বাঁশখালী উপকূলের ১৬ কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ এখনো সংস্কার করা হয়নি। পূর্ণিমায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকে পড়ে জোয়ারের পানি। ফলে বর্ষা যত ঘনিয়ে আসছে, বেড়িবাঁধের আশপাশের সাত ইউনিয়নের মানুষের আতঙ্ক তত বাড়ছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯১ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বাঁশখালী উপকূলের বেড়িবাঁধ লন্ডভন্ড হয়ে যায়। এরপর বেড়িবাঁধ ঠিকভাবে মেরামত করা হয়নি। সব সময় জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়েছে। এ ছাড়া গত কয়েক বছরে উজাড় হয়েছে প্যারাবন। ফলে অরক্ষিত হয়ে পড়েছে উপকূলীয় এলাকা। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরিয়া, সাধনপুর, খানখানাবাদ, বাহারছড়া, সরল, গণ্ডামারা, ছনুয়ায় প্রায় ১৬ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা। সমুদ্রের আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। দক্ষিণ সরলের জাকের হোসেন বলেন, ‘একটু জোরে বৃষ্টি হলে আতঙ্কে থাকি। কখন পানি চলে আসে। কারণ এখনো ভাঙা বেড়িবাঁধ মেরামত হয়নি। এদিকে, বর্ষা একেবারে কাছে চলে এসেছে।’খানখানাবাদের কৃষক আবদুল করিম জানান, ‘তিন বছর ধরে পূর্ণিমায় সমুদ্রের লোনা পানি ঢুকছে জমিতে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চাষের খরচের টাকাও ওঠেনি।’ গণ্ডামারা ইউনিয়নের বাসিন্দা নুরুল মোস্তফা বলেন, ‘বেড়িবাঁধ সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।’খানখানাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী সিরাজুল মোস্তফা বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড থেকে কয়েকবার বেড়িবাঁধ সংস্কারের বরাদ্দ এলেও কাজের কাজ কিছুই হয়নি। নামেমাত্র কাজ করে টাকা তুলে নিয়েছেন ঠিকাদার।’ ছনুয়া ইউপি চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী বলেন, ‘বেড়িবাঁধ রক্ষায় যে ঝাউগাছ রোপণ করা হয়েছিল, স্থানীয় ভূমিদস্যুরা সে গাছ কেটে নিয়ে গেছেন। তাঁরা সেখানে চিংড়িঘের তৈরি করায় উপকূলীয় বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, ‘পূর্ণিমার জোয়ারে কুদুকখালী ও দক্ষিণ ছনুয়া প্লাবিত হয়। বেড়িবাঁধের সংস্কারের কাজ না হলে বর্ষায় ছনুয়া তলিয়ে যাবে।’বন বিভাগের বাঁশখালী উপকূলীয় রেঞ্জার কুশকুমার বৈদ্য জানান, স্থানীয় ভূমিদস্যুরা রাতের আঁধারে ঝাউগাছগুলো কেটে উজাড় করে দিচ্ছে। জনবল কম হওয়ায় ঠিকভাবে পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না। গত ১০ বছরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এক হাজার ১০০ মামলা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী নুর মোহাম্মদ বলেন, ‘বাঁশখালীর প্রায় ১৬ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। এ জন্য গত মাসে বরাদ্দ হলেও অর্থ ছাড় না হওয়ায় কাজ শুরু করা যায়নি। আশা করছি, আগামী মাসে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার হাসনাত তারিক বলেন, ‘বেড়িবাঁধ এখনো অনেক জায়গায় ভাঙা রয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি লিখিত আবেদন পাঠানো হয়েছে। শিগগির ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কাজ হবে।’