আসফিয়ার বোবা কান্না
বোবা মেয়ে আসফিয়া (ছদ্মনাম)। ১৯৯৯ সালের ৪ নভেম্বর আমেরিকা প্রবাসী আবদুর রহিম তাঁকে পছন্দ করে বিয়ে করেন। বিয়ের পর স্বামী আসফিয়াকে আমেরিকা নিয়ে যান। সেখানেই বাকহীন আসফিয়ার কোল আলো করে আসে শাকির। স্বামী আর সন্তান নিয়ে মোটামুটি সুখেই কাটছিল তাঁর দিনগুলো। দেখতে দেখতে শাকিরও বড় হতে থাকে। এ বছর নয়ে পা দিয়েছে সে। কিন্তু আসফিয়ার ভাগ্য ভালো নয়। সংসারের এ সুখ-শান্তির বন্ধন কিংবা বোবা স্ত্রীর ভালোবাসা স্বামীর অপছন্দ হতে শুরু করল। কোনো কারণ ছাড়াই আসফিয়াকে সহ্য করতে পারছিলেন না তিনি। শেষপর্যন্ত গত বছর ১১ জুলাই তিনি বিবাহ বিচ্ছেদের বিজ্ঞপ্তি (নোটিশ) পাঠান। চট্টগ্রাম সিটি করপোরেশনে এ তালাক সম্প্রতি কার্যকর হয়। তালাক কার্যকর করেন চট্টগ্রাম মহানগর হাকিম ও সিটি করপোরেশনের সালিসি পরিষদের বিশেষ মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান। এসংক্রান্ত আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো: দ্বিতীয় পক্ষ আসফিয়া আহমেদ (ছদ্মনাম), তাঁর বাবা, কৌঁসুলি ও নয় বছর বয়সের ছেলে শাকিরসহ (ছদ্মনাম) হাজির হন। প্রথম পক্ষ আসফিয়ার স্বামী আবদুর রহিম (ছদ্মনাম) যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। রহিমের পক্ষে মা, কৌঁসুলি ও আত্মীয়-স্বজনেরা হাজির হন। আসফিয়া বাক প্রতিবন্ধী। তার বিয়ে, সংসার, দাম্পত্যজীবন এবং সর্বশেষ এ বিচ্ছেদ প্রক্রিয়া নিঃসন্দেহে মানবিক দৃষ্টিকোণ থেকে স্পর্শকাতর। রহিমের কৌঁসুলি বলেন, ‘স্যার, আমরা সব দেনা-পাওনা মিটিয়ে দিয়েছি। তালাক কার্যকরের আবেদন করছি।’ আসফিয়ার বাবা হতাশ ভঙ্গিতে বলেন, ‘স্যার, আমি আমার মেয়ের সমস্যা অন্যের ওপর চাপিয়ে দিতে চাইনি। ও জোর করে আমার মেয়েকে বিয়ে করে। এখন বিদেশ থেকে আমার মেয়েকে অন্যায়ভাবে তালাক দিচ্ছে।’ আসফিয়াকে জিজ্ঞেস করা হয়, ‘আপনার কোনো বক্তব্য আছে?’ একমাত্র ছেলে শাকির তাঁকে ইশারায় প্রশ্নটি বুঝিয়ে দিলে আসফিয়া ইশারায় জবাব দেন। শাকির মায়ের কথা বুঝিয়ে বলে, ‘আমাকে ও অনেক কষ্ট দিয়েছে। আমাকে চেয়ার দিয়ে মেরেছে। ছোরা নিয়ে তাড়া করেছে। আমি ওর কাছ থেকে মুক্তি চাই।’ এ সময় শাকিরের চোখ ছলছল করছিল। আসফিয়াকে আবার জিজ্ঞেস করা হয়, ‘আপনার আর কোনো বক্তব্য আছে?’ অশ্রুভেজা নিয়ে অনেকক্ষণ নির্বাক তাকিয়ে থাকেন আসফিয়া। ছেলে শাকির তাঁকে আবারও বুঝিয়ে বললে তিনি দুহাত মোনাজাতের ভঙ্গিতে তুলে ওপরের দিকে ইঙ্গিত করে কী যেন বোঝাতে চাইলেন। শাকির মায়ের কথা খুব কাতর ভঙ্গিতে সালিসি পরিষদের সামনে পেশ করে বলে, ‘ওর বিচার আল্লাহ করবে।’ এ সময় আসফিয়া কাঁদছিলেন। দীর্ঘশ্বাস ফেলে আসফিয়ার বাবা বলেন, ‘স্যার, জোর করে তো সংসার হয় না। ওরা না চাইলে কিই-বা করার আছে।’ এটা বলে তিনি হাত নেড়ে ও মুখভঙ্গি দিয়ে মেয়েকে ইশারায় কী যেন বোঝাতে চান। আসফিয়াও মাথা নেড়ে তাঁর বাবাকে কিছু একটা বলেন। বাবা-মেয়ের বাক্যহীন আলাপ শেষ হলো। আসফিয়ার পক্ষে গত বছরের ২২ ডিসেম্বর দাখিল করা এসংক্রান্ত আবেদনের দিকে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হয়। উত্তরে তিনি ইঙ্গিতে কিছু একটা বলে শাকিরকে তা বুঝিয়ে দিতে বলেন। শাকির বলে, ‘মা বলছেন যে, তিনি সবকিছু বুঝে-শুনে এ আবেদনে সই করেছেন।’ বিদেশ থেকে রহিমের পাঠানো তালাকের বক্তব্যের জবাবে আসফিয়াও সালিসি পরিষদের কাছে তাঁর লিখিত বক্তব্য তুলে ধরেন। এতে বলা হয়, ‘আমি একজন মূক ও বধির অর্থাৎ শ্রবণ প্রতিবন্ধী। চার বোনের মধ্যে আমি দ্বিতীয় হলেও আমার অন্য বোনদের বিয়ে হয়ে যায়। সংগত কারণে আমার বাবা আমাকে বিয়ে দিতে অনাগ্রহী ছিলেন।সম্ভবত ১৯৯৭-৯৮ সালের কোনো একসময়ে হালিশহর ‘বি’ ব্লকের বাসিন্দা আবদুর রহিম কোথাও দেখতে পেয়ে আমাকে বিয়ে করার চেষ্টা চালান এবং দীর্ঘদিন পর আমার এক মামার মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠান। আমার বাবা দুই বছর এ ব্যাপারে কোনো সাড়া দেননি। এতে রহিম আমার বাবার সরকারি বাসার আশপাশের রাস্তায় চলন্ত গাড়িতে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। আমার বাবা আমার বধিরতার বিষয় উল্লেখ করে প্রস্তাবিত বিয়ের কারণ ও এর পেছনে কোনো স্বার্থ আছে কি না জানতে চান এবং তাঁকে চিন্তা করে সঠিক সিদ্ধান্ত জানাতে সময় দেন। অনুরূপভাবে রহিমের বাবা-মাকে ডেকে আমার বাবা একই কথা বলেন। কিছু দিন পর রহিম আমাকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেন এবং তাঁর বাবা-মা একই প্রস্তাব পাঠান।’ আসফিয়ার আবেদনে আরও বলা হয়, ‘২০০৭ সাল থেকে কোনো কারণ ছাড়াই রহিম আমাকে শারীরিকভাবে অমানুষিক নির্যাতন করে আসছিলেন। আমার সম্পর্কে নানা প্রকার কল্পিত অভিযোগও প্রচার করতে থাকেন। ফলে আমাদের মধ্যে একপ্রকার অনাকাঙ্ক্ষিত পারিবারিক অশান্তি নেমে আসে। এর মাঝে এক প্রবাসী বাঙালি মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠার বিষয়টি আমি প্রত্যক্ষ করি। এরপর থেকে রহিম আমাকে আর কোনোভাবে সহ্য করতে পারছিলেন না। ২০০৮ সালে তিনি সন্তান শাকিরসহ একপ্রকার জোর করে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেন। আমাকে আমেরিকায় ফিরে না আসার জন্য চাপ সৃষ্টি করেন। কয়েকমাস বাংলাদেশে অবস্থানের পর আমার শিশুপুত্রের লেখাপড়ার স্বার্থে আমি আমেরিকায় ফিরে যাই। আমেরিকায় পৌঁছানোর পর তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং নানাভাবে আমার ওপর নির্যাতন শুরু করেন। এ ছাড়াও দাম্পত্য সম্পর্ক এড়িয়ে চলতে থাকেন। একপর্যায়ে শাকির ও আমাকে ছুরিকাঘাত করতে উদ্যত হন।’ আসফিয়ার আবেদন পড়া শেষ হলে রহিমের মা বলেন, ‘স্যার, আমাদের নাতিকে নিয়মিত দেখার সুযোগ দিতে হবে।’ এ কথা শুনে শাকির চিৎকার করে কেঁদে ওঠে বলে, ‘তুমি আমার দাদি না। তুমি আমার কেউ না।’ উভয়পক্ষের শুভাকাঙ্ক্ষীরা তাকে থামানোর চেষ্টা করেন। শাকির সালিসি পরিষদকে বলেন, ‘আমার কোনো দাদি নেই। আমার কোনো বাবা নেই। আমার কোনো চাচাও নেই। আমি কারও সঙ্গে দেখা করব না।’এ বেদনাময় পরিস্থিতিতে তাঁকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। তারপরও ছোট্ট শিশুটির মনের অবস্থা বিবেচনা করে তাকে বলা হয়, ‘মানুষের জীবনে অনেক কিছু ঘটে। বাবা-মা ও মুরুব্বিদের মধ্যে অনেক কিছু হয়। কিন্তু তাঁদের প্রতি শ্রদ্ধা হারানো চলবে না।’ তখনো গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছিল। ছেলের কান্না দেখে আসফিয়া অস্থির হয়ে ওঠেন। কী যেন বলতে চান, কী যেন বলার এক প্রবল আকাঙ্ক্ষা তাঁর দৃষ্টিতে। চেহারা থেকে কষ্ট যেন ঝরে পড়ছে। দুর্বোধ্য কিছু আওয়াজ যেন তাঁর বুক চিরে বের হয়ে আসছিল।এ সময় বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করতে থাকে সালিসি পরিষদের কক্ষে। হতাশ ভঙ্গিতে আসফিয়ার বাবা নীরবতা ভেঙে বলেন, ‘স্যার, আমাদের আর কোনো আপত্তি নেই। আপনি তালাক কার্যকর করে দেন।’গত বছরের ১৫ নভেম্বরে চট্টগ্রাম সিটি করপোরেশন তালাক নোটিশ গ্রহণ করে। সার্বিক পর্যালোচনায় দেখা যায়, ইতিমধ্যে বিধিবদ্ধ সময় অতিক্রান্ত হয়েছে। অতএব, সালিসি পরিষদের রীতি অনুসারে মুসলিম অধ্যাদেশ ১৯৬১-এর ৭(৩) ধারায় তালাক কার্যকর করা হলো।