আষাঢ়ে গল্প
সেঁজুতি আমার ছাত্রী। এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ে। আমি পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনাল ইয়ারে, হলে থাকি। ওকে পড়াই প্রায় পাঁচ বছর। পড়ার ফাঁকে সুযোগ পেলেই আমার বাড়ির গল্প শুনতে অস্থির সে। হেলায় একদিন বলে ফেলেছিলাম, ‘তোমাকে একদিন আমাদের বাড়ি নিয়ে যাব।’ সেই থেকে তার রেকর্ড বাজানো শুরু—আপনার বাড়ি যাব, বাড়ি যাব—বাজিয়েই যাচ্ছে। স্যার, আপনাদের বাড়িতে কি পুকুর আছে? আমি বলি, আছে। পুকুরে কি হাঁস আছে? শাপলা-শালুক? আছে। স্যার, এই ছুটিতেই আপনাদের বাড়ি যাচ্ছি। আম্মুকে বলেছি। আম্মু রাজি হয়েছে। ডিসিশন ফাইনাল। স্যার, আমি কিন্তু পুকুরে গোসল করব আর সাঁতার শিখব।আচ্ছা, দেখা যাবে। ঢাকা থেকে আমাদের বাড়ি দুই ঘণ্টার পথ। ওর আম্মুর কাছ থেকে একগাদা উপদেশ শুনে সেঁজুতি আর তার দুই বোন, মানে তিন কন্যাকে নিয়ে যখন আমার গ্রামে ঢুকলাম, তখনই নামল বৃষ্টি। বিকেলে যখন তিন কন্যাকে গ্রামটা ঘুরিয়ে দেখানোর দায়িত্ব নিলাম, তখন কয়েকজন বন্ধু যোগ দিল আমার সঙ্গে। রাতে সেঁজুতিদের জন্য একটা ঘর দেওয়া হলো। আমি আমার ঘরে একটা বই পড়ছিলাম। তখন ঝুমবৃষ্টি নামল। টিনের চালায় বৃষ্টির শব্দে সবাই ঘুমের দেশে হারিয়ে গেলেও সেঁজুতির চোখে ঘুম কই? মধ্যরাতে সে আমার জানালায় এসে বলল, স্যার, বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টিতে ভিজব। আম্মু কোনোদিন আমাকে বৃষ্টিতে ভিজতে দেয়নি। আজই সুযোগ! প্লিজ, স্যার, বাইরে আসেন। আমি স্তম্ভিত! বলে কী এই মেয়ে!আমি বলি, রাতে ভিজলে ভয়ংকর অসুখ করবে। দিনের বৃষ্টিতে ভিজতে পারো, মানা করব না। যাও, ঘুমাও। সে চিৎকার করে বলে, না, স্যার, এই বৃষ্টিতে না ভিজলেই আমার অসুখ হবে। বলেই সে উঠানে নেমে পড়ল। বৃষ্টিতে ভিজতে লাগল। ভিজতে ভিজতে বলল, আজকের বৃষ্টিটা স্পেশাল কেন বলেন তো, স্যার? আমি বললাম, জানি না। কারণ, আজকে পূর্ণিমা। একটা বইয়ে পড়েছি, স্যার, পূর্ণিমার রাতের বৃষ্টিতে ভিজে যদি কিছু চাওয়া হয় তা পূর্ণ হয়। ভিজতে ভিজতেই সে বলে যায়, স্যার, একটু কি আকাশের দিকে তাকাবেন? আমি আকাশের দিকে তাকিয়েই একটা মজার জিনিস দেখলাম। রুপার থালার মতো বিশাল এক চাঁদ। আজব তো! এমন চাঁদনী রাতে বৃষ্টি হয় কখনো দেখেছি বলে মনে পড়ে না।সেই রাতে বৃষ্টিতে ভেজার পর সেঁজুতির কোনো অসুখ করেনি। তবে কোন বিচিত্র কারণে জানি না, সপ্তাহ খানেক পরেই তার বিয়ে হয়ে যায় কোনো এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে। আমি আর কোনো দিন তাদের বাসায় যাইনি। সেঁজুতি হঠাৎ একদিন ফোন করে বলে, বলেন তো, স্যার, আপনার নম্বর পেলাম কীভাবে? আমি বলি, কীভাবে? আমার মুখস্থই ছিল আপনার নম্বর। মাঝখানে ভুলে গিয়েছিলাম, হঠাৎ মনে পড়ল। স্যার, আমার মেয়ের একটা সুন্দর নাম দেবেন? আমি কয়েকটা নাম বলি: অপ্সরা, অধরা, প্রিয়তি, অদিতি...সেঁজুতি প্রায়ই ফোন করে আগের মতোই আজগুবি সব প্রশ্ন করে, আমি উত্তর দিই।আচ্ছা, স্যার, বলেন তো আপনি এত ভালো কেন? আমি বলি, জানি না।আনন্দ উল্লাসস্যার এ এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।