আশ্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ সালের মাঝামাঝি। আমি তখন বাগেরহাট। দ্বিতীয় বর্ষের ছাত্রী। বিভিন্ন দাবি পূরণের লক্ষ্যে আন্দোলন চলছিল সব ছাত্রছাত্রীদের। ক্লাস বর্জন, অবস্থান ধর্মঘট ইত্যাদি। অধ্যক্ষ ম্যাডাম বারবার বলছিলেন আন্দোলন স্থগিত করার জন্য। আন্দোলনে মহাবিরক্ত হয়ে একপর্যায়ে সব ছাত্রছাত্রীকে ডেকে তিনি বললেন, আজ দুপুর ১২টার মধ্যে সবাইকে হোস্টেল ছাড়তে হবে। এ রকম কিছু হবে আমি আগেই বুঝতে পেরেছিলাম, তাই আগের দিন রাতেই ব্যাগ গুছিয়ে রেখেছিলাম। সবাই ১২টার মধ্যে হোস্টেল ছেড়ে বাইরে চলে এল। আমাদের পরিবার তখন ছিল বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বাহেরচর গ্রামে। আমার, আমার পরিবারের এমনকি প্রতিবেশীদেরও কারও মুঠোফোন ছিল না তখন। তাই বাসার কাউকে কিছুই জানাতে পারিনি। সিদ্ধান্ত নিলাম বরিশালের উদ্দেশে এখনই রওনা হব এবং সন্ধ্যা নাগাদ বাসায় পৌঁছে যাব। বাগেরহাট থেকে বাহেরচর পর্যন্ত যেতে ছয় ঘণ্টার মতো লেগে যায়। বেলা একটার মধ্যে পিরোজপুর বাসস্ট্যান্ডে পৌঁছালাম। পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে বরিশালগামী বাসে উঠলাম। বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে একজন মেয়ে যাত্রী উঠে এসে আমার পাশের আসনে বসল। টুকটাক কথাবার্তা হলো মেয়েটির সঙ্গে। জানতে পারলাম, মেয়েটি বরিশাল বিএম কলেজের ছাত্রী। মেসে থাকে। বাড়ি পিরোজপুরেই। প্রায় এক ঘণ্টা বাস চলার পর ইঞ্জিন নষ্ট হয়ে গেল। চালক সবাইকে ধৈর্য ধরে আধা ঘণ্টা বসতে বললেন; কিন্তু দুই ঘণ্টা লেগে গেল বাস ঠিক হতে। সব যাত্রী বিরক্তির চরম সীমায় পৌঁছে গেছে। আমার খুব ভয় হচ্ছিল। বাহেরচর যেতে একটা বিশাল নদী পার হতে হয়। রাত নয়টার পর পারাপারের ট্রলারও পাওয়া যায় না। রুপাতলী বাসস্ট্যান্ডে যখন পৌঁছালাম, তখন গাঢ় সন্ধ্যা। অন্ধকার চারদিকে। এখান থেকে আরও দুই ঘণ্টার পথ, আমি একা মেয়ে কীভাবে যাব? এ রকম বিপদে আর পড়িনি কোনো দিন। দু-একজন আত্মীয়ের বাসা শহরে থাকলেও একা চিনে যেতে পারব না। একবার ভাবলাম, মহিলা কলেজের হোস্টেলে যাই, আমি ওখানকার ছাত্রী ছিলাম। রুপাতলী থেকে বরিশাল সরকারি মহিলা কলেজের দূরত্বও কম নয়। একা একা এতটা পথ রিকশায় যাব, তাও সাহসে কুলোচ্ছে না। টেনশনে অস্থির লাগছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, সহযাত্রী মেয়েটিকে বলব, আমাকে একটা রাতের জন্য তার মেসে আশ্রয় দিতে। একটা মেয়ে হয়ে নিশ্চয়ই আরেকটা মেয়েকে বিপদের মধ্যে রেখে সে চলে যেতে পারবে না। বাস থেকে নেমে আমি আর সেই আপু রাস্তার পাশে দাঁড়ালাম। আমি বলার আগেই সে আমাকে অবাক করে দিয়ে বলল, তোমার এখন বাহেরচর যাওয়া ঠিক হবে না। আমার সঙ্গে মেসে যেতে পারো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আপুটার সঙ্গে রিকশায় উঠে তার মেসে গেলাম। তার বাড়ি থেকে আনা খাবার অনেক যত্ন করে আমাকে খাওয়াল, অনেক রাত পর্যন্ত আমার সঙ্গে গল্প করল। সকালে আমাকে নিয়ে গেল মেসের কাছাকাছি একটা রেস্টুরেন্টে নাশতা খাওয়ানোর জন্য। আমার খুব ইচ্ছা ছিল নাশতার বিলটা আমি দেব। কিন্তু পারলাম না। আপু বলল, তুমি আমার মেহমান। কিছুতেই তুমি বিল দিতে পারো না। তারপর আমাকে নিয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে গিয়ে বাবুগঞ্জের বাসে বসিয়ে দিয়ে আপু মেসে ফিরে গেল। তোমার এই আন্তরিকতার কথা আমি কোনো দিন ভুলতে পারব না। এখন তুমি কোথায় আছ? আমি তোমার বাড়ির ঠিকানায় চিঠি লিখেছিলাম, হয়তো পাওনি, নাকি পেয়েছ জানি না। নিপাকাউনিয়া প্রধান সড়ক, বরিশাল।