আষাঢ়ে সুরের আনন্দধারা
আষাঢ়ের দ্বিতীয় দিন। সকাল থেকে ছিল বৃষ্টির দাপট। বিকেল গড়াতেই কমে আসে বৃষ্টির ঝাপটা। মেঘলা আকাশের পড়ন্ত বিকেলে প্রকৃতিতে অন্যরকম এক প্রশান্তি। এর মধ্যে বর্ষাবন্দনার গান, কথামালা, আবৃত্তি আর নাচ। গত শনিবার সন্ধ্যায় মুগ্ধতার আবেশ ছড়ানো এমন আয়োজন ছিল নগরের নন্দনকাননে ফুলকি স্কুলের এ কে খান মিলনায়তনে। ‘আষাঢ়ের মেঘ ভেসে যায় সুরের আনন্দধারায়’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে সমাজ সমীক্ষা সংঘ। শুরুতে বর্ষার গানের সঙ্গে নৃত্য পরিবেশন করলেন নৃত্যরং একাডেমির শিল্পীরা। তারপর আয়োজনে সবাইকে স্বাগত জানান সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম। বর্ষা নিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতি দর্শকদের সঙ্গে ভাগ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি ও সাংবাদিক ওমর কায়সার। তিনি বলেন, ‘এবার আষাঢ়ের প্রথম দিনে আমরা ভিজেছি। আমাদের তপ্ত হূদয় সিক্ত হতে শুরু করেছে। বর্ষায় প্রিয়জনের কথা মনে পড়ে, শস্যের কথা মনে পড়ে, প্রিয়ার কথা মনে পড়ে। আমাদের বর্ষা ঠিক আমাদের মতো। তবে আমার বৃষ্টির চেয়েও ভালো লাগে বৃষ্টির সম্ভাবনা।’এরপর মঞ্চে এলেন সমাজ সমীক্ষা সংঘের সাংস্কৃতিক দলের শিল্পীরা। তাঁদের বর্ষা আবাহন শুরু হলো ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি/ শুষ্ক হূদয় লয়ে আছে দাঁড়াইয়ে/ ঊর্ধ্বমুখে নর-নারী’ গানের মধ্য দিয়ে। তারপর একে একে গাইলেন ‘তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে’ ও ‘আকাশ এত মেঘলা যেও নাকো একলা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ কবিতাটি আধুনিক সংগীতায়োজনের সঙ্গে আবৃত্তি করেন মৃণ্ময় বিশ্বাস। কবিতার পর আবার নৃত্য পরিবেশন করেন নৃত্যরং একাডেমি এবং গান পরিবেশন করেন সমাজ সমীক্ষা সংঘের সাংস্কৃতিক দলের শিল্পীরা। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান নিয়ে আসেন ছায়ানটের শিল্পী সুকান্ত ভট্টাচার্য্য ও সত্যজিত ঘোষ। ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’ গানের পর একে একে পাঁচটি গান দর্শকদের বর্ষার আবহে মোহিত করে রাখেন।