আসবাবের দোকানে তৈরি চাকরি

শহুরে জীবনে আসবাবের চাহিদা এমনিতেই বেশি। আর তৈরি আসবাবেই স্বাচ্ছন্দ্য নাগরিক জীবন। তারই বহিঃপ্রকাশ রাজধানীর আসবাবের দোকানের ক্রমবর্ধমান সংখ্যা। বড় আকারে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে নানা পদে চাকরির সুযোগ। বর্তমানে সারা দেশে হাতিল ফার্নিচারের বিক্রয়কেন্দ্র রয়েছে ৬০টির বেশি। এর মধ্যে ঢাকাতেই ১৫টি। এসব বিক্রয়কেন্দ্রে প্রতি মাসেই লোক নিয়োগ করা হয় বলে জানান হাতিলের প্রধান মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা মো. মাহারুজ্জামান।
কাজের সুযোগ
এই সেক্টরের বেশির ভাগ চাকরিই ফুলটাইম। তবে খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে। পুরোনোদের পাশাপাশি সমানভাবে কাজের সুযোগ পান নতুনেরাও। এ ছাড়া বিভিন্ন মেলা ও উৎসব উপলক্ষে খণ্ডকালীন কাজের অনেক সুযোগ রয়েছে।
পদ
কাঠ বা বিকল্প কাঠজাত আসবাবের তৈরি পণ্যের দোকানগুলোতে নানা পদে লোকবল নিয়োগ দেওয়া হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়ে থাকে সেলস এক্সিকিউটিভ হিসেবে। এ ছাড়া নিজেদের উৎপাদিত পণ্য ক্রেতাদের কাছে পরিচিত করে তোলার জন্য মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের জন্য প্রচুর লোক নিয়োগ দেওয়া হয়। এর বাইরে বিভিন্ন আউটলেট পরিচালনার জন্য আউটলেট ম্যানেজার, সেলস ম্যানেজার, হিসাবরক্ষক ইত্যাদি পদগুলোতেও লোকবল নিয়োগ দেওয়া হয়ে থাকে।
কার কী কাজ
তৈরি আসবাবের দোকানগুলোর সাজসজ্জা থেকে শুরু করে পণ্য বিক্রয় ও বিপণনের পদ্ধতি—সবই একটু ভিন্নধর্মী। সেলস এক্সিকিউটিভের কাজ হলো ক্রেতা এলে তাঁকে সবকিছু সুন্দরভাবে দেখানো, কোনটির দাম কত, কোনটি কোন ডিজাইনের ইত্যাদি ক্রেতার কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। আউটলেট ম্যানেজার হলো একটি নির্দিষ্ট আউটলেটের সর্বময় কর্তা। কর্মীদের কাজ থেকে শুরু করে যাবতীয় বিষয়ের ওপর নজর রাখা এবং সুষ্ঠুভাবে পুরো আউটলেটটিকে পরিচালনা করাই তাঁর প্রধান কাজ।
যোগ্যতা
নাভানা ফার্নিচারের মানবসম্পদ কর্মকর্তা অনুপম দাশ জানান, সেলস এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য কমপক্ষে স্নাতক পাস হতে হয়। ব্র্যান্ডিংয়ের জন্য কমপক্ষে এইচএসসি পাস হতে হয়। তবে বড় পদগুলোতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রয়োজন হয় কয়েক বছরের বাস্তব অভিজ্ঞতার।
বাড়তি দক্ষতা
ক্রেতাদের কাছে পণ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা, স্মার্ট, গুছিয়ে কথা বলা এবং উপস্থিত বুদ্ধির পাশাপাশি বিভিন্ন প্রকারের কাঠ ও বিকল্প কাঠ এবং তা থেকে উৎপাদিত আসবাব সম্পর্কে বাস্তব ধারণা থাকা—এসব অতিরিক্ত দক্ষতা চাকরির বাজারে একজন চাকরিপ্রার্থীকে এগিয়ে রাখবে কয়েক গুণ।
আবেদনের প্রক্রিয়া
মূল অফিস ও বিভিন্ন আউটলেটে কর্মী নিয়োগ দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপনের পাশাপাশি বিভিন্ন অনলাইন মাধ্যমগুলোতেও বিজ্ঞাপন দেওয়া হয়। সেখানে আবেদনকারীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে কর্মীদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়ে থাকে।
বেতন কাঠামো
তৈির আসবাবের দোকানগুলোতে বেতনকাঠামো সম্পর্কে হাতিল ফার্নিচারের মাহারুজ্জামান জানান, প্রাথমিক অবস্থায় কাজে যোগদানের সময় একজন কর্মীর বেতন ধরা হয় প্রায় সাড়ে ১৪ হাজার টাকা। এরপর যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা যত বাড়ে, পদোন্নতির সুযোগ এবং বেতনও সেই অনুযায়ী বাড়তে থাকে। অন্যান্য বড় প্রতিষ্ঠানের মতোই তৈরি আসবাবের দোকানগুলোতে নিয়মিত কর্মীরা বেতনের পাশাপাশি বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি ইত্যাদি সুবিধা পেয়ে থাকেন বলে জানালেন নাভানা ফার্নিচারের মানবসম্পদ কর্মকর্তা অনুপম দাশ।