আসছে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরে তাপপ্রবাহ বেড়েছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সাগরে নিম্নচাপ সৃষ্টির আশঙ্কাও বেড়েছে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।আবহাওয়া দপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে সারা দেশে স্বাভাবিক বৃষ্টি হবে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দু-তিন দিন মাঝারি থেকে তীব্র কালবৈশাখী এবং দেশের অন্যত্র তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী বজ্রসহ ঝড় হতে পারে।একই সঙ্গে এই মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ (সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত) এবং অন্যত্র দুই থেকে তিনটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।সূত্র জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকায় ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রামে গরমের তীব্রতা বেড়েছে। গত মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।বৈঠক সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৪০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু চলতি মাসে এখনো স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি। এ মাসে চট্টগ্রামে ৩২৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এ প্রসঙ্গে পতেঙ্গা আবাহওয়া দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন আবহাওয়াবিদ বলেন, ‘মে মাসে বৃষ্টি স্বাভাবিক হবে। এই মাসে এক দুইটি নিম্নচাপ হবে যা থেকে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’তবে জুন থেকে দেশে মৌসুমি বায়ু সক্রিয় হবে বলে আবহাওয়াবিদেরা মনে করছেন। মৌসুমি বায়ু সক্রিয় হলে ঘোর বর্ষা নেমে আসবে। এ সময় দেশের সর্বত্র সর্বোচ্চ বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।জুন মাসে তাপমাত্রা হ্রাস পাবে এবং এক থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বভাসে জানানো হয়েছে। এ কারণে বৃষ্টির পরিমাণ বাড়বে। একইভাবে জুলাই মাসে এক থেকে দুটি মৌসুমি নিম্নচাপের আশঙ্কাও করা হচ্ছে।