আসছে ফাগুন
আজ রাতে ঘুম নেই কারও চোখে আর! সারা রাত কানাকানি; ফিসফাস। শিশু-কিশোরের দল এক মস্ত শীতলপাটির মঞ্চ সাজিয়েছে খড় পোড়ানো আগুনের পাশে। আগুন আর রাত রাঙানো চাঁদের যৌথ আলোয় তাদের সামনে দেখা যায় হরেক রঙের কাগজের স্তূপ—সবুজ, নীল, খয়েরি, গোলাপি। সেই সব কাগজ কেটে কেটে গাছের পাতা বানায় তারা।
উঁ...হু...হু... ওভাবে নয়! ওভাবে নয়! হৃদয়ের মতো করে কাটো, যাকে বলে হার্ট শেপ। পাতা তো গাছের হৃদয়ই। হাওয়ার কানে কানে পাতারা কেমন সড়সড় শব্দে কথা বলে শোনোনি? একদম অন্তরের ভাষায়। শিশু-কিশোরের দলটাকে পাতা কাটার কৌশল শিখিয়ে দেন জ্ঞানী বৃদ্ধরা। এই সব পাতা কাল জুড়ে দেওয়া হবে শীতে পত্রহীন শিরীষের ডালপালায়।
হইহই করে শীতলপাটির মঞ্চে ঢুকে পড়েন তরুণ আর যুবকেরা। পৃথিবীর সব কাকের বাসা থেকে তাঁরা খুঁজে খুঁজে এনেছেন কোকিল-ছানাদের, সঙ্গে বনের পথে বিছিয়ে থাকা ঝরা পাতাদেরও। এই সব কোকিল-ছানা নীলাকাশে উড়িয়ে দেওয়া হবে কাল সকালেই। কুহু সুরের ছন্দে তারা ছড়িয়ে পড়বে দিকে দিকে। তারপর তরুণ আর যুবকেরা ঝরা পাতাদের বুকে আজ রাত জেগে লেখা চিঠিগুলো ভাসিয়ে দেবেন এই শহরের সড়ক নদীতে, সেসব চিঠি পৌঁছে যাবে তাঁদের যাঁর যাঁর প্রিয়তমার হাতে—এই আকাঙ্ক্ষায়। কিন্তু কিসে ভরে ভাসাবেন তাঁরা চিঠিগুলো! কী সেই বস্তু যা মলিন হয়ে মুছে যাওয়া থেকে রক্ষা করবে তাঁদের হৃদয়ের ভাষাকে!
তরুণ-যুবকদের এই সমস্যার কথা শুনে হাসেন জ্ঞানী বৃদ্ধের দল। তাঁরা ফিরে যান যাঁর যাঁর ঘরে। সযত্নে রক্ষিত পুরোনো টিনের ট্রাংক খুলে তাঁরা বের করে আনেন তাঁদের নিজস্ব নীল খাম। এই সব নীল খামের মধ্য থেকে বের করে তাঁরা তাঁদের হৃদয়ের ভাষা ধারণ করে থাকা বহু পুরোনো পাতাগুলো ফুঁ দিয়ে দিয়ে ভাসিয়ে দেন হাওয়ায়। তারপর খামগুলো নিয়ে গিয়ে তুলে দেন তরুণদের হাতে। হৃদয়ের কথামালা নিরাপদে রাখার এমন পাত্র পেয়ে তরুণ-যুবকদের খুশি যেন আর ধরে না। তাঁরা জ্ঞানী বৃদ্ধদের কাছে কোকিল-ছানাদের জিম্মা বুঝিয়ে দিয়ে তক্ষণই গিয়ে প্রেয়সীর নামে বুকের রক্তে লিখতে বসেন তাঁদের সারাটি জীবন।
এদিকে জ্ঞানী বৃদ্ধদের উড়িয়ে দেওয়া পাতারা হাওয়ার বুকে ঘ্রাণ ছড়ালে সেই গন্ধে আকুল হন তরুণী-যুবতীরা। তাঁরা দীর্ঘ এক বছর ধরে আগলে রাখা গাঁদা ফুলের নির্যাস তাঁদের সাদা রঙের শাড়িতে মেখে চাঁদের আলোয় গিয়ে দাঁড়ান। হাতে হাত রেখে তাঁরা বসন্তের আগমনী গান গাইতে শুরু করেন। চাঁদের আলোয় গাঁদা ফুলের নির্যাস শুকিয়ে তরুণীদের শাড়ি বাসন্তী রং ধারণ করে ধীরে ধীরে। এই রূপান্তর দেখে আনন্দে উচ্ছল হয়ে ওঠেন তাঁরা।
শিশু-কিশোরদের পাতা বানানো শেষ হয়। তারা পাতাগুলো দেখায় জ্ঞানী বৃদ্ধদের। তরুণীদের গাওয়া গান শুনতে শুনতে এই সব পাতা দেখে জ্ঞানী বৃদ্ধদের মুখে ফোটে সন্তুষ্টির হাসি।
সবাই মিলে প্রতীক্ষায় থাকে। আর তো মাত্র কিছুক্ষণ। আসছে ফাগুন।