আসছেন নারী সার্জেন্ট

৬২১ জনের মধ্যে ২৮ জন নারী। সংখ্যার দিক থেকে দেখলে মনে হতে পারে, নারীর সংখ্যা এত কম! তবে কাজের দিক বিবেচনায় নিলে সংখ্যাটা আর কম মনে হবে না। কেননা সারা দেশের বিভিন্ন সড়কে এই ২৮ জন নারী প্রথমবারের মতো শৃঙ্খলা রক্ষা করবেন এবং আইন অমান্যকারীদের কাছে প্রতিরোধক হয়ে দাঁড়াবেন। ট্রাফিক আইন যাঁরা মানবেন না, তাঁদের বিরুদ্ধে এই নারীরা মামলা করতে পারবেন। গাড়ি জব্দ অথবা জরিমানাও করতে পারবেন। সন্দেহভাজন কোনো যাত্রীর শরীর তল্লাশি করতে পারবেন। এই নারীরা ট্রাফিক সার্জেন্টের দায়িত্ব পালন করবেন।
এই নারীদের সঙ্গে থাকবে অস্ত্র, ওয়াকিটকি ইত্যাদি। মোটরবাইক চালানো তাঁদের জন্য বাধ্যতামূলক। রোদ, বৃষ্টি, ঝড় যা-ই হোক, রাস্তায় দায়িত্ব পালন করতে হবে টানা আট ঘণ্টা। নারী সার্জেন্টের এই দায়িত্বে চ্যালেঞ্জের কমতি নেই। তবে এই নারীরা সব জেনে-শুনেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে আসছেন। প্রশিক্ষণ শেষে আগামী ১ ডিসেম্বর সড়কে কাজ করতে নামবেন তাঁরা। সার্জেন্ট হিসেবে পুলিশে নারীদের নিয়োগ এই প্রথম। তবে বেশ কয়েক বছর আগে কিছু নারী কনস্টেবলকে স্বল্প সময়ের জন্য ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত করা হয়েছিল।
বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগ, ট্রাফিকে কর্মরত পুরুষ সার্জেন্ট, পুলিশের উচ্চপর্যায়ের নারী কর্মকর্তারা এই সার্জেন্টদের আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন। বলছেন, মাঠে নামলে চ্যালেঞ্জ নিতে হবেই। তা মোকাবিলা করেই পুলিশের উচ্চপর্যায়সহ বিভিন্ন পেশায় নারীরা নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছেন। এ ক্ষেত্রেও নারীরা সফল হবেন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (নিয়োগ) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বললেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক দিনের ইচ্ছা ছিল নারীরা সার্জেন্টের দায়িত্ব পালন করবে। গত বছর নিয়োগপ্রক্রিয়া শুরু হয়। শারীরিক বিভিন্ন পরীক্ষা শেষে ১ হাজার ৮৩৭ জন সার্জেন্ট পদে লিখিত পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৪৬ জন।’ এরপর মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে ২৮ জন নারী সারা দেশের বিভিন্ন শূন্যপদে সার্জেন্ট হিসেবে নিয়োগ পান। এখন তাঁদের রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলছে। মনিরুল ইসলাম বললেন, ‘নারী বা পুরুষ সার্জেন্ট বলে কোনো বৈষম্য নেই। সবাই সমান কাজ করবেন। মেধা ও কোটা মিলিয়ে প্রথমবারেই ২৮ জন নারীকে পাব, আমরা এতটা তো আশাই করিনি।’
পুলিশের অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের তথ্য অনুযায়ী, বাংলাদেশ পুলিশ বাহিনীতে মঞ্জুরিকৃত পদ আছে ১ লাখ ৫৫ হাজার ৮০৯টি। বর্তমানে (৯ আগস্ট পর্যন্ত) বিভিন্ন পদে নারী পুলিশের সংখ্যা ৮ হাজার ৮০৫ জন। এর মধ্যে কনস্টেবল পদে প্রশিক্ষণার্থী আছেন ১ হাজার ২৬৯ জন। শতকরার হিসাবে তা ৬ দশমিক ০৩ শতাংশ।
যেহেতু প্রথমবারের মতো নারী সার্জেন্টরা কাজে নামবেন, তাই চ্যালেঞ্জটা মোটেও কম নয়। নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘নারীদের কাজে চ্যালেঞ্জ সব সময়ই থাকবে। আমরা যখন প্রথম পুলিশে আসি, তখন অনেকেই বলেছে, নারী হয়ে কীভাবে পারবে? আমরা পেরেছি। সার্জেন্ট পদে যাঁরা আসছেন, তাঁরা সব চ্যালেঞ্জের কথা জেনেই আসছেন। চ্যালেঞ্জ কোনো ব্যাপার নয়। সমাজে থাকা মানুষদের মানসিক পরিবর্তনের জন্য সার্জেন্ট পদে নারীদের নিয়োগ অবশ্যই ইতিবাচক।’
সার্জেন্ট পদে ১৯ থেকে ২৭ বছর বয়সী অবিবাহিত নারীরা আবেদন করার সুযোগ পান। অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ছিল শিক্ষাগত যোগ্যতা। তাঁদের উচ্চতা চাওয়া হয়েছিল ৫ ফুট ৪ ইঞ্চি। ইংরেজি, বাংলা রচনা, কম্পোজিশন, সাধারণ জ্ঞান, পাটিগণিত, মনস্তত্ত্ব, মৌখিকসহ মোট ২৫০ নম্বরের পরীক্ষা দিতে হয়। মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকা, কম্পিউটারে দক্ষতাসহ শারীরিক অন্যান্য যোগ্যতার চুলচেরা বিচার করে তবেই নারীরা এ পদের জন্য যোগ্য বিবেচিত হয়েছেন। এ পদে নিয়োগপ্রাপ্ত নারীরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ পাবেন। রেশন ভাতা, বিনা মূল্যে পোশাক, চিকিৎসাসুবিধাসহ অন্যান্য সুবিধা পাবেন।
নারীরা পুলিশের উচ্চপদসহ নানা স্তরে নিজেদের দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। লোকজন নারী পুলিশের উপস্থিতি দেখতে এখন অভ্যস্ত। এমনটাই বললেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মুসলেহ উদ্দিন আহমদ। তিনি যোগ করলেন, ‘মাঠে নামার পর নারী সার্জেন্টের টয়লেট সমস্যাসহ কিছু বিষয়ে সমস্যা হতে পারে। তবে সমস্যার ধরন বুঝে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকার পল্লবী জোনের সার্জেন্ট জসিম উদ্দীন বলেন, ‘কারও বিরুদ্ধে মামলা দিলে ওই ব্যক্তি সার্জেন্টদের শত্রু মনে করে। পরিস্থিতি বুঝে সব ঈদে ছুটি মিলতে না-ও পারে। এ ধরনের চ্যালেঞ্জ শুধু নারীর নয়, পুরুষের বেলায়ও প্রযোজ্য। নারীরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন না, পুরুষেরা পারবেন, তা বলার কোনো কারণ নেই।’
ট্রাফিক সার্জেন্টদের সড়কে যান চলাচল ব্যবস্থাপনা করার পাশাপাশি পুলিশের অন্যান্য নৈতিক দায়দায়িত্বও পালন করতে হয়। পুরুষ সার্জেন্টরাও নারী সার্জেন্টদের স্বাগত জানিয়েছেন। রমনা ট্রাফিক জোনের পুলিশ সার্জেন্ট ফিরোজ মাহমুদ বলেন, ‘সার্জেন্ট হিসেবে দীর্ঘক্ষণ রাস্তায় কাজ করতে হয়। অনেক সময় রাতেও ডিউটি করতে হয়। সবকিছু মিলে নারী বা পুরুষ যে কারও জন্যই সার্জেন্টের কাজটা চ্যালেঞ্জের। নারীরা অন্যান্য জায়গায় দক্ষতার প্রমাণ রাখছেন। এ ক্ষেত্রেও পারবেন।’
গোটা দুনিয়ার মতো বাংলাদেশেও চ্যালেঞ্জিং পেশায় নারীদের অংশগ্রহণ বাড়ছে। দেশের সড়ক সামলানোর কাজে নারী সার্জেন্টরা দক্ষতা দেখাবেন, এমনই প্রত্যাশা।