আসছে বিসিএস পরীক্ষা
ক্যালেন্ডারের পাতায় চোখ পড়তেই আঁতকে উঠলেন সাদিয়া। হাতে আছে আর মাত্র কয়েক দিন। এখনো বিসিএস পরীক্ষার আবেদনপত্র সংগ্রহ করা হয়নি। তাই আবেদনপত্র সংগ্রহ করতে তাড়াহুড়ো করে ছুটলেন নির্দিষ্ট ব্যাংকের ঠিকানায়। সবে স্নাতক পরীক্ষা শেষ করে রেজাল্টের অপেক্ষায় আছেন সাদিয়া। এরই মাধ্যে বিসিএসের বিজ্ঞপ্তি ভেতরে ভেতরে খানিকটা শিহরণ এনে দিল তাঁর মনে। কেননা ছোটবেলা থেকেই সাদিয়ার স্বপ্ন সরকারি কর্মকর্তা হয়ে দেশের সেবা করার। আর সেই লক্ষ্য পূরণের উপায় হলো বিসিএসের বৈতরণী পার হওয়া। এদিকে মো. মনিরুজ্জামানের মধ্যে উত্কণ্ঠা কিছুটা কম। কেননা ৩০তম বিসিএস তাঁর জীবনের তৃতীয় বিসিএস। এর আগে ২৮তম বিসিএসের মৌখিক দিয়েছেন। আর লিখিত পরীক্ষা দিয়েছেন ২৯তম বিসিএসের। এখন অপেক্ষা দুই পরীক্ষার ফলাফল প্রকাশের। তাই ৩০তম বিসিএস নিয়ে খানিকটা নিরুত্তাপ তিনি। মনিরুজ্জামান বলেন, ‘২৮ ও ২৯তম বিসিএস নিয়ে আমি আশাবাদী। কিন্তু তার পরও সিরিয়াসলি দেব ৩০তম বিসিএস পরীক্ষা।’বিসিএস পরীক্ষা কীবিসিএস হলো সরকারি কর্মকর্তা নিয়োগের জন্য মেধা যাচাইয়ের পরীক্ষা। বিশেষ করে সরকারের নির্বাহী বিভাগ পরিচালনার জন্য প্রথম শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করা হয় এই পরীক্ষার মাধ্যমে। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এ পরীক্ষা অনুষ্ঠিত হয় কয়েকটি ধাপে। প্রয়োজনীয় শূন্যপদের বিপরীতে প্রতিবছরই সরকারি কর্মকর্তা নিয়োগ করা হয় বিসিএস পরীক্ষার মাধ্যমে।বিসিএস পরীক্ষা কেন দেবেনরিফাত জাহান স্বপ্ন দেখেন আমলাতন্ত্রের সর্বোচ্চ পদ সচিব হওয়ার। আর এই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হলো বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। সে কারণেই ৩০তম বিসিএস পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন তিনি। মোট ২৮টি ক্যাডারে সরকারি কর্মকর্তা নিয়োগ করা হয় বিসিএস পরীক্ষার মাধ্যমে। পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, কাস্টমস, আয়কর, শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে দেখা যায় বিসিএস উত্তীর্ণদেরই। একটি নিশ্চিত ও মর্যাদাপূর্ণ ক্যারিয়ারের জন্য তাই অনেকেই বেছে নিচ্ছেন সরকারি চাকরিকে। আর নিজেকে ওই পর্যায়ে পৌঁছাতে হলে বিসিএসের বিকল্প নেই।পরীক্ষার ধরন মোট তিনটি ধাপে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। আবেদনপত্র জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করার পর প্রিলিমিনারি টেস্টে অংশ নিতে হবে। মোট ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা দিতে হয় এ পর্যায়ে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণরাই দ্বিতীয় ধাপে ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। তবে যাঁরা সাধারণ ক্যাডার ছাড়াও প্রফেশনাল ক্যাডারে পরীক্ষা দিতে চান, তাঁদের আলাদা করে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা তৃতীয় ধাপে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেন। লিখিত আর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার জন্য যোগ্য হিসেবে নির্বাচিত হন।পরীক্ষা দেওয়ার যোগ্যতা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই এইচএসসি সম্পন্ন করে চার বছরের অনার্স বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। আর প্রফেশনাল ক্যাডারে পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন সেই বিভাগ সংশ্লিষ্ট ডিগ্রি। তবে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ থাকলে তিনি বিসিএস পরীক্ষার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।আবেদনপত্রের সঙ্গে কী কী প্রয়োজনআবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, বয়স প্রমাণের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষার সত্যায়িত সনদ, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ এবং এমফিল বা পিএইচডির সনদ থাকলে তা সত্যায়িত করে জমা দিতে হবে। এ ছাড়া আবেদনপত্র ক্রয়ের রসিদের সত্যায়িত ফটোকপি এবং ব্যাংক ড্রাফট বা চালানের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের মূল্য ২০০ টাকা। এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট বা চালান সরকারি কর্ম কমিশনের সচিব বরাবর সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে।আবেদনপত্র প্রাপ্তির স্থানপিএসসি নির্ধারিত ছয়টি কেন্দ্রেই সোনালী ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। রাজধানীতে সোনালী ব্যাংকের সদরঘাট, রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, মালিবাগ, ফার্মগেট, গ্রিন রোড শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। এ ছাড়া সোনালী ব্যাংকের ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, ফরিদপুর শাখা থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে। রাজশাহী কোর্ট বিল্ডিং শাখা ছাড়াও সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে রাজশাহী কেন্দ্রের আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এ ছাড়া সোনালী ব্যাংকের বগুড়া, পাবনা, রংপুর এবং দিনাজপুর শাখা থেকে রাজশাহী কেন্দ্রের আবেনদপত্র পাওয়া যাবে। চট্টগ্রাম কেন্দ্রের আবেদনপত্র পাওয়া যাবে সোনালী ব্যাংকের পাঁচলাইশ ও আগ্রাবাদ শাখায়। এ ছাড়া কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি, বান্দরবান শাখা থেকেও সংগ্রহ করা যাবে বিসিএসের আবেদনপত্র।খুলনা কেন্দ্রের আবেদনপত্র পাওয়া যাবে সোনালী ব্যাংকের প্রধান শাখা খুলনা এবং কাস্টমস হাউজিং শাখা থেকে। এ ছাড়া সোনালী ব্যাংকের যশোর ও কুষ্টিয়া শাখা থেকেও আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। বরিশাল কেন্দ্রের আবেদনপত্র বরিশাল ও পটুয়াখালী সোনালী ব্যাংক শাখা থেকে সংগ্রহ করতে হবে। সিলেট কেন্দ্রের আবেদনপত্র পাওয়া যাবে সিলেট সোনালী ব্যাংক শাখা ও দরগাহ গেট করপোরেট শাখা থেকে। এ ছাড়া সব কেন্দ্রের আবেদনপত্র পাওয়া যাবে শুধু রাজধানীর সোনালী ব্যাংকের গ্রিন রোড শাখা থেকে।কোথায় জমা দেবেন আবেদনপত্রআবেদনপত্র সংগ্রহ করে সঠিকভাবে পূরণের পর সেটি জমা দিতে আগের মতো এখন আর পিএসসিতে ছুটতে হবে না। আবেদনপত্র নিজ নিজ জেলা প্রশাসকের দপ্তরে জমা দিতে পারবেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র ও সনদপত্রসহ আবেদনপত্রটি র্৯ র্X১র্২ র্ ইনভেলপে মুখ খোলা অবস্থায় জমা দিতে হবে। আবেদনপত্রটি ২০ এপ্রিল বিকেল পাঁচটার মধ্যে জমা দিতে হবে। ৩০তম বিসিএস পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে লগ ইন করুন www.bpsc.gov.bd