লেখা: মাসউদ ফোরকান আঁকা : রোমেল বড়ুয়া

সংগীতাঙ্গনে নতুন তারকার আবির্ভাব হচ্ছে। ফুটবলের পাশাপাশি সুরের সাধনাও করছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কেবল সাধনাই নয়, নতুন মিউজিক ভিডিওর প্রস্তুতিও নিয়ে ফেলেছেন তিনি। রাশিয়া বিশ্বকাপের এই ব্যস্ততার মাঝে তিনি এক একান্ত সাক্ষাৎকারে বলেন, ‘লোকে বলছে, ফুটবল মাঠে আমি ঠিক জ্বলে উঠতে পারছি না; তাই ঠিক করেছি এই থিমেই একটা গান করব। আপনারা জানেন, বিরহ-কষ্টেই বড় শিল্প সৃষ্টি হয়। আমিও এই নীতিতে এগিয়ে চলছি। তাই আমার গানের শিরোনাম—নিবু নিবু তারা।’
সংগীতশিল্পী হওয়ার জন্য যে সাধনা এবং প্রতিভা দরকার, তা কি মেসির আছে? প্রশ্নটা খুব ভালোভাবেই সামলালেন ‘ভিনগ্রহের’ এই ফুটবলার, ‘দেখুন, আজকাল টাকা হলে আপনি কী না হতে পারেন! দীর্ঘদিনের ফুটবলার ক্যারিয়ারে টাকাপয়সা তো কম আয় করিনি। আর বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে বলে দেশটি সম্পর্কে কিছু খোঁজ নিয়ে দেখেছি। শুনলাম, ঈদের সময় বিশ্বকাপ ফুটবলের পাশাপাশি কিছু শিল্পীর মিউজিক ভিডিও বেশ সাড়া ফেলেছে, সেখান থেকেই আমি অনুপ্রেরণা খুঁজে নিয়েছি। আর সাধনা বলতে আমি অটো টিউনিংটা মন দিয়ে রপ্ত করার চেষ্টা করছি। এটা শিখলেই সংগীতশিল্পী হওয়া গোল করার থেকেও অনেক সহজ হয়ে যাবে।’
বিখ্যাত একটি প্রতিষ্ঠানের সঙ্গে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। শিগগিরই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানা যাবে। তবে মেসি ইঙ্গিত দিয়েছেন, মিউজিক ভিডিওর কিছু দৃশ্য ভিনগ্রহে শুট করা হতে পারে।