বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৫৬ পেয়েছে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র ইশরাক। তাঁকে নিয়ে পরিবারের সবার উদ্বেগের অন্ত নেই। এখনো পর্যন্ত শহরের কোনো কলেজের তালিকায় তাঁর নাম ওঠেনি। কোথায় পড়বে সে?—এ প্রশ্নের উত্তর সে এবং তাঁর পরিবারের কেউ জানেন না। ইশরাকের মতো এ রকম অনেক শিক্ষার্থী এক বিরাট অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অথচ পরিসংখ্যান বলছে, একাদশ শ্রেণীতে আসনসংকটের কোনো কারণ নেই। বরং ৩০ হাজার আসনই খালি পড়ে থাকবে। এমনটাই বেরিয়ে এসেছে হিসাব-নিকাশে। তবুও শিক্ষার্থীদের মধ্যে ভর্তি নিয়ে হাহাকার চলছে। চট্টগ্রাম বোর্ড সূত্রে জানা যায়, এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ৫২১ জন শিক্ষার্থী। বোর্ড অনুমোদিত কলেজের সংখ্যা সম্প্রতি ১৯৫ থেকে বেড়ে ১৯৭টি হয়েছে। নিলুফার কায়সার সিটি করপোরেশন কলেজ ও পিনাকল কলেজ নামে দুটি কলেজের সঙ্গে যুক্ত হয়েছে। এর মধ্যে সরকারি কলেজ রয়েছে ২০টি এবং সিটি করপোরেশন কলেজসহ বেসরকারি কলেজ ১৭৭টি। সবকটি কলেজ মিলে একাদশ শ্রেণীতে আসন রয়েছে প্রায় ৯০ হাজার।একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শেষ হবে ২৮ জুন। জরিমানাসহ ভর্তির শেষ তারিখ আগামী ১১ জুলাই বলে বোর্ড সূত্রে জানা গেছে। পর্যাপ্ত আসন থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা কেন ভর্তি আতঙ্কে ভুগছে এর কারণ অনুসন্ধানে জানা গেছে, বেশির ভাগ শিক্ষার্থীর ঝোঁক সরকারি কলেজের প্রতি। এগুলোর মধ্যে শহরে চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহম্মদ মহসীন কলেজ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ অন্যতম। এ ছাড়া কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি সরকারি কলেজও উল্লেখযোগ্য। শিক্ষার্থীরা এসব কলেজে ভর্তি হওয়ার জন্য মরিয়া হয়ে আছে। একইভাবে মফস্বলে উপজেলা সদরের নামকরা কলেজকেই বেছে নিচ্ছেন তাঁরা। কিন্তু এসব শিক্ষাপ্রতিষ্ঠানের সীমিত আসনে সবার ঠাঁই হবে না। অপরদিকে, শহরের বাইরের কলেজগুলোতে বেশির ভাগ বিজ্ঞানের শিক্ষার্থী ব্যবসায় শিক্ষায় ভর্তি হচ্ছেন। ফলে বিজ্ঞানের আসন খালি থাকছে, চাপ পড়ছে ব্যবসায় শিক্ষার ওপর। খোঁজ নিয়ে জানা যায়, মিরসরাই কলেজে ১৫০টি আসনের বিপরীতে বিজ্ঞান বিভাগে মাত্র ২০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। অথচ ব্যবসায় শিক্ষার ৩৭৫ আসনের সবকটিই পূরণ হয়ে গেছে। নিজামপুর, সীতাকুণ্ড, বারৈয়াঢালা, বিজয় স্মরণী কলেজেরও প্রায় একই চিত্র। এসব কলেজেও বিজ্ঞানের অর্ধেকেরও বেশি আসন খালি রয়েছে। সবাই ভর্তি হচ্ছে ব্যবসায় শিক্ষায়। বোর্ড সূত্রে জানা গেছে, ইতিমধ্যে এ ধরনের কয়েকটি কলেজ থেকে ব্যবসায় শিক্ষায় আসন বাড়ানোরও আবেদন জানানো হয়েছে। ব্যবসায় শিক্ষায় পড়ার প্রবণতা কেন বাড়ছে এ প্রশ্নের জবাব খুঁজতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিজ্ঞানে পড়াশোনার চাপ বেশি। প্রায় প্রতিটি বিষয়ে প্রাইভেট পড়তে হয়। এতে বাবা-মাকে ছেলে-মেয়ের টিউশন ফি জোগাতেই হিমশিম খেতে হয়। তার ওপর ভালো ফল না হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নও পূরণ হবে না। এর চেয়ে ব্যবসায় শিক্ষায় পড়লে প্রাইভেট না পড়লেও চলে। ক্ষেত্রবিশেষে মানবিকের চেয়ে এতে বেশি নম্বর পাওয়া যায়। এমনকি ব্যবসায় শিক্ষায় পড়ে বিবিএ, এমবিএ করে বেরোলে চাকরির বাজারেও ভালো দাম পাওয়া যাবে বলে মনে করেন অভিভাবকেরা। তা ছাড়া গ্রামাঞ্চলে বিজ্ঞানের শিক্ষকের স্বল্পতাও এ বিষয়ে আগ্রহ কমে যাওয়ার অন্যতম কারণ বলে অনেকেই মনে করেন। এদিকে শহর এলাকায় বিজ্ঞানের শিক্ষার্থীরা সবাই সরকারি কলেজের দিকেই ছুটছে। অথচ বেসরকারি অনেক কলেজেই বিজ্ঞানের আসন খালি রয়েছে। এর মধ্যে পালার (শিফট) ফলাফল বিচারে ভালো কলেজও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেছে, ওই সব কলেজে মর্নিং শিফট থাকায় তারা সেখানে ভর্তি হতে চাইছে না। কারণ, এতে সকালে তাদের প্রাইভেট কোচিং পড়ায় সমস্যা হবে। কিন্তু চট্টগ্রাম বোর্ডে এবার জিপিএ-৫ পাওয়া তিন হাজার ৫০০ জন শিক্ষার্থীর সবাই নগরের সরকারি কলেজগুলোতে পড়ার সুযোগ পাবে না। কারণ, এসব কলেজে প্রায় এক হাজার ৭০০ আসন রয়েছে। আসন বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে আমাদের কলেজে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে অবকাঠামোগতসংকট এবং শিক্ষকস্বল্পতাও রয়েছে। এ অবস্থায় একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে আসন বাড়ানোর কথা ভাবছি না।’ চট্টগ্রাম কলেজের বিজ্ঞান বিভাগের ৪৫০ আসনের সব কটি পূরণ হয়ে গেছে। চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘এ বছর কোনো ভর্তিসংকট হওয়ার নয়। কারণ, চট্টগ্রাম বোর্ড থেকে এবারে ৬০ হাজার ৫২১ জন শিক্ষার্থী পাস করেছে। আর সরকারি-বেসরকারি কলেজ মিলে আসন রয়েছে প্রায় ৯০ হাজার। বেশির ভাগ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকারি এবং উপজেলা সদরের নামকরা কলেজগুলোকে প্রাধান্য দিয়ে থাকে বলেই সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু একটু ভেবে দেখলে বোঝা যাবে, একজন শিক্ষার্থী তাঁর মেধা দিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে। বেসরকারি কলেজে পড়েও ভালো ফল করা সম্ভব। এ জন্য দরকার ছাত্র, শিক্ষক ও অভিভাবকের আন্তরিক প্রচেষ্টা।’ চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদারও মনে করেন শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে যেকোনো কলেজে ভর্তি হয়ে তাঁরা ভালো ফল করতে পারবে। এ জন্য নামীদামি কলেজের ওপর নির্ভর করার প্রয়োজন পড়ে না।