আষাঢ়ে রসগোল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তখন ছোট। ক্লাস এইটে পড়ি। সেই সময়ের ভরভরন্ত এক বর্ষাকাল। আমার এক জেঠতুতো দাদা (আমার বাবার সমান বয়সী প্রায়) সবাইকে চমকে দিয়ে হঠাৎ বিয়ে করে ফেললেন। ভয়ানক টান নববধূর প্রতি। তিনি বিয়ে করলেন ভরা বর্ষায়। বিয়ের কয়েক দিন পর আনুষ্ঠানিকতায় নববধূ গেলেন বাপের বাড়ি। বউদির বাপের বাড়ি আমাদের পাশের উপজেলায়।বেশ কয়েক দিন টানা বৃষ্টি। সারা দিন টিনের চালে বৃষ্টির শব্দ। পুকুর-বিল পানিতে ভরে একাকার। গ্রামের অনেককেই দেখা যায় সেই পানিতে। লুঙ্গি কাছা মেরে মাছ ধরছে। পানি উঠি উঠি করছে গ্রামের সবচেয়ে বড় রাস্তার ওপর। আমাদের খুব মজা। জেঠতুতো ভাইয়ের বিয়ে উপলক্ষে আসা আত্মীয়স্বজনের বেশ কজন তখনো রয়ে গেছে। তার মধ্যে কয়েকজন আমার সমবয়সী। সুতরাং, খাওয়াদাওয়া আর ফুর্তি।তো, বউদিকে বাপের বাড়ি থেকে আনতে যেতে হবে। কে যাবে? জামাইবাবু জানালেন, তিনি যাবেন। সঙ্গে যাবেন নাতির বিয়েতে আসা আমাদের অতিবৃদ্ধা এক আত্মীয়া। আর যাবেন আমাদের আরেক দূরসম্পর্কের জেঠতুতো ভাই, সন্তোষদা। আর আমি।নির্দিষ্ট দিনে আমরা যাত্রা করলাম দুপুরের পর। বৃষ্টি পড়ছে, তবে চাপ কম। সন্তোষদার হাতে বিশাল একটি মাছ। আমার ভাগে পড়েছে রসগোল্লার দুটো হাঁড়ি।আমরা বড় সড়কে বাস থেকে নামলাম। এখন বৃষ্টি নেই। এখান থেকে আরেকটি পাকা সড়ক বেয়ে তিন-চার মাইল যেতে হবে আমাদের। রিকশা অথবা জিপগাড়িতে। কিন্তু কোথায় রিকশা কিংবা জিপ। থাকবেই বা কোত্থেকে, অল্প কিছু দূর গিয়ে পাকা রাস্তাটি যে পানির মধ্যে ডুব মেরেছে। চারদিকে থইথই পানি। আমরা হাঁটতে থাকলাম। কিন্তু রাস্তা কোথায়? সবদিকে পানি। কোথাও কোথাও প্রায় সাঁতরে যাচ্ছিলাম আমরা। জামাইবাবুর বগলদাবা হয়ে থাকা আমাদের বয়োবৃদ্ধা তাঁর কষ্ট ও বিরক্তি প্রকাশ করছিলেন অজানা কারও উদ্দেশে শ্রাব্য-অশ্রাব্য নানা উক্তি করে।জামাইবাবু ও আত্মীয়া সামনে। সন্তোষদা আর আমি তাঁদের পেছন পেছন হাঁটছি। জলমগ্নতার আকস্মিকতার ঘোর কাটলে আমি আমার হাতের রসগোল্লা সম্পর্কে সচেতন হই। কী করা যায়? একটু পিছিয়ে পড়লাম আমি। হাঁড়ির ঢাকনা ফাঁক করে রসগোল্লা গলাধঃকরণ করতে লাগলাম। কিন্তু কোনোভাবে সেটা সন্তোষদা বুঝে ফেললেন। তিনি কথা বলার ছলে আমার পাশে চলে এলেন এবং আকারে-ইঙ্গিতে বোঝালেন মিষ্টির প্রতি তাঁর দুর্বলতার কথা। নীরব সমঝোতায় দুজনে আরও বেশ কয়েকটা মিষ্টি খেয়ে ফেললাম।ইতিমধ্যে অন্ধকার হয়ে এসেছে। অন্ধকারে মিষ্টির প্রতি লোভ আবার মাথাচাড়া দিয়ে উঠল। মিষ্টির হাঁড়ির ঢাকনা ফাঁক করে একেকটা রসভরা জবজবে রসগোল্লা বের করে আনি আর চুষে ওটিকে শুকনো মিষ্টি বানিয়ে আবার হাঁড়ির ভেতরে রাখি।একসময় আমরা দাদার শ্বশুরবাড়ির কাছে গিয়ে পৌঁছালাম। কিন্তু এখান থেকে ওই বাড়িতে যাওয়ার পথটি বিভ্রান্তি তৈরি করছে। একে তো অন্ধকার, তা ছাড়া বাড়ির দিকে যাওয়ার সরু রাস্তার দুই পাশে দুটি পুকুর—সবই এখন পানির নিচে। কোন দিকে যাই?এই প্রথম জামাইবাবুর মেজাজ বিগড়াল। বুকপানিতে দাঁড়িয়ে দাদা চিৎকার করে তাঁর মৃত শ্বশুরের নাম করে শ্বশুরের ছেলেকে, অর্থাৎ তাঁর শ্যালককে ডাকছেন। কিছুক্ষণ পর পানির ওপর দিয়ে একটা হারিকেন এগিয়ে আসতে দেখলাম। দাদার শ্যালকই এসেছেন বটে।বাড়িতে পৌঁছে জমিয়ে রাখা বৃষ্টির পানিতে শরীর পরিষ্কার করলাম। ওই বাড়ি থেকে দেওয়া কাপড় পরলাম। প্রাথমিক আপ্যায়ন হিসেবে চা দেওয়া হলো, সঙ্গে আমাদের সেই মিষ্টি। তবে সেই মিষ্টি আমি খেয়েছিলাম কি না, মনে নেই।বিপ্লব ভট্টাচার্য্যফ্রি স্কুল স্ট্রিট, ঢাকা।