে খাড়া সবুজ গালিচা দেখতে একটুও ভয় হয় না। ঘণ্টা খানেকের মধ্যেই আপনি চেরাপুঞ্জির আশপাশে পৌঁছে যাবেন। শহরের মধ্যে ছোট ছোট পাহাড় পেরিয়ে রামকৃষ্ণ মিশন। বছরের যেকোনো সময় এটি মেঘে ঢাকা থাকে। সেই মেঘের চাদর সরিয়ে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে আমরা রামকৃষ্ণ মিশন দেখে ফেললাম। অজান্তেই মনের মধ্যে একটা শীতল-শান্তির অনুভূতি কাজ করে। জোরে কথা বলতে গেলেও মনে হয়, প্রকৃতি রাগ করবে।এরপর বিশাল নোখালিকাই ফলস, মৌসুমি গুহা—আরও কত কিছু। সমতল থেকে যাওয়া সারাক্ষণই ভয়ংকর আর বিকট আওয়াজের মধ্যে থাকা ঢাকার এই আমি আর আমার সাথিরা শুধু দিনভর অবাকই হলাম। এত নিঃশব্দ, এত সবুজ আর এত সুন্দর! দিন শেষে অনেক ঝক্কি-ঝামেলার পর ঠিক হলো, আমরা সেভেন সিস্টার ফলের ওপর থাকব। ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। ভারতের সাতটি অঙ্গরাজ্যের নামে এই ঝরনাগুলো। যেখান থেকে সাতটি ঝরনা খাড়া নিচে নেমে গেছে, সেখানে রয়েছে আরও একটি মিসিং ফল। তার পাশেই একলা নিঃসঙ্গ, বলা যায় অনেকটা বেমানান, ইট আর সিমেন্টে তৈরি একটি রেস্টহাউস। সেখানে আমাদের থাকার ব্যবস্থা হলো। বিকেল হলে এই রেস্টহাউসের আশপাশে ১০ কিলোমিটারের মধ্যে কেউ থাকে না। কোনো গ্রাম বা বসতি নেই। পাশেই একদিকে বন আর সঙ্গে খ্রিষ্টানদের কবরস্থান। নিঃশ্বাস তো দূরের কথা, সামান্য পাতা নড়লেও শব্দ কানে বাজে। এর পরও আমরা তিন দিন চেরাপুঞ্জি আর শিলংয়ে ছিলাম। বনের মধ্যে। বলা যায়, বাংলাদেশের মতোই গরম ছিল তখন। বৃষ্টির অপেক্ষায় কেটেছে সন্ধ্যা, সকাল, রাত। রেইন কোট যে সেই গুছিয়ে ব্যাগে তুলেছিলাম প্রথম দিন, তারপর তার আর প্রয়োজন হয়নি। আমার বন্ধুদের সঙ্গে আমিও হতাশ। যে চেরাপুঞ্জির কথা আমি জেনেছি বা যে বৃষ্টি আমাকে এখানে টেনে এনেছে, সেই বৃষ্টি কোথায়। চিটচিটে গরম, সাদা সাদা মেঘ আমাদের কি ধোঁকা দিল! নাকি জলবায়ু পরিবর্তনের ছোঁয়া এখানেও লেগেছে! পাল্টে গেছে বৃষ্টির আয়োজনের সময়কাল। তবু রোদে ঢাকা এই নতুন চেরাপুঞ্জির সাত দিন কিন্তু আমাদের খুব বেশি হতাশ করেনি। আপনাদেরও করবে না।