আসওয়াদে আচ্ছন্ন শ্রোতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়ঁস ফ্রঁসেজে আসওয়াদ ব্যান্ডের পরিবেশনা
আলিয়ঁস ফ্রঁসেজে আসওয়াদ ব্যান্ডের পরিবেশনা

মিলনায়তনে ঢুকতেই চোখ পড়ে অন্ধকার মঞ্চের দিকে। একটু পরে অন্ধকার কেটে মঞ্চে দেখা যায় লাল-নীল আলো। ঘড়ির কাঁটা যখন ঠিক সাড়ে সাতটায়, তখন মঞ্চে আসে ব্যান্ড দল আসওয়াদ। শুরু হয় আয়োজন। লোকগীতি আর জ্যাজ সংগীত—এই দুইয়ের সম্মোহনী সুরে দর্শকদের আচ্ছন্ন করে রাখেন আসওয়াদের শিল্পীরা। এক ঘণ্টাব্যাপী এই পরিবেশনায় মুগ্ধ হয়ে ঘরে ফেরেন দর্শক।
৭ নভেম্বর নগরের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে আসওয়াদের কনসার্টে হাজির হয়েছিলেন শ খানেক দর্শক। এই পর্যন্ত প্রকাশিত এই ব্যান্ডের সাতটি অ্যালবাম থেকে একটি করে গান পরিবেশন করলেন শিল্পীরা। পাশাপাশি প্রকাশের অপেক্ষায় থাকা অ্যালবাম বিধি থেকে গান শোনান শিল্পীরা। আর তাঁদের পরিবেশনার একটি অংশজুড়ে ছিল যন্ত্র বা ইনস্ট্রুমেন্টাল সংগীত।
তানিম হাসানের কণ্ঠে ‘আলো’ শিরোনামের গানের মাধ্যমে শুরু হয় পরিবেশনা। এরপর ছিল ‘মনে বড় আশা’ শিরোনামের লোকগানের ইনস্ট্রুমেন্টাল পরিবেশনা। দুই গিটারিস্ট তানিম হাসান ও তাহিম হাসান যৌথভাবে পরিবেশন করেন এই গানটি। এই আয়োজনে পরিবেশিত প্রতিটি লোকগানের সঙ্গে জ্যাজ ও ব্লুজের মিশ্রণ ভালো লেগেছে শ্রোতাদের।
আসওয়াদ ব্যান্ড দলের বেইস গিটারে তানিম হাসান, লিড গিটারে তাহিম হাসান, কি-বোর্ডে ইনতেখাব আলম, ড্রামে মোহাম্মদ ওয়াসিম ও হারমোনিয়ামে ছিলেন অতিথি শিল্পী ফরিদ বঙ্গবাসী। এ ছাড়া স্যাক্সোফোন বাজিয়েছেন আনোয়ারুল হক চৌধুরী ও অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মহসিন।
বর্ণিল এই সংগীতসন্ধ্যা শেষে কথা হয় আসওয়াদের সদস্য মোহাম্মদ মহসিনের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘এ আয়োজনে যেসব দর্শক ছিলেন, তাঁরা সত্যিকারভাবেই গান ভালোবাসেন। এমন শ্রোতাদের সামনে নিজেদের সংগীত পরিবেশন করে আমরা নিখাদ আনন্দ পেয়েছি।’