
বৈশ্বিক নানা সমস্যার সমাধান খুঁজে বের করতে তরুণ শিক্ষার্থীদের নিয়ে মুন সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ)। বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাবের আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ থেকে ২৭ মার্চ। মুন বা মডেল ইউনাইটেড ন্যাশনস সম্মেলনে জাতিসংঘের আদলে গড়া হয় প্রতীকী জাতিসংঘ। সত্যিকারের জাতিসংঘের মতোই এখানে থাকে বিভিন্ন কমিটি। কমিটির সদস্যরা প্রতিনিধিত্ব করেন বিভিন্ন দেশের। এবারের সম্মেলনের স্লোগান ‘বৈষম্যহীন এবং ন্যায্য বৈশ্বিক রাজনৈতিক অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া’।
এইউডব্লিউ-এমইউএন ক্লাবের সভাপতি ও অনুষ্ঠেয় সম্মেলনের মহাসচিব আঞ্জুমান তানহা বলেন, ‘বর্তমান বিশ্বের অধিকাংশ সমস্যা রাষ্ট্রগুলোর অর্থনীতিকে ঘিরে। আমাদের লক্ষ্য বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করে তা আলোচনা, পরামর্শ ও বিতর্কের মাধ্যমে এসব সমস্যার সমাধান বের করা।’
এ বছরের এইউডব্লিউ-এমইউএন ক্লাবের সদস্যসচিব হিসেবে রয়েছেন বাংলাদেশ, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনামসহ এশিয়ার ১০টি দেশের মোট ২৮ জন সদস্য। আয়োজকেরা জানিয়েছেন, আসছে সম্মেলনে অংশগ্রহণ করবেন বিভিন্ন দেশের প্রায় ২০০ প্রতিনিধি। সম্মেলনে প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী ছাড়াও স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। প্রতিনিধি আবেদন-প্রক্রিয়া চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন-প্রক্রিয়া ও সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে http://auwimun2016.org