আশ্রয়হীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিটা দেখলাম। একবার দেখেছি তিতলীর সঙ্গে। এবার দেখলাম একা একা। তিতলী স্কুলে। ওর বাবা নেই বাড়িতে। চারদিকে একটা নিঃসঙ্গতা কুরে খাচ্ছিল, তাই ইন্টারনেটে বসি, তিতলীর সিনেমা বক্স খুলি। দেখি অনেক ছবি। মাঝেমধ্যে আমরা মা-মেয়ে মিলে রাত জেগে সিনেমা দেখি।পুরোনো ফাইল ঘাঁটতে ঘাটতে থাকি, দেখি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখব না, দেখব না করেও নিজের অজান্তেই ছবিটা দেখে যাই। ছবি শেষ হতে হতে এ-ঘর ও-ঘর পায়চারি করি, ফিরে যাই ১০ বছর আগের আবেগী দিনগুলোতে।২৫ বছরের একখানি মেয়ে, আমি। ভার্সিটির গণ্ডি পেরিয়েছি। তিন বছরের বড় এক ছেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছি। ঘোরাঘুরি, প্রেম, আড্ডা—সব পাট শেষ। ক্যাম্পাস, ক্যান্টিন, লাইব্রেরি, কোনো জায়গায় আমাদের ভালোবাসার কথা অজানা নেই। বাড়িতে কেউ যেন কিছু জানে না। বাবা-মায়ের সামনে আমি আদরের খুকি, তাদের বাধ্য মেয়ে।কখন যেন বেজে উঠল। বিপৎসংকেত। বাবা-মা ঠিকই টের পেলেন। রীতিমতো আমার সঙ্গে তাদের মতবিরোধ। তাদের নিয়াজকে পছন্দ না, এখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি। তার ওপর পারিবারিক সমস্যা। অথচ বিত্তবান ঘরের সন্তান আমি। একদিন কাউকে কিছু না বলে বাড়ি থেকে সোজা বের হয়ে এলাম। ভেবেছিলাম, নিয়াজের হাত ধরে পালিয়ে যাব। ঠিক হয়েছিল, আমি নিয়াজের সঙ্গে কাজি অফিসে গিয়ে বিয়ে করব। ক্যাম্পাসে এলাম, শহীদুল্লাহ হলে যাই না, নিয়াজ নেই। শুধু দাঁড়িয়ে অপেক্ষা আর অপেক্ষা। ভাবলাম, যদি নিয়াজ বাড়ি চলে যায়।সন্ধ্যা পর্যন্ত আমি মগবাজার কাজি অফিসের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করেছি। বাসা থেকে চলে এসেছি। আর সেখানে ফিরে যাব না। রাত ১০টা, ১১টা, সাড়ে ১১টা—রাস্তা দিয়ে একা হাঁটছি আমি। রাস্তায় টুকটাক লোকজন চলাফেরা করছে। ঝমঝম বৃষ্টি, ধীরে ধীরে বাড়তে লাগল বৃষ্টির পরিমাণ। আর আমি চুপচাপ একটা চায়ের দোকানের ঝাঁপনির নিচে দাঁড়ালাম। দেখি, রাত দেড়টা, পেটে একটা দানাপানি পড়েনি। এত রাতে কই যাই।কই যাব, এত বড় শহরে। পরিচিত অনেকেই আছে। তারা বলবে বাড়ি ফিরে যেতে। কিন্তু আমি আর বাড়িমুখো হব না। তিনটার দিকে চায়ের দোকানের ঝাঁপনি বন্ধ হয়ে গেল, আমি চুপচাপ অন্ধকারে বসে রইলাম। ভোরের আজান পড়তেই আবার হাঁটছি। শেষে সব রাস্তা ঘুরে ঘুরে বেড়ালাম। হলে যে যাব, তারও কোনো উপায় নেই। বাবা তো আর বসে নেই। হলে গেলে সবাই ঠেলেঠুলে বাড়ি পাঠিয়ে দেবে।অবশেষে বিকেলের দিকে একটা পার্কে ঢুকি। এতটাই ক্লান্ত এর আগে কখনো হইনি। ক্ষুধা, তৃষ্ণা, জ্বর—সব মিলিয়ে আমার অবস্থা খুব খারাপ।তিন দিন পর নিজেকে আবিষ্কার করি, একটা রুমে। কথা হলো একজন মধ্যবয়সী ভদ্রলোকের সঙ্গে, উনি বললেন, আমি নাকি বেহুঁশ অবস্থায় পার্কে পড়ে ছিলাম। পরে উনি আমায় তুলে এনেছেন, আমার সমস্ত দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরও এক সপ্তাহ লেগে গেল। আমি থাকি উনার বাড়িতে। উনার স্ত্রী নেই, একমাত্র সন্তানকে ফেলে চলে গেছেন। ওনার পরামর্শে, উনার বাড়িতে থেকে মাস্টার্স পরীক্ষা দিই, তত দিনে উনিও নিয়াজের খোঁজখবর নিতে শুরু করেছেন। নিয়াজ যে কত বড় একজন বিশ্বাসঘাতক, তা পরে জানতে পারি। নিয়াজ আমার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল। আমার বাবা তাকে টাকা দিয়ে হাত করেছিল। দেখতে দেখতে আরও দুইটা বছর, তিতলীর সঙ্গে আমার রসায়ন মিলে যায়। অবশেষে, তিতলীর বাবাকে বিয়ে করি। অতঃপর, সংসার ধর্ম, গার্হস্থ্য ধর্ম পালন করে চলেছি। খুব খারাপ নেই আমি, ভালোই আছি। জীবন চলছে, তিতলীও বড় হচ্ছে। দেখতে দেখতে, এই সংসারে ১০ বছর কেটে গেল, আমার শুধু মনে হয়, ওই দিনের কথা।কতটা আশ্রয়হীন ছিলাম আমি। যেই মানুষটা আমাকে রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছেন, তাঁর মাঝেই আমি দেখতে পাই আমার ভালোবাসার দেবতাকে।গুলশান নওশিন