আসছে নতুন স্মার্টফোন
বহনযোগ্য যন্ত্রে উপযোগী গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নতুন একটি মোবাইল ফোনসেটে। অ্যান্ড্রয়েড ২.১ অপারেটিং সিস্টেমে চলা স্যামসাংয়ের স্মার্টফোন গ্যালাক্সি এস বাংলাদেশের বাজারে আসছে চলতি মাসেই। আন্তর্জাতিক বাজারে ছাড়া হয়েছে গত মাসে।নতুন এই সেটটি দেখতে আর কাজে দুদিকেই ‘স্মার্ট’। কথা বলা, খুদে বার্তা আদান-প্রদান, ইন্টারনেট ব্যবহার এখনকার মুঠোফোনের মূল কাজগুলোর পাশাপাশি এই সেটে ছবি তোলা, ভিডিও করা, সেগুলো ইন্টারনেটে প্রকাশ করাসহ নানা ধরনের কাজ করা যাবে। গ্যালাক্সি এস মোবাইল ফোনে ব্যবহার করা হয়েছে ১ গিগাহার্টজ গতির প্রসেসর। পুরোটাই স্পর্শকাতর পর্দার (টাচস্ক্রিন) এই সেটের মনিটর হিসেবে ব্যবহার করা হয়েছে ১০.১৬ সেন্টিমিটারের এএমওএলইডি ডিসপ্লে। এতে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। স্থিরচিত্রের পাশাপাশি হাইডেফিনেশন মানের ভিডিও ধারণ করা যাবে এই সেটে। গ্যালাক্সি এস সেটটিকে ই-বুক পড়ার যন্ত্র হিসেবেও ব্যবহার করা যাবে। এতে ৫০ হাজার ইলেকট্রনিক বই (ই-বুক) এতে দেওয়াও রয়েছে। স্যামসাংয়ের এই টাচস্ক্রিন স্মার্টফোনের তথ্য ধারণক্ষমতা ১৬ গিগাবাইট। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ৩২ গিগাবাইট পর্যন্ত তা বাড়ানো যাবে। গ্লোবাল পজিশনিং সিস্টেম, এফএম রেডিও, মানচিত্র ইত্যাদি সব সুবিধাই আছে এ সেটে। তারহীন যোগাযোগের জন্য ওয়াই-ফাই, ব্লুটুথ তো রয়েছেই। নিরাপত্তার জন্য আছে মোবাইল ফোনের অবস্থান বের করার প্রযুক্তি মোবাইল ট্র্যাকার। ইন্টারনেট ব্যবহার করার জন্য আছে গুগল ক্রোম লাইট ব্রাউজার। সেটটি মাত্র ৯.৯ মিলিমিটার পুরু। ডট কম প্রতিবেদক