আশ্রমে আশ্রয়
চোখ বুজে একবার কল্পনা করুন তো। আপনি আছেন একটা দ্বীপে। আপনি ছাড়া বাইরের আর কেউ সেখানে নেই। দ্বীপের আশ্চর্য সুন্দর ছিমছাম কাঠের তৈরি কুঁড়েতে থাকছেন। ভোরবেলায় ঘুম থেকে জেগে আপনার একান্ত নিজস্ব সমুদ্রতটে পা ভেজাতে ভেজাতে চা কিংবা কফির কাপে চুমুক দিয়ে দূর করছেন ঘুমের আমেজ। এরই মধ্যে বুফে প্রাতরাশ এসে হাজির সৈকতঘেঁষা ছায়াঘেরা মাটির ঘরে। সমুদ্রের ঢেউ গুনতে গুনতে আপনি স্বাদ নিচ্ছেন কচি ডাবের পানি, মৌসুমি ফলের সমারোহে তৈরি সালাদ আর নানা স্বাদবৈচিত্র্যে ভরা প্রাতরাশের। নারকেলগাছের ঝিরিঝিরি বাতাস আর সাগরতটে ঢেউ আছড়ে পড়ার শব্দ শুনতে শুনতে বইয়ের পাতা উল্টে অথবা গান শুনে কাটিয়ে দিচ্ছেন সারাটা বেলা।প্রকৃতির ছোঁয়া পাচ্ছেন এমনকি খোলামেলা স্নানাগারেও। গার্ডেন-বাথরুম নামেও ডাকতে পারেন একে। আস্ত গাছ খুঁড়ে ডিঙিনৌকার আদলে তৈরি এর বাথটাব। সুপরিসর স্নানাগারটি চারদিকে ঘের দেওয়া, কিন্তু মাথার ওপর ফাঁকা। স্নানাগারে পাতা খাটে বসে খোলা হাওয়া খেতে খেতে আড্ডা দিয়েও কখনো কখনো কাটিয়ে দিচ্ছেন সময়।এমন শান্ত, নিরিবিলি আর নির্জন একটা দ্বীপে নিস্তরঙ্গ অলস ছুটির সময় কাটাতে আপনি কি উন্মুখ? যদি তা-ই হয়, তাহলে আপনাকে ডাকছে ‘আশ্রম’; সামিহা আলম ও আনিসুল হক চৌধুরীর অভিনব এক প্রকল্প।দুয়ারে প্রস্তুত গাড়িকক্সবাজার থেকে গাড়িতে মাত্র আধা ঘণ্টার দূরত্বে প্যাঁচার দ্বীপের মারমেইড ইকো রিসোর্ট। সেখান থেকে নৌকায় ১৫ মিনিটের পথ পাড়ি দিলে পৌঁছে যাবেন স্বপ্নদ্বীপ আশ্রমে। আগে বলে রাখলে কক্সবাজারে আপনার জন্য প্রস্তুত থাকবে রিসোর্টের গাড়ি। নৌকার পথটুকুও নির্বিঘ্নে পাড়ি দেওয়ার ব্যবস্থা করবে দেখভালকারী দল। তবে আশ্রমে থাকতে চাইলে আপনাকে বুকিং দিতে হবে আগেভাগেই।নিরিবিলি অলস সময়নিরিবিলি আর অলস সময় কাটাতে চাইলে আশ্রমের কোনো তুলনা নেই। আনিসুল হক চৌধুরী বললেন, ‘আমাদের সব আয়োজনের মূল দর্শন মন্থর জীবন। আমরা উপহার দিতে চাই শ্লথ সময় আর শান্ত জীবনের অনুভূতি।’আশ্রমে আপনার নির্জনতা যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে জন্য প্রাতরাশ এবং দুপুর ও রাতের খাবার আসবে মারমেইড রিসোর্ট থেকে। মেন্যু থেকে খাবার পছন্দ করতে পারবেন আপনি—দেশি, চীনা বা কন্টিনেন্টাল। সন্ধ্যাবেলায় চাইলে পাবেন তরতাজা মাছের বার-বি-কিউ বা গ্রিল কিংবা ফিশ কাবাব।বেলাশেষে সন্ধ্যার দিকে একাকিত্ব থেকে বেরিয়ে আসতে চাইলে কিংবা মানুষের সাহচর্য পেতে চাইলে নৌকা এসে আপনাকে দিয়ে যাবে মারমেইড রিসোর্টে। সেখানে বসে প্রজেক্টরে সিনেমা দেখে বা গল্প করে কাটিয়ে যেতে পারেন সন্ধ্যাটা। নানা ঋতু, নানা রংএকেক ঋতুতে আশ্রমের সৌন্দর্য একেক রকম। শীতকালে আশ্রমের সামনে বালুকণার রং সাদা হয়ে যায়, পানি ঘন নীল। এ সময় ঘোরাঘুরি বা খাওয়াদাওয়া সবকিছুতেই বৈচিত্র্য। বর্ষায় আবার আশ্রমের চেহারা একেবারে আলাদা। খামখেয়ালি ধারাপাতে কিছুটা আর্দ্র, কিছুটা রুদ্র। সমুদ্রের ঢেউ অনেক বেশি ভরপুর ও প্রাণবন্ত। কিন্তু বৃষ্টিধোয়া নারকেলগাছের সারি আরও গাঢ় সবুজ। তাই যেকোনো ঋতুতেই একে বেছে নেওয়া যেতে পারে অবসর যাপনের জন্য। খরচাপাতি ও আনুষঙ্গিকদিনপ্রতি আশ্রমের ভাড়া ডিসেম্বর থেকে মার্চ ১০ হাজার টাকা, এপ্রিল থেকে আগস্ট সাত হাজার টাকা, সেপ্টেম্বর থেকে নভেম্বর পাঁচ হাজার টাকা। বুফে প্রাতরাশ ও নৌকাভ্রমণ মারমেইড রিসোর্টের সৌজন্যে। ওয়েবসাইট: www.mermaidecoresort.com