আসছে জৈব প্রযুক্তির যুগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২১ ডিসেম্বর এসেছিলেন ট্রেডস ওয়ার্থ লিমিটেডের ব্যবস্থাপক (বিপণন বিভাগ) আবু নাঈম মো. তরিকুল ইসলাম। কথা বলেছেন কথাবন্ধু শাওনের সঙ্গে জৈব প্রযুক্তির (বায়ো-টেকনোলজির) নানা দিক নিয়ে। তুলে ধরেছেন বাংলাদেশে জৈব প্রযুক্তির সম্ভাবনার কথাকথাবন্ধু: বায়ো-টেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয় (জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল) সম্পর্কে বিস্তারিত কিছু বলুন। আবু নাঈম মো. তরিকুল ইসলাম: এ বিষয়টি আসলে বাংলাদেশের জন্য নতুন কিন্তু বিশ্বে এর চাহিদা অনেক। আর যদি বায়ো-টেকনোলজি সম্পর্কে বলতে হয় তাহলে বলব, বায়ো অর্থ জীবন বা জীব আর টেকনোলজি হচ্ছে প্রযুক্তি। সুতরাং জীবন-সম্পর্কিত সব প্রযুক্তির সমন্বয় হচ্ছে বায়ো-টেকনোলজি। অর্থাৎ বায়ো-টেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জৈব প্রযুক্তির সমন্বিত একটি বিষয়।কথাবন্ধু: জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়ো-টেকনোলজির মধ্যে কি কোনো পার্থক্য আছে? আবু নাঈম মো. তরিকুল ইসলাম: না, সে রকম কোনো পার্থক্য নেই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে বায়ো-টেকনোলজির একটি অংশ। কথাবন্ধু: বাংলাদেশে এ বিষয়ে কোথায় পড়াশোনা করা যায়? আবু নাঈম মো. তরিকুল ইসলাম: সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কেউ পড়াশোনা করতে চায়, সে ক্ষেত্রে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইওডা ইত্যাদি। কথাবন্ধু: অন্য বিষয়ে পড়ালেখার পর বায়ো-টেকনোলজির ওপর কি কোনো কোর্স বা ডিপ্লোমা করা যায়? আবু নাঈম মো. তরিকুল ইসলাম: আমার জানামতে, এখনো সেই সুযোগ নেই। তবে সম্ভব হলে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কাজ করতে পারে—সেখান থেকে একটা সুবিধা পাওয়া যাবে। সে ক্ষেত্রে তার পেশাজীবনেও এটা খুব কাজে লাগবে। কথাবন্ধু: পড়াশোনার পর সবাই কি এ বিষয়ে কাজ করতে পারছে? আবু নাঈম মো. তরিকুল ইসলাম: অনেকেই কাজ করার সুযোগ পাচ্ছে। এ ক্ষেত্রে শুরুতেই বায়ো-টেকনোলজির দুটি ভাগের কথা বলব। প্রথম ভাগ হচ্ছে গবেষণা আর দ্বিতীয় ভাগ হচ্ছে বিপণন পেশা। এ ক্ষেত্রে কর্মক্ষেত্র হতে পারে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, যেমন আইসিডিডিআরবি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বিসিএসআইআর ইত্যাদি। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক বা প্রশিকাও রয়েছে। বাংলাদেশের কিছু ওষুধ প্রস্তুতকারক কোম্পানি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেও বায়ো-টেক ড্রাগ উৎপাদন শুরু করেছে। এসব প্রতিষ্ঠানেও পেশা গড়ার সুযোগ রয়েছে। উন্নত বিশ্বে এর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশেও এর চাহিদা বাড়ছে। কথাবন্ধু: পড়াশোনা এবং কাজের ক্ষেত্রে প্রত্যাশা ও প্রাপ্তির দিক থেকে নিজেকে কতটুকু সফল বলে মনে করেন?আবু নাঈম মো. তরিকুল ইসলাম: সামনের যে যুগটা আসছে, পুরো সময়টা হচ্ছে বায়ো-টেকনোলজির একটি যুগ। বাংলাদেশে এ প্রযুক্তিটা পুরোপুরি ছড়িয়ে দেব। আরও বেশি গবেষণা করব। কথাবন্ধু: এখন যারা এ বিষয়ে পড়াশোনা করছে, তাদের উন্নতির জন্য আপনার পরামর্শ কী হবে? আবু নাঈম মো. তরিকুল ইসলাম: বৃত্তি নিয়ে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার অনেক সুযোগ রয়েছে। পাস করার পর অবশ্যই হাতে-কলমে প্রশিক্ষণ নিতে হবে। উন্নত বিশ্বে এ বিষয়ের অনেক চাহিদা রয়েছে। কথাবন্ধু: ট্রেডস ওয়ার্থ লিমিটেডের লক্ষ্য ও উদ্দেশ্য কী? আর বায়োটেকনোলজির সঙ্গে এর কী ধরনের সম্পর্ক রয়েছে? আবু নাঈম মো. তরিকুল ইসলাম: ১৯৯৬ সালে ট্রেডস ওয়ার্থ লিমিটেড প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে এ প্রতিষ্ঠানটির প্রায় ২৬টি শাখা অফিস আছে। প্রতিষ্ঠানটি গবেষণার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকে। এ ক্ষেত্রে গবেষণার জন্য যে রাসায়নিক পদার্থ, বিভিন্ন উপকরণ এবং নানা ধরনের সরঞ্জামাদির দরকার হয়, এসব দিয়ে ট্রেডস ওয়ার্থ সহযোগিতা করে থাকে। এ ছাড়া গবেষণার জন্য বিভিন্ন কর্মশালা ও সেমিনারও করা হয়। কথাবন্ধু: নতুনদের কেউ ট্রেডস ওয়ার্থে কাজ করতে চাইলে সে ক্ষেত্রে তাকে কী করতে হবে?আবু নাঈম মো. তরিকুল ইসলাম: কেউ যদি শুধু স্নাতক পাসের যোগ্যতা নিয়েও আসে, আমরা তাদেরও স্বাগত জানাই। নিয়োগের পর আমরা তার জন্য একটি প্রশিক্ষণের ব্যবস্থা করি। সবারই একটা মৌলিক ধারণা তো থাকে, বাকিটা ট্রেডস ওয়ার্থ লিমিটেড প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নেয়।কথাবন্ধু: এ ক্ষেত্রে পেশাগত কোনো প্রশিক্ষণের দরকার আছে কিনা?আবু নাঈম মো. তরিকুল ইসলাম: সে রকম কোনো প্রশিক্ষণের দরকার নেই। এ ক্ষেত্রে নতুনরা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা করতে পারেন। সেখানে অনেক প্রকল্প একসঙ্গে থাকে। তাই কাজ করার সুযোগ অনেক। সরকারের পক্ষ থেকে ১০ বছর মেয়াদি একটি রোডম্যাপ করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার অর্থায়নও করছে। কথাবন্ধু: বর্তমান সময়ে যারা এ পেশায় আসতে চায়, তাদের আপনি কীভাবে উৎসাহ দেবেন?আবু নাঈম মো. তরিকুল ইসলাম: আমি সবাইকে বলব, এগিয়ে যাও। আগে কেউই কম্পিউটার কি জানত না, এখন ইন্টারনেট ছাড়া, কম্পিউটার ছাড়া এক মুহূর্ত চলে না। ঠিক তেমনি সামনে আসছে বায়ো-টেকনোলজির যুগ। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই বায়ো-টেকনোলজিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। একটা সময় আসবে যখন বায়ো-টেকনোলজি সবার শীর্ষে চলে আসবে।গ্রন্থনা: সুদীপ দে