আসছে নির্বাচন, বাড়ছে কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছে। আগামী সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নকে ঘিরে এ কোন্দল প্রকাশ্য হয়ে উঠছে। গত ২৯ আগস্ট ফটিকছড়িতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আলাদা ব্যানারে মিছিল নিয়ে এসে নিজেদের শক্তি প্রদর্শন করেন সংশ্লিষ্ট নেতারা।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, আগামী নির্বাচনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা মিছিলে লোকজন নিয়ে নিজেদের অবস্থান প্রমাণ করার প্রয়াস চালান। এতে দলে বিভক্তির চিত্রই ফুটে উঠেছে।
দলীয় সূত্র জানায়, আগামী সংসদ নির্বাচনে স্থানীয় অন্তত ছয় নেতা মনোনয়ন পেতে আগ্রহী। তাঁরা হলেন সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার ও ভাই ফখরুল আনোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, বর্তমান উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম এবং মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদ হাছান। তাঁদের প্রত্যেকের নামে স্লোগান দিয়ে ২৯ আগস্টের জনসভায় হাজির হন অনুসারীরা। প্রার্থী হিসেবে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর নাম শোনা গেলেও তিনি প্রার্থী হতে ইচ্ছুক নন বলে জানা গেছে।
সূত্র জানায়, রফিকুল আনোয়ারের মৃত্যুর এক বছরের মাথায় কোন্দল দেখা দেয় তাঁর পরিবারে। বাবার মৃত্যুর পর মাস ছয়েক চাচা ফখরুল আনোয়ারকে সঙ্গে নিয়ে দলীয় সভা-সমাবেশে উপস্থিত থাকতেন ভাতিজি খাদিজাতুল আনোয়ার। সম্প্রতি দুজনেই কিছু নেতা-কর্মীকে নিয়ে আলাদাভাবে কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
জানতে চাইলে খাদিজাতুল আনোয়ার বলেন, ‘বাবার অসমাপ্ত কাজ করতে আমি মাঠে রয়েছি।’ চাচার সঙ্গে বিরোধের বিষয়টি উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘বাবার স্বপ্ন বাস্তবায়নে আমরা ফটিকছড়িবাসীর সঙ্গে কাজ করে যাচ্ছি।’ ফখরুল আনোয়ার বলেন, ‘আওয়ামী লীগ বড় দল। এ দলে কোন্দল নয়, নেতৃত্বের প্রতিযোগিতা আছে, থাকবে।’
এদিকে প্রধানমন্ত্রীর সফরের পর পেয়ারুল ইসলাম ও আফতাব উদ্দিনের মধ্যকার পুরোনো কোন্দল মাথাচড়া দিয়ে উঠেছে। জনসভায় প্রধানমন্ত্রীর ‘প্রতিশ্রুতি’ দেওয়া না-দেওয়া নিয়ে একজন আর এক জনকে দোষারোপ করছেন।
এর আগে ১২ আগস্ট এলাকার এক কর্মিসভায় কথা- কাটাকাটির জের ধরে আফতাবকে চড় দেন পেয়ারু। গত ২৬ আগস্ট স্থানীয় একটি সামাজিককেন্দ্রে কর্মিসভায় আফতাব সংসদ সদস্য প্রার্থী হওয়ার ঘোষণা দিলে তা পেয়ারু সমর্থকদের চিন্তায় ফেলে দেয়।
১৯৯০ সালে আফতাবকে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন পেয়ারুল। গত সংসদ নির্বাচনে তিনি বিএনপির বিতর্কিত নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর কাছে হেরে যান। এলাকায় প্রচার আছে এর পেছনে আফতাব উদ্দিনের হাত রয়েছে।
পেয়ারুর অভিযোগ, দলের কিছু নেতা সাকার পক্ষে কাজ করায় তিনি হেরেছেন। তিনি বলেন, ‘এর সঙ্গে দলের কতিপয় নেতা জড়িত ছিল। আমি এর প্রতিবাদ করেছি।’
এ ব্যাপারে আফতাব উদ্দিন বলেন, ‘আমি কোন্দলে জড়িত নই। উনিও (পেয়ারুল ইসলাম) দলের নেতা। আমরা দলের জন্য কাজ করছি।’
এদিকে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ নুরুল আলম চৌধুরী আগামী নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন। ২৬ আগস্টের কর্মিসভায় তিনি বলেন, ‘এখন রাজনীতিতে সহনশীলতা নেই। অবস্থা এমন যে আমরাই আমাদের হারাব। গতবার কোন্দলের সুযোগ নিয়ে রাজাকার সাকা আসনটি ছিনিয়ে নেয়।’
তৌহিদুল আলম বলেন, ‘স্থানীয় রাজনীতিতে ব্যক্তি স্বার্থের প্রাধান্য রয়েছে। আগামী সময়ে ভালো ফল পেতে হলে সবাইকে ব্যক্তিস্বার্থের ঊর্ধে উঠে আসতে হবে।’ মাহমুদ হাসান বলেন, ‘মনোনয়নকে কেন্দ্র করে দলে কিছু কোন্দল সৃষ্টি হচ্ছে। আশা করি তা নির্বাচনের আগেই মীমাংসা হয়ে যাবে।’