আসছে ট্যাবলেটের যুগ!
ডেস্কটপ কম্পিউটারের পর চলছে এখন ল্যাপটপের সময়। গত কয়েক বছরে কম্পিউটারের ব্যবহার আরও সহজ করার জন্য নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও সৃজনশীলতার প্রকাশ লক্ষ করা গেছে। ল্যাপটপের চেয়ে সস্তা ও ছোট আকারে চলছে নেটবুক কম্পিউটার। আর অ্যাপলের আইপ্যাড গোটা দুনিয়ায় সাড়া জাগানোর পর শুরু হয়ে গেছে ট্যাবলেট কম্পিউটারের যুগ। অ্যাপলের পর অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠানই তৈরি করছে ট্যাবলেট কম্পিউটার। সেগুলোর চাহিদাও কম নয়। বাংলাদেশের প্রযুক্তি বাজারে আর প্রযুক্তিপ্রেমীদের পালেও লেগেছে এই ট্যাবলেটের হাওয়া। আইপ্যাড আর স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব তো বাজারে পাওয়াই যাচ্ছে। গ্যালাক্সিতে আবার আছে ফোন করার সুবিধা। কিছুদিনের মধ্যে দেশেও যে ট্যাবলেট কম্পিউটারের চাহিদা বাড়বে, তা ভালোমতোই টের পাওয়া যাচ্ছে। রায়ানস আইটি লিমিটেডের প্রধান নির্বাহী আহমেদ হাসান বলেন, ‘কম্পিউটার বিক্রেতারা অ্যাপলের আইপ্যাড বিক্রি করছেন। তবে শৌখিন ক্রেতারা এটি বেশি কিনলেও শিক্ষার্থী এবং পেশাজীবীরাও দরকারি কাজের জন্য এটি কিনছেন। অ্যাপলের আইপ্যাড সহজেই বহনযোগ্য ও বাড়তি ঝামেলা নেই বলে এটি ব্যবহারের জন্য খুবই ভালো। অত্যন্ত স্পর্শকাতর (টাচস্ক্রিন) পর্দার একটি কম্পিউটার, এতে ইচ্ছামতো পর্দা ছোট বা বড় করা যায়।’আইপ্যাড দেখতে অনেকটা স্লেটের মতো। পুরোটাই মনিটর। হাতের ছোঁয়ায় চলবে পুরো কম্পিউটার। এতে আছে ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ। একই সঙ্গে অনেক কাজ করা যায় এই আইপ্যাডে। ১৬ আর ৩২ গিগাবাইট তথ্য ধারণক্ষমতার আইপ্যাড পাওয়া যাচ্ছে দেশের বাজারে। বেশ কিছুদিন থেকেই আইপ্যাড ব্যবহার করছেন বিজ্ঞাপননির্মাতা অমিতাভ রেজা। তিনি বলেন, ‘আইপ্যাড আমার জীবনেরই এক সঙ্গীর মতো। কম্পিউটার খোলার মতো এতে কোনো ঝামেলা নেই, হালকা-পাতলা বলে সঙ্গে রাখতে সমস্যা হয় না। এ ছাড়া আমার বিভিন্ন বিজ্ঞাপন তৈরির ভাবনাগুলো এতে সহজে রাখতে পারি।’তবে আইপ্যাডের কিছু সীমাবদ্ধতার কথা বললেন আহমেদ হাসান। তিনি বলেন, ‘এটিতে মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যার সমর্থন করে না। কোনো ইউএসবি সংযোগের ব্যবস্থা নেই বলে সহজে তথ্য আদান-প্রদান করা যায় না। অ্যাপলের নিজস্ব সফটওয়্যার ছাড়া অন্য সফটওয়্যার ব্যবহার করা যায় না।’স্যামসাংয়ের ‘গ্যালাক্সি ট্যাব’ নামের একটি কম্পিউটার ও মোবাইল ফোন এসেছে দেশের বাজারে। এটি আইপ্যাডের চেয়ে আকারে কিছুটা ছোট। ট্রান্সকম ডিজিটাল ইলেকট্রনিকসের গুলশান ১-এর আউটলেট ব্যবস্থাপক রায়হান আহমেদ বলেন, ‘স্যামসাং গ্যালাক্সি ট্যাব নামের এই মোবাইল ফোন চলে অ্যান্ড্রয়েড ২.২ অপারেটিং সিস্টেমে। ইন্টারনেট থেকে বেশির ভাগ সফটওয়্যার বা অন্যান্য দরকারি কিছু বিনা মূল্যে ডাউনলোড করা যায়। কম্পিউটারের সব ধরনের কাজ করা যায় এতে। মাত্র সাত ইঞ্চি পর্দার এই ফোনে ই-বুক রিডার, থ্রিজি নেটওয়ার্ক সমর্থন, ওয়াইফাই, স্ক্যানারসহ নানা ধরনের সুবিধা রয়েছে। এ ছাড়া এই ফোনের মাধ্যমে একটি দেশের বিভিন্ন দরকারি স্থানের ঠিকানা, পণ্যের বারকোড থেকে সেই পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া যাবে।’জানা গেল, আইপ্যাডের চেয়ে বাড়তি কিছু সুবিধা এতে পাওয়া যাবে। এ ছাড়া গ্যালাক্সি ট্যাবের ব্যবহারে তেমন কোনো সীমাবদ্ধতাও নেই বলে জানালেন রায়হান আহমেদ। এতে আছে ১৬ গিগাবাইট জায়গা, তবে এটি ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।আমাদের দেশের ভবিষ্যৎ সময়টা যে ট্যাবলেটের, তা হয়তো বলাই যায়।কৃতজ্ঞতা: রায়ানস কম্পিউটার