আসবাবপত্রের হাট বলীরহাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহদ্দারহাট থেকে সোজা পূর্ব দিকে খাজা সড়ক ধরে দেড়-দুই কিলোমিটার যেতে হবে। খালাসি পুকুরপাড় পর্যন্ত গেলেই খালাস, আর এগোনোর দরকার নেই। সড়কের দুই পাশের দোকানগুলো হরেক রকম আসবাবে ঠাসা। আরেকটু সামনে গেলে বলীরহাট। এখানে বলীর মেলা নেই, আছে আসবাবপত্রের মেলা। দোকান ছাড়াও আছে তিন-চারটি আসবাবের বিপণিকেন্দ্র, ফার্নিচার মার্কেট। সব মিলিয়ে দোকান আছে পাঁচ শতাধিক। বিয়ে, উপহার কিংবা নবদম্পতির নতুন ঘর সাজাতে বলীরহাটের আসবাবপত্রের জুড়ি নেই। গত রোববার সকালে ফ্রি পোর্ট নিউমুরিং এলাকা থেকে আসবাবপত্র কিনতে আসেন হামিদা বেগম। এত দূর থেকে এখানে কেন এসেছেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখানে কম দামে ভালো মানের কাঠের আসবাব পাওয়া যায়। সেগুন কাঠের নকশা করা বক্সখাট, সোফাসেট, ড্রেসিং টেবিল ও ওয়ারড্রব কিনেছি ৮২ হাজার টাকা দিয়ে। অন্য কোথাও এই দামে এসব পাওয়া যাবে না।’আলভি ফার্নিচারের মালিক মো. ইউনুস বললেন, ঐতিহ্যবাহী আসবাবপত্রের হাট বলীরহাটের শুরুর দিকের কথা। ‘১৯৮৮ সালের দিকে আমরা আসকারদীঘির পাড়, দেওয়ান বাজার, কদমতলীসহ বিভিন্ন জায়গা থেকে অর্ডার নিয়ে এখানে বসে আসবাব তৈরির কাজ করতাম। সেই সময় অনেক কষ্ট হতো। টিনের চালার ছোট একটা দোকান ছিল আমার। বৃষ্টি হলে সমস্যায় পড়তাম। পরে এখানেই ব্যবসা গড়ে তুলি।’ জানা যায়, প্রথম দিকে এখানে রাজ ফার্নিচার মার্কেট গড়ে ওঠে। পরে আলি টাওয়ার, নূর বেগম মার্কেটসহ আরও কয়েকটি বিপণিকেন্দ্র গড়ে ওঠে। সাত বছর আগে ফার্নিচার সমিতি গঠিত হয়েছে। মালিক ও শ্রমিকসহ প্রায় ৬০০ মালিক, কর্মচারী সমিতির সদস্য। বর্তমান সভাপতি হলেন মো. জসিমউদ্দিন।গুড ফার্নিচারে দেখা যায়, দোকানের সামনের অংশে থরে থরে সাজানো রয়েছে আসবাবপত্র। ভেতরের অংশে কারিগরদের নিপুণ হাতে আস্ত কাঠ হয়ে উঠছে আরামদায়ক খাট, সোফা, আলমারি। নান্দনিক নকশায় কাঠে দেওয়া হচ্ছে শিল্পের ছোঁয়া। মালিকেরা জানান, আসবাব তৈরিতে তিন ধরনের কারিগরের দরকার হয়। আস্ত গাছ করাতকলে চেরাইয়ের পর রোদে শুকানো হয়। তারপর এক শ্রেণীর কারিগর কাঠ ফিনিশিং এবং ফিটিংয়ের কাজ করেন। অন্য কারিগররা শুধু নকশা কাটেন। সবশেষে আরেক শ্রেণীর কারিগর রং (ভার্নিস) করেন। একটা শোকেস, আলমারি, সোফাসেট কিংবা খাট তৈরি করতে সময় লাগে ২০-২৫ দিন। নকশা-কারিগরের কাজ সময়সাপেক্ষ এবং কঠিন। কাজের ধরন ও মান অনুযায়ী কারিগররা প্রতিদিন ১৫০-৪০০ টাকা পর্যন্ত মজুরি পান। ব্যবসায়ী আবুল হোসেন সওদাগর জানান, ‘এখানে বেশির ভাগ সেগুন, গামারি ও ফুলকড়ই কাঠের আসবাবপত্র তৈরি হয়। সেগুন কাঠের আসবাবপত্রের চাহিদা বেশি, দামও বেশি। সেগুন কাঠের বার ছাড়া ফুল ফার্নিচারের (পুরো সেট) দাম প্রায় আড়াই লাখ টাকা। আর হাফ ফার্নিচারের দাম প্রায় এক লাখ ১০-২০ হাজার টাকা। সেগুন কাঠের বারসহ ফুল ফার্নিচারের দাম ৭০-৮০ হাজার ও হাফ ফার্নিচারের ৪৫-৫০ হাজার টাকার মতো। গামারি ও ফুলকড়ই কাঠের হাফ ফার্নিচারের দাম ৩০ এবং ফুল ফার্নিচারের দাম প্রায় ৫০ হাজার টাকা।’ জানা যায়, আসবাবপত্র তৈরির কাঠ সাধারণত রাঙামাটি, বান্দরবান ও কাপ্তাই থেকে আনা হয়। মাঝেমধ্যে কালুরঘাট ও ফিরিঙ্গিবাজারের নিলাম থেকেও কেনা হয়। আর আসবাব তৈরির পর কুমিল্লা, নোয়াখালী, সিলেট, ভৈরব, নরসিংদী, চাঁদপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। সারা দেশেই বলিরহাটের আসবাবের কদর রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ী মো. সৈয়দ বলেন, ‘উত্তরাধিকার সূত্রেই আমি এ ব্যবসার সঙ্গে জড়িত। এটা আমাদের রক্তে মিশে গেছে। তাই অন্য কোনো কাজ ভালো লাগে না। অনেক লোকের কর্মসংস্থান হয়েছে এ ব্যবসার মধ্য দিয়ে। স্থানীয় প্রায় সব পরিবারই এ ব্যবসার সঙ্গে জড়িত।’আলভি ফার্নিচারের কারিগর স্থানীয় সাদ্দাম হোসেন জানান, ‘সপ্তাহে এক হাজার ৫০০ টাকা মজুরি পাই। নিজের জন্য ৫০০ টাকা রেখে বাকিটা মায়ের হাতে তুলে দিই। জীবনটা ভালোই কাটছে।’ লাকীি নকশাঘরের নকশার কারিগর মো. নয়ন বলেন, ‘ঢাকা থেকে এখানে এসেছি জীবিকার উদ্দেশ্যে। সে উদ্দেশ্য পূরণ হচ্ছে।’