আশ্রিতদের রেখেই সমাপনী পরীক্ষা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ১৩ পরিবারকে সরিয়ে নেওয়া না হলে ব্যাহত হবে সমাপনী পরীক্ষা। এমন আশঙ্কা থেকে বিদ্যালয়টির শিক্ষক ও অভিভাবকেরা দ্রুত পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি স্থানীয় আদিবাসী-বাঙালিদের মধ্যে সংঘর্ষের পর বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০টি বাঙালি পরিবার আশ্রয় নেয়। বিভিন্ন সময় ১৭টি পরিবার চলে গেলেও ১৩টি পরিবার এখনো রয়ে গেছে। এই সমস্যার কারণে বিদ্যালয়ের মাত্র একটি কক্ষে এখন শিক্ষার্থীদের পাঠদান করা হয়। শ্রেণীকক্ষ না থাকায় বিদ্যালয় ভবনের বারান্দায়ও চলে পাঠদান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২০ নভেম্বর থেকে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা শুরু হবে। এর আগের বছর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা বাঘাইহাট উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হতো। সম্প্রতি জেলা প্রশাসকের এক বৈঠকে সমাপনী পরীক্ষা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরীক্ষার কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া হয়। এই কেন্দ্রে মোট ২৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। পরীক্ষার্থীর সংখ্যা ৩০৩ বলে জানা গেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কক্ষে বসবাসরত লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। কিন্তু এখনো সরানো হয়নি।

প্রধান শিক্ষক মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘এ বছর থেকে আমার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার কেন্দ্র চালু করা হয়েছে। বিদ্যালয় ভবন থেকে আশ্রিতদের সরিয়ে না নিলে পরীক্ষা অনুষ্ঠান কঠিন হবে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ে বসবারত পরিবারগুলো সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসকের বৈঠকে বলা হয়েছে। উপজেলা প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু হওয়ার পর পাশের উচ্চবিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হতো। এ বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারগুলো সরিয়ে নেওয়ার অনুমতি রয়েছে। সমাপনী পরীক্ষা সফল করতে বিদ্যালয়ে শৌচাগারও নির্মাণ করা হবে। এর মধ্যে দখলে থাকা ভবনটি খালি করা হবে।