জিইসি থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম। ঈদ আসন্ন বলে এই মধ্যরাতের কাছাকাছি সময়ও রাস্তাঘাট সরগরম। মানুষ মার্কেটগুলোতে দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে। বিজলি বাতির রঙিন আলোয় মানুষগুলোকে অদ্ভুত লাগছে। আমি মানুষ দেখছি আর নিজের মতো হাঁটছি। হঠাৎ করে কোনোরকম আগাম নোটিশ না দিয়ে বৃষ্টি নেমে গেল হুড়মুড় করে। বৃষ্টি শুরু হলেই আমরা সবাই কেন জানি আচমকা দৌড় লাগাই। আমি দৌড় দিলাম গরীবুল্লাহ শাহর মাজারের সামনে ছোট্ট ফুটপাতটা লক্ষ করে। যেখানে দিনের বেলা অনেক ভিক্ষুক মাজারের দর্শনার্থীদের কাছে হাত পেতে পয়সা খোঁজে। একটি ছোট্ট ছাউনি বৃষ্টির দাপট থেকে আমার শরীরটা অর্ধেক বাঁচাতে পেরেছে। বাকি অর্ধেক বাঁচাতে গেলে শুকনো অর্ধেকও ভিজে যাবে।বৃষ্টি কতক্ষণে থামবে বুঝতে পারছি না। আমি পাশের পরিবারটির দিকে মনোযোগ দিলাম। চারপাশে পলিথিন দিয়ে ছোট্ট জায়গাটা ভালোই সাজিয়ে নিয়েছে। ওদের ছোট্ট বাসাটিতেও একটু একটু বৃষ্টির ছাঁট ঢুকছে। স্ত্রীলোকটি পাতিল থেকে ভাত বাড়ছে। স্বামী প্রবল আগ্রহ নিয়ে সেদিকে তাকিয়ে আছে। পাশেই একটি ছোট্ট বাচ্চা নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। ছোট্ট জায়গাটিতেই রান্নাবান্না, শোয়া—সবকিছু। সুন্দর, সুখী পরিবার।আমি একমনে লোকটির খাওয়া দেখতে থাকি। মোটা চালের ভাত আর শাকের মতো কিছু একটা। লোকটা অত্যন্ত তৃপ্তি নিয়ে ভাত খাচ্ছে। আমি তাকিয়ে আছি দেখে লোকটি খানিকটা লজ্জা পেল, ‘সারা দিন পরিশ্রম কইরা আসছি তো, খুব খিদা লাগছে, ভাইজান।’লোকটি হয়তো দিনমজুর কিংবা নির্মাণশ্রমিক। আমার হঠাৎ করে এই পরিবারটির জন্য অসম্ভব মায়া হতে থাকে। আহারে, এভাবেই হয়তো এদের কেটে যাবে সারা জীবন।আমি পকেট থেকে কাঠিটা বের করলাম। লোকটিকে বললাম, ‘ভাইজান, কিছু মনে করবেন না, আমার কাছে একটি জাদুর কাঠি আছে। এই কাঠিটাতে ঘষা দিলে একটা দৈত্য আসে। তার কাছে যা চাওয়া হয় সবই সে এনে দিতে পারে। বলেন, আপনার কী লাগবে, আমি এখনই সেটা এনে দেব।’লোকটি আমার কথা পাত্তাই দিল না। একমনে ভাত খেতে খেতে বলল, ‘গরিব মানুষ দেইখা মশকরা করতেছেন, ভাইজান?’আমি কাঠিটাতে ঘষা দিলাম। রেইনকোট পরা একটা বিরাট দৈত্য এসে হাজির হলো সঙ্গে সঙ্গে। ইদানীং দৈত্যরাও চালাক হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে বুঝতে পারলে রেইনকোট পরে আসে।লোকটি আর তার স্ত্রী চোখগুলো হাঁসের ডিমের মতো করে তাকিয়ে আছে। ওরা বিশ্বাসই করতে পারছে না।দৈত্য আমাকে বলল, ‘হ্যালো, বস, কেমন আছেন? এমন বৃষ্টির দিনে তলব করলেন। কোনো সমস্যা? কদম ফুল এনে দিতে হবে নাকি?’আমি লোকটিকে বললাম, ‘বলেন, আপনার কী জিনিস দরকার? আমি এখনই এনে দেব।’লোকটি ভয়ে ভয়ে বলল, ‘এক পাতিল গরম ভাত আইনা দিতে কন, ভাইজান, আর একবাটি মুশুরির ডাল আর আলুভর্তা।’আমি দৈত্যকে ফরমায়েশ দিতেই দৈত্য বলল, ‘দুই সেকেন্ড অপেক্ষা করেন, বস। যাব আর আসব।’ঠিক দুই সেকেন্ডের মাথায় দৈত্য ফিরে এল খালি হাতে।‘কী ব্যাপার, জিসিনগুলো কই?’দৈত্য কাচুমাচু করে বলল, ‘সরি, বস! আপনি তো জানেন, দৈত্যরা খুব অভিজাত শ্রেণীর হয়। আমি কখনো এসব খাবারের নামও শুনিনি। আমাদের মুলুকে কেউ এগুলো খায় না। বলেন তো মোগলাই, রেজালা, রোস্ট এসব এনে দিতে পারি।’আমি লোকটিকে বললাম, ‘আপনি তো সব সময় ভাতই খান। এগুলো বাদ দিয়ে কয়েকটা দামি খাবারের নাম বলুন।’লোকটি আমার দিকে বেকুবের মতো তাকিয়ে থাকে। অনেক চেষ্টা করেও সে কোনো দামি খাবারের নাম বলতে পারে না। আমি লোকটির স্ত্রীকে বললাম, ‘আপনার কী লাগবে, বলেন? হিরে, জহরত, স্বর্ণের অলংকার—যেকোনো কিছু চাইতে পারেন।’স্ত্রীলোকটি হেসে ফেলল, ‘এসব দিয়া কী করমু, ভাইজান? দুইডা ডাইল-ভাত আইনা দেন, পেট ভইরা খাই।’আমি দৈত্যকে হুকুম দিলাম, ‘যাও তুমি, আরেকবার দেখে আসো, কোথাও ডাল-ভাত পাও কি না।’দৈত্য আবার খালি হাতে ফিরে এল। ‘রিয়েলি সরি, বস। এগুলো কোথাও খুঁজে পাইনি। তা ছাড়া এত সব শাহি খানা ফেলে এসব খুঁজছি দেখে আমাদের মুলুকের কয়েকটা দৈত্য আমাকে চরম অপমান করেছে। ওরা জানতে চেয়েছে, পৃথিবী থেকে রাজা-বাদশা সব ভ্যানিশ হয়ে গিয়ে পৃথিবীটা এখন শুধু ভিক্ষুকে ভরে গেছে কি না।’বৃষ্টি থেমে গেছে। আমি হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণের বৃষ্টির কারণে নালার মধ্য দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে। আমি জাদুর কাঠিটা নালায় ফেলে দিলাম। যে দৈত্য সামান্য ডাল-ভাত এনে দিতে পারে না, তাকে আমার দরকার নেই।জুয়েল দেবচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।