আসছে নতুন চার বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল (শিক্ষা পর্ষদ) এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ দুটি অনুষদ ও চারটি বিভাগ খোলার ক্ষেত্রে এখন শুধু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিভাগ খোলার অনুমতি পেলে শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু এটি আবাসিক বিশ্ববিদ্যালয়, সেহেতু হলের সিটের ওপর নির্ভর করে শিক্ষার্থী ভর্তি করা হবে।’ বলছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) মোহাম্মদ মুনিরুজ্জামান। ২০১১-১২ সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি অনুষদ ও চারটি বিভাগ খোলার আশা ব্যক্ত করেছেন তিনি।বিভাগগুলো হলো: কলা ও মানবিক অনুষদের অধীনে সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগ এবং চারুকলা বিভাগ, আইন অনুষদের অধীনে আইন ও বিচার বিভাগ, জীববিজ্ঞান অনুষদের অধীনে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিভস বিভাগ।এছাড়া নতুন অনুষদ খোলারও চেষ্টা চলছে। নরওয়ের বারজেন বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপ ফর সোশ্যাল ইনভেস্টমেন্ট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্মিলিতভাবে এই নার্সিং অনুষদ খোলার প্রয়াস চালাচ্ছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবীর বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক ভালো বিভাগে—যেমন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিভস বিভাগে পড়ার সামর্থ্য থাকে না অনেক মেধাবী শিক্ষার্থীর। এসব বিষয় বিবেচনা করে আগামী সেশনে এ দুটি অনুষদ ও চারটি বিভাগ খোলার চেষ্টা করছি। এখন শুধু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনের অপেক্ষায়। বিভাগগুলোতে স্নাতক এবং স্নাতকোত্তর চালু করা হলেও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিভস বিভাগে শুধু স্নাতকোত্তর পর্যায় চালু করা হবে। কয়েকটি বিভাগে ৫০ জনের মতো শিক্ষার্থী ভর্তির সুযোগ পেতে পারে। শিক্ষার্থী যেকোনো বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাস করুক না কেন, ভর্তিপরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার যথেষ্ট সুযোগ আছে। সে ক্ষেত্রে সরকারের সম্পূর্ণ সহায়তা পেলে আরও কয়েকটি অনুষদ—যেমন কৃষি অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ পৃথকভাবে খোলার চেষ্টা করা হবে। বিশ্ববিদ্যালয়ের পূর্ণতা এবং দেশে দক্ষ জনশক্তি ভিশন ২০২১ উদ্দেশ্য পূরণ করার লক্ষ্যে আমরা এ উদ্যোগ নিয়েছি।’ জাবির নতুন চারটি বিভাগের ও অনুষদের অনুমোদন সম্পর্কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে বিশাল ক্যাম্পাস, তাই ছাত্রসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে ও পরিকল্পিতভাবে বিভাগ খোলার বিষয়টি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। আর্থিক সংস্থানের ওপর নির্ভর করবে কবে খোলা হবে’